আকাশে রামধনু ওঠা পরিচিত দৃশ্য। কিন্তু নদীর জলে রামধনু ভেসে বেড়াতে দেখেছেন কখনও? নদীর বুকজুড়ে যদি ছড়িয়ে থাকে লাল, হলুদ, নীল আর সবুজের নানা ছটা, তা হলে বিস্মিত হতে হয় বৈকি! কলম্বিয়ার কানো ক্রিস্টালস নদীতে দেখা মেলে এমনই এক আশ্চর্য দৃশ্যের। প্রকৃতির রংতুলিতে সাজানো এই নদীকে অনেকে বলেন ‘পাঁচ রঙের নদী’ বা ‘তরল রামধনু’।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সেরানিয়া দে লা ম্যাকারেনা অঞ্চলের ঘন জঙ্গলের মধ্যে বয়ে চলেছে এই নদী। চারপাশে পাহাড়, সবুজ বনভূমি আর পাথুরে জলপ্রবাহ—তারই মাঝে নদীর জলে ফুটে ওঠে নানা রঙের বিচিত্র সমাহার। কখনও মনে হয়, নদীর তলদেশে লাল রঙের কার্পেট বিছানো। কোথাও হলুদ, সবুজ কিংবা নীলের আভা। সব মিলিয়ে যেন প্রকৃতির নিজস্ব আঁকা এক জীবন্ত ক্যানভাস।
কিন্তু কীভাবে নদীর জলে এমন রং আসে? এর নেপথ্যে রয়েছে ‘ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা’ নামের এক বিশেষ জলজ উদ্ভিদ। নদীর পাথুরে তলদেশে জন্মানো এই উদ্ভিদ সূর্যের আলো ও জলের স্তরের তারতম্যের কারণে নানা রঙে ঝলমল করে ওঠে। বিশেষ করে সূর্যের আলো ঠিকভাবে পড়লে এর লালচে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। কোথাও শ্যাওলার কারণে সবুজ আভা দেখা যায়, আবার গভীর জল ও ছায়ার অংশে নীলচে রং চোখে পড়ে। ফলে নদীর একেক অংশে তৈরি হয় একেক রকমের রঙিন দৃশ্য।
এই রঙের খেলা অবশ্য সারা বছর দেখা যায় না। সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে নদী সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠে। বছরের অন্য সময়ে জলের স্তর ও উদ্ভিদের অবস্থার পরিবর্তনে রঙের তীব্রতা কমে যায়। তাই ‘তরল রামধনু’ দেখার পরিকল্পনা করলে সময় বেছে নেওয়া জরুরি।
কানো ক্রিস্টালসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে পর্যটকের সংখ্যাও নিয়ন্ত্রণ করা হয়। পরিবেশের ক্ষতি এড়াতে নির্দিষ্ট নিয়ম মেনে নদী ও আশপাশের এলাকায় প্রবেশ করতে হয়। কিছু নির্দিষ্ট জায়গায় সাঁতারের সুযোগ থাকলেও সব অংশে জলে নামার অনুমতি নেই।
প্রকৃতির এমন রংয়ের খেলা সত্যিই বিরল। আকাশের রামধনু ক্ষণিকের অতিথি, কিন্তু কলম্বিয়ার কানো ক্রিস্টালসে নদীর বুকেই যেন ছড়িয়ে থাকে রঙের উৎসব। পাহাড়ি জঙ্গল আর স্বচ্ছ জলের মাঝে এই নদী তাই প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি।