বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!

বড় পর্দায় পৌরাণিক ছবির জাঁকজমকপূর্ণ পোশাক ও সাজসজ্জা দর্শকের নজর কাড়ে। কিন্তু সেই সাজের নেপথ্যে যে কত মানুষের পরিশ্রম থাকে, তা অনেকেরই অজানা। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির বর্ম তৈরির গল্পেও রয়েছে এমনই এক অজানা অধ্যায়। রণবীর কাপুর ও রবি দুবের পরনে যে বর্ম দেখা যাবে, তার একটি বড় অংশ তৈরি হয়েছে আসামের বরপেটা জেলার প্রত্যন্ত গ্রাম জানিয়া বাংগলিপাড়ায়।

গ্রামের বাসিন্দা জয়নাল আবদিনের কাছে প্রায় সাড়ে তিন বছর আগে বেতের বর্ম তৈরির বরাত আসে। স্থানীয় সংস্থা ‘গ্রাম উন্নয়ন’-এর মাধ্যমে এই কাজের প্রস্তাব পান তিনি। নকশা ও মাপজোকের ছবি দেখে কাজটি করতে রাজি হন জয়নাল। তার সঙ্গে হাত লাগান গ্রামের আরও ১৫ জন শিল্পী। তবে তখনও তারা জানতেন না, তাদের তৈরি বর্ম পরবেন বলিউডের অভিনেতারা।

প্রথমে সম্পূর্ণ বেত দিয়ে বর্ম তৈরির চেষ্টা করেন শিল্পীরা। কিন্তু বেতের বর্ম বেশ শক্ত হওয়ায় অভিনেতাদের চলাফেরায় সমস্যা হচ্ছিল। বিশেষ করে যুদ্ধের দৃশ্যে দৌড়নো বা লড়াই করার সময়ে এমন বর্ম পরে স্বচ্ছন্দ থাকা কঠিন। পরে পোশাক পরিকল্পক অজয়ের মাধ্যমে তাদের জানানো হয়, বর্ম তৈরির জন্য রাবার পাঠানো হবে। কালো ও সবুজ রঙের রাবার এলেও শুধু তা দিয়ে বর্ম বোনা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত বেত ও রাবার মিলিয়ে নতুন নকশা তৈরি করেন শিল্পীরা। সেই নমুনা পছন্দ হওয়ার পরেই শুরু হয় মূল কাজ।

তবে কাজের বরাত সব সময়ে নিয়মিত আসেনি। কখনও তিন থেকে ছ’মাস কোনও যোগাযোগ থাকত না, আবার হঠাৎ অল্প সময়ের মধ্যে আট-দশটি বর্ম তৈরি করে দেওয়ার নির্দেশ আসত। এভাবে সাড়ে তিন বছরে মোট ৩০ থেকে ৩৫টি বর্ম তৈরি করেছেন তারা।

আসামের বরপেটা থেকে গুয়াহাটি বিমানবন্দরে বর্ম পৌঁছে দেওয়ার দায়িত্বও সামলাতেন জয়নাল। সেখান থেকে সেগুলো মুম্বাইয়ে পাঠানো হতো। গোটা কাজটি গোপন রাখার নির্দেশ ছিল। তাই কাদের জন্য বর্ম তৈরি হচ্ছে, তা জানার সুযোগ হয়নি শিল্পীদের।

ছবি মুক্তির পরেই তারা জানতে পারেন, তাদের তৈরি বর্ম পর্দায় দেখা যাবে রণবীর কাপুর ও রবি দুবের মতো অভিনেতাদের গায়ে। জয়নাল জানিয়েছেন, এখনও ছবিটি দেখা হয়নি তার। তবে বড় পর্দায় নিজের হাতের কাজ দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। তার মতে, এই স্বীকৃতি শুধু তার একার নয়, গ্রামের ১৬ জন শিল্পী এবং গোটা বরপেটা জেলার গর্ব।