পোষা কুকুরের আনুগত্য ও ভালোবাসাকে সম্মান জানাতে বিশেষ দিবস

মানুষের জীবনে পোষা প্রাণীর ভালোবাসা ও বিশ্বস্ততার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে কুকুরের নিঃস্বার্থ ভালোবাসা, আনুগত্য এবং নীরব সঙ্গ মানুষের জীবনে এনে দেয় আনন্দ ও মানসিক প্রশান্তি। প্রিয় এই প্রাণীটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ ‘থ্যাংকফুল ফর মাই ডগ ডে’।

দিবসটির সূচনা হয় ২০২০ সালে। মাইওস ক্যানাইন মাসল ফর্মুলা নামের একটি প্রতিষ্ঠান দিবসটি চালু করে। বয়স্ক কুকুরের পেশির স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল মানুষ ও কুকুরের মধ্যকার বিশেষ সম্পর্ককে সম্মান জানানো। কৃতজ্ঞতা প্রকাশের মৌসুম থ্যাংকসগিভিংয়ের কাছাকাছি সময়কে কেন্দ্র করে দিবসটি প্রচলনের উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটির পরিচিতি ছড়িয়ে পড়ে। পোষা প্রাণীর মালিক, প্রাণীপ্রেমী এবং বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্র নিজেদের মতো করে দিনটি উদ্‌যাপন করতে শুরু করেন।

দিবসটি কুকুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানুষ ও পোষা কুকুরের মধ্যকার গভীর ভালোবাসার বন্ধন উদ্‌যাপনের বার্তা দেয়। দীর্ঘ কর্মব্যস্ত দিনের শেষে কুকুরের আনন্দে লেজ নাড়িয়ে স্বাগত জানানো, মন খারাপের সময় নীরবে পাশে বসে থাকা কিংবা প্রতিদিন হাঁটতে যাওয়ার সঙ্গী হওয়া—এমন ছোট ছোট মুহূর্তই তাদের বিশেষ করে তোলে।

কুকুর শুধু মানুষের পোষা প্রাণী নয়, অনেকের কাছে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তারা মানুষের মনের অবস্থা বুঝতে পারে, একাকিত্ব দূর করতে সাহায্য করে এবং প্রতিদিনের জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করে। তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও বিশ্বস্ততা মানুষের জীবনে এক অনন্য অনুভূতি যোগ করে।

দিবসটি উদ্‌যাপনে পোষা কুকুরকে নিয়ে প্রকৃতির মাঝে হাঁটতে যাওয়া, তার পছন্দের স্বাস্থ্যকর খাবার তৈরি করা, একসঙ্গে ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করা কিংবা তার সঙ্গে বাড়তি সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পথকুকুর ও অসহায় প্রাণীদের সহায়তায় স্থানীয় পশু আশ্রয়কেন্দ্রে খাবার, প্রয়োজনীয় সামগ্রী বা আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমেও দিবসটি পালন করা যায়।

দিবসটির মূল বার্তা হলো, ভালোবাসা প্রকাশের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। প্রিয় কুকুরটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তাকে আদর করা কিংবা তার প্রতি যত্নশীল হওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ।