শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল

শীত এলেই ত্বকের আর্দ্রতা কমতে শুরু করে। মুখের চামড়া হয়ে ওঠে রুক্ষ ও খসখসে। অনেকের ক্ষেত্রে দেখা দেয় ত্বক ফেটে যাওয়া, টানটান ভাব কিংবা শুষ্কতার কারণে সূক্ষ্ম রেখা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে পারেন ফেস অয়েল। বাজারে নানা ধরনের ফেস অয়েল পাওয়া গেলেও চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক উপাদানের মিশ্রণে। আমন্ড, ভিটামিন ই, কেশর কিংবা আর্গন অয়েলের মতো উপাদান দিয়ে বানানো যায় ত্বকের যত্নের বিশেষ তেল। শীতে ত্বকের কোমলতা ধরে রাখতে রইল তিন ধরনের ফেস অয়েলের প্রস্তুতপ্রণালি।

আমন্ড ও ভিটামিন ই অয়েল

শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমন্ড অয়েল ব্যবহার করা যেতে পারে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে কোমল রাখতে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন ই ত্বকের যত্নে বহুল ব্যবহৃত একটি উপাদান। এই দুইয়ের মিশ্রণে সহজেই তৈরি করতে পারেন ঘরোয়া ফেস অয়েল।

তৈরি করতে লাগবে দুই টেবিল চামচ আমন্ড অয়েল ও একটি ভিটামিন ই ক্যাপসুল। একটি পরিষ্কার ছোট কাচের বোতলে আমন্ড অয়েল ঢেলে ক্যাপসুলটি কেটে ভেতরের তেল মিশিয়ে নিন। এরপর বোতলের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি ফেস অয়েল। রাতে মুখ পরিষ্কার করার পর ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিয়ে অল্প পরিমাণে ব্যবহার করুন। ত্বক সহ্য করলে কয়েক ফোঁটা নিয়ে আলতো হাতে মুখে লাগাতে পারেন।

কেশর ও তিলের তেলের মিশ্রণ

ত্বকের পরিচর্যায় কেশরের ব্যবহার বেশ পুরোনো। কেশরের সঙ্গে আমন্ড কিংবা হালকা তিলের তেল মিশিয়ে তৈরি করা যায় সুগন্ধি ফেস অয়েল। এটি ত্বককে কোমল রাখতে সহায়ক হতে পারে।

এর জন্য প্রয়োজন দুই টেবিল চামচ আমন্ড অয়েল অথবা হালকা সাদা তিলের তেল এবং পাঁচ থেকে ছয়টি কেশর। একটি পরিষ্কার ও শুকনো কাচের শিশিতে তেল নিয়ে তাতে কেশর ভিজিয়ে রাখুন। শিশিটি আলো ও তাপ থেকে দূরে দুই থেকে তিন দিন রেখে দিন। তেলে হালকা সোনালি আভা এলে মিশ্রণটি ব্যবহারের উপযোগী হবে। রাতে মুখ পরিষ্কার করার পর অল্প পরিমাণে ত্বকে লাগাতে পারেন। তবে ব্যবহারের আগে অবশ্যই অ্যালার্জি বা অস্বস্তি হচ্ছে কি না, তা পরীক্ষা করে নিন।

ক্যাস্টর, আর্গন ও আমন্ড অয়েলের মিশ্রণ

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং সহজেই খসখসে হয়ে যায়, তারা কয়েক ধরনের তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। আর্গন অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আমন্ড অয়েলও ত্বককে কোমল রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে ক্যাস্টর অয়েল বেশ ঘন প্রকৃতির হওয়ায় অল্প পরিমাণে ব্যবহার করাই ভালো।

এই ফেস অয়েল তৈরি করতে লাগবে এক টেবিল চামচ আর্গন অয়েল, এক চা চামচ ক্যাস্টর অয়েল ও এক টেবিল চামচ আমন্ড অয়েল। একটি পরিষ্কার পাত্রে তিনটি তেল ভালোভাবে মিশিয়ে কাচের বোতলে সংরক্ষণ করুন। রাতে মুখ পরিষ্কার করার পর ত্বকের ধরন অনুযায়ী অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে ক্যাস্টর অয়েলের পরিমাণ কমিয়ে নিন।

ফেস অয়েল ব্যবহারে সতর্কতা

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেও সব ধরনের তেল সবার ত্বকে মানানসই নাও হতে পারে। বিশেষ করে তৈলাক্ত, ব্রণপ্রবণ ও সংবেদনশীল ত্বকে তেল ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। মুখে ব্যবহারের আগে হাতের ভেতরের অংশে বা কানের পাশে অল্প তেল লাগিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন। চুলকানি, লালচে ভাব বা জ্বালাপোড়া দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। চোখের আশপাশে তেল লাগানো এড়িয়ে চলুন। তেল ব্যবহারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের দিকেও নজর দিন।