বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, সূক্ষ্ম ভাঁজ ও শিথিল ভাব দেখা দেওয়া স্বাভাবিক। বিশেষ করে কপাল, চোখের কোণ ও ঠোঁটের আশপাশে বয়সের ছাপ বেশি স্পষ্ট হয়। ত্বক টানটান রাখতে অনেকেই বোটক্সের সাহায্য নেন। তবে সুচ ফুটিয়ে চিকিৎসা করাতে যাদের অনীহা, তারা ত্বকের যত্নে কিছু ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দেখতে পারেন। ডিম, তিসি বীজ, কলা কিংবা মধুর মতো পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় এই তিনটি প্যাক। যদিও মনে রাখা জরুরি, ঘরোয়া ফেসপ্যাক বোটক্সের বিকল্প নয়। এগুলি ত্বকের শুষ্কতা কমিয়ে সাময়িকভাবে কোমল ও সতেজ দেখাতে সাহায্য করতে পারে।
১. ডিমের সাদা অংশ ও লেবুর ফেসপ্যাক
একটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে নিন। তাতে এক চা-চামচ পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা মধু বা আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি মুখ ও গলায় লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ শুকিয়ে গেলে ত্বকে টানটান ভাব তৈরি হবে। তবে লেবুর রস সংবেদনশীল ত্বকে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। তাই মুখে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
২. তিসি বীজের জেল
তিন টেবিল চামচ তিসি বীজ এক কাপ পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঘন হয়ে এলে ছেঁকে জেল আলাদা করে ঠান্ডা করুন। পরিষ্কার মুখে এই জেল লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তিসি বীজের জেলে থাকা উপাদান ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৩. কলা, মধু ও টক দইয়ের প্যাক
একটি পাকা কলা ভালো করে চটকে নিন। তার সঙ্গে এক টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলা, মধু ও দই ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। ফলে শুষ্ক ত্বক কোমল ও সতেজ দেখায়।
ঘরোয়া প্যাক ব্যবহারে সতর্কতা
যে কোনও ফেসপ্যাক ব্যবহারের আগে ত্বকের অল্প জায়গায় লাগিয়ে পরীক্ষা করে নিন। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। বিশেষ করে লেবুর রস সরাসরি মুখে লাগানো এড়ানো ভালো। ত্বকের তারুণ্য ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত ঘুম এবং দিনের বেলায় সানস্ক্রিন লাগানো জরুরি। আর বলিরেখা কমাতে বোটক্স করানোর কথা ভাবলে অবশ্যই প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ নিন।