সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!

মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে সাহারা মরুভূমির বুকে চোখে পড়বে এক অদ্ভুত দৃশ্য। মনে হবে, মরুভূমির মধ্যে যেন বিশাল একটি চোখ মেলে তাকিয়ে রয়েছে! পর পর সাজানো একাধিক নিখুঁত বৃত্তাকার বলয়। এই আশ্চর্য ভূপ্রাকৃতিক গঠনের নাম ‘আফ্রিকার চোখ’। কিন্তু প্রকৃতির এই বিশাল চোখ আসলে কী? কী ভাবেই বা তৈরি হল এমন অদ্ভুত নকশা?

পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়ার প্রত্যন্ত অঞ্চলে সাহারা মরুভূমির গভীরে রয়েছে এই বিস্ময়কর গঠন। ভূতত্ত্বের ভাষায় এর নাম ‘রিশাত স্ট্রাকচার’। প্রায় ৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত উপবৃত্তাকার এই অঞ্চলে একটির ভিতরে আরেকটি বৃত্তাকার বলয় তৈরি হয়েছে। মহাকাশ থেকে সেই বলয়গুলি এত স্পষ্ট দেখা যায় যে, প্রথম দর্শনে মনে হতে পারে, এটি কোনও মানুষের তৈরি বিশাল স্থাপনা।

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস-সেন্টিনেল ২ উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে এই গঠনের অসাধারণ দৃশ্য। শুধু উপগ্রহ থেকেই নয়, ২০২০ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এর ছবি তোলা হয়েছিল। মহাকাশ থেকে তোলা ছবিতে চোখের মতো দেখতে বলয়গুলির জন্যই এর নাম হয়েছে ‘আফ্রিকার চোখ’।

উল্কাপিণ্ডের আঘাত, না কি আগ্নেয়গিরি?

দীর্ঘ কয়েক দশক ধরে গবেষকেরা এই অদ্ভুত গঠন নিয়ে অনুসন্ধান চালিয়েছেন। প্রথম দিকে এমন গঠনের কারণ নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে এসেছিল। উল্কাপিণ্ডের আঘাত কিংবা বিশাল আগ্নেয়গিরির ধসে পড়ার মতো ঘটনাও এমন ভূপ্রাকৃতিক গঠন তৈরি করতে পারে বলে মনে করা হয়েছিল।

তবে নরওয়ের ভূতত্ত্ববিদ হাকন ফোসেনের ব্যাখ্যা অনুযায়ী, রিশাত স্ট্রাকচারের সৃষ্টি হয়েছিল ভূগর্ভের গভীর থেকে গলিত শিলা বা ম্যাগমা উপরের দিকে উঠে আসার ফলে। প্রবল চাপে ম্যাগমা উপরের শিলাস্তরগুলিকে ঠেলে গম্বুজের মতো উঁচু করে দেয়। ভূতত্ত্বের পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘ম্যাগমা ইনট্রুশন’।

কোটি কোটি বছরে তৈরি হয়েছে বলয়

তবে শুধু ম্যাগমার চাপে গম্বুজ তৈরি হলেই এমন বৃত্তাকার নকশা তৈরি হয় না। এর পিছনে রয়েছে দীর্ঘ ক্ষয়প্রক্রিয়া। গম্বুজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের শিলা ছিল। বাতাস, বৃষ্টি ও আবহাওয়ার প্রভাবে সেই শিলাস্তরগুলি ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। শক্ত শিলাগুলি তুলনায় উঁচু হয়ে থেকে যায়, আর নরম শিলাগুলি দ্রুত ক্ষয়ে যায়। কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলার ফলে তৈরি হয়েছে একের পর এক বৃত্তাকার বলয়।

গবেষকদের মতে, প্রায় ১০ কোটি বছর আগে এই ভূপ্রাকৃতিক গঠনের সৃষ্টি হয়েছিল। ১৯৫০-এর দশকে আকাশপথে তোলা ছবির মাধ্যমে প্রথম রিশাত স্ট্রাকচার নজরে আসে। তার পর থেকেই এটি ভূতত্ত্ববিদদের কাছে গবেষণার অন্যতম আকর্ষণ।

কোথায় রয়েছে এই বিস্ময়?

আফ্রিকার উত্তর-পশ্চিমে মৌরিতানিয়ার সাহারা মরুভূমির প্রত্যন্ত এলাকায় অবস্থিত রিশাত স্ট্রাকচার। চারপাশে বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ঘেরা এই অঞ্চল। লোকালয় থেকে অনেক দূরে হওয়ায় সেখানে পৌঁছনোও সহজ নয়। তবে মহাকাশ থেকে তোলা ছবিতে প্রকৃতির এই বিশাল চোখের যে দৃশ্য দেখা যায়, তা সত্যিই বিস্ময়কর।