যুবরাজ উইলিয়ামের জন্য করনের ১৪ পদের রাজকীয় মেনুতে কী কী ছিল?

ব্রিটেনের যুবরাজ উইলিয়ামের আপ্যায়নে কোনও কমতি রাখেননি বলিউডের প্রযোজক ও পরিচালক করন জোহার। মুম্বাইয়ে ‘দ্য চিলড্রেন আর্থ শট’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন যুবরাজ উইলিয়াম ও যুবরানি ক্যাথরিন। সফরের পরদিন, ১৮ নভেম্বর মুম্বাইয়ে করন জোহারের ‘ধর্মা প্রোডাকশনস’-এর অফিসে যান যুবরাজ। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন করন জোহার, অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আর এই বিশেষ সাক্ষাতের অন্যতম আকর্ষণ ছিল যুবরাজের জন্য আয়োজন করা ১৪ পদের মধ্যাহ্নভোজ।

যুবরাজের জন্য বিশেষ এই মেনু তৈরি করেছিলেন রন্ধনশিল্পী আনন্দ মোরওয়ানী ও রোহন মঙ্গলোরকর। তাঁদের উদ্দেশ্য ছিল, একটি মেনুর মধ্যেই মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলের খাদ্যসংস্কৃতি ও স্বাদের পরিচয় তুলে ধরা। মহারাষ্ট্রীয়, গুজরাতি, পঞ্জাবি, পারসি, সিন্ধি ও জৈন রান্নার নানা পদ জায়গা পেয়েছিল এই আয়োজনে। পরিচিত খাবারগুলোকে কিছুটা নতুন আঙ্গিকে পরিবেশন করা হলেও স্বাদ ও নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করেছিলেন রন্ধনশিল্পীরা।

যুবরাজের জন্য আয়োজন করা ১৪ পদের মধ্যাহ্নভোজ (ছবি: সংগৃহীত)

মেনুর অন্যতম আকর্ষণ ছিল চিকেন নার্গিসি কোফতা। ব্রিটিশদের পরিচিত স্কচ এগ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পদে মেশানো হয়েছিল ভারতীয় মশলার স্বাদ। সঙ্গে ছিল আনারস ও পোস্তদানা দিয়ে তৈরি চাটনি। এ ছাড়া বিট ও ছাগলের দুধের চিজ দিয়ে তৈরি টিক্কার সঙ্গে পরিবেশন করা হয়েছিল মশলা মাখানো কাবলিছোলা।

যুবরাজের জন্য রাখা হয়েছিল পারসি কিমা শাকশুকাও। পারসি রান্নার কিমা এবং সিন্ধি রান্নার টম্যাটো-ডিমের পদ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল খাবারটি। সঙ্গে ছিল রোস্ট করা বেলপেপার ও গ্লুটেনমুক্ত ক্রুটন। এ ছাড়া স্মোকড ভেড়ার মাংসের সঙ্গে দেওয়া হয়েছিল ফরাসি পেস্ট্রি ক্রসঁ। পাশে ছিল খেজুর, তেঁতুল ও আখরোটের চাটনি।

মুম্বাইয়ের সামুদ্রিক খাবারের ঐতিহ্য তুলে ধরতে মেনুতে রাখা হয়েছিল বাটার গার্লিক ক্র্যাব শু। মাখন ও রসুনের স্বাদের এই পদে ব্যবহার করা হয়েছিল কাঁকড়ার মাংস। উপরে দেওয়া হয়েছিল আমচুরের হালকা টক স্বাদ মেশানো কাতাইফি পেস্ট্রি। কোলি মৎস্যজীবী সম্প্রদায়ের রান্নার ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়েছিল পদটি। পাশাপাশি ছিল লবস্টার ও ডিমের আকুরি। পারসি প্রাতরাশের জনপ্রিয় এই পদকে নতুনভাবে পরিবেশন করা হয়েছিল বম্বে রাস্কের উপর। সঙ্গে ছিল টম্যাটোর চাটনি ও লবস্টার।

মেনুর অন্যতম আকর্ষণ ছিল চিকেন নার্গিসি কোফতা (ছবি: সংগৃহীত)

মুম্বাইয়ের খাবারের তালিকায় স্ট্রিট ফুড থাকবে না, তা কি হয়! তাই যুবরাজের জন্য সাজানো মেনুতে জায়গা পেয়েছিল মিনি বড়া পাও, ধোকলা, কচুরি, জিলাপি ও ফাফড়ার মতো জনপ্রিয় খাবার। শেষপাতে মিষ্টির তালিকায় ছিল গুলাব জামুন চিজকেক এবং বেক করা কেশর দুধের টার্ট। অর্থাৎ ভারতীয় খাবারের পরিচিত স্বাদের সঙ্গে ইউরোপীয় রন্ধনশৈলীর সংমিশ্রণ ঘটানো হয়েছিল এই বিশেষ আয়োজনে।

তবে এই সাক্ষাৎ শুধু খাওয়াদাওয়াতেই সীমাবদ্ধ ছিল না। করন জোহার ও কারিনা কাপুর খান যুবরাজকে তাঁদের ছবি ‘কাভী খুশী কাভী গাম’-এর শুটিংয়ের নানা স্মৃতি শোনান। ছবিটির বেশ কিছু অংশ ব্রিটেনে শুট করা হয়েছিল। যুবরাজকে দেখানো হয় ছবির কয়েকটি দৃশ্য ও নেপথ্যের ফুটেজ। পাশাপাশি ছবির জনপ্রিয় গান ‘বোলে চুড়িয়াঁ’ ও ‘সে শাভা শাভা’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সব মিলিয়ে বলিউডের আবহ, মুম্বাইয়ের খাবার এবং ভারতীয় সংস্কৃতির স্বাদে ভরপুর ছিল যুবরাজের এই বিশেষ মধ্যাহ্নভোজ।