স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস

একঘেয়ে পায়েস খেতে খেতে অরুচি ধরেছে? তা হলে স্বাদবদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ফলের পায়েস। আপেল, আনারস কিংবা পাকা কলা মৌসুমি ফলের সঙ্গে দুধ, নারকেল, গুড় ও নানা রকম ড্রাই ফ্রুটস মিশিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পায়েস। কাশ্মীরি, দক্ষিণী কিংবা কেরালের রান্নার ধরনে তৈরি এই তিন রকম পায়েসে মিষ্টিমুখ হবে জমজমাট। রইলো সহজ তিনটি রেসিপি।

কাশ্মীরি আপেল ও ড্রাই ফ্রুটসের পায়েস (সংগৃহীত)

১. কাশ্মীরি আপেল ও ড্রাই ফ্রুটসের পায়েস

উপকরণ: লাল আপেল ২টি (খোসা ছাড়িয়ে গ্রেট করা), ফুল ক্রিম দুধ ১ লিটার, খোয়া ক্ষীর ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, শুকনো খেজুর, ডুমুর ও কাঠবাদাম কুচি আধ কাপ, এলাচ ও দারচিনির গুঁড়ো আধ চা চামচ এবং চিনি স্বাদমতো।

প্রণালী: প্রথমে কড়াইয়ে সামান্য ঘি গরম করে গ্রেট করা আপেল ও ড্রাই ফ্রুটস হালকা ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এ বার তাতে খোয়া ক্ষীর মিশিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন ও ক্রিমের মতো হয়ে এলে ভেজে রাখা আপেল ও ড্রাই ফ্রুটস মিশিয়ে দিন। পরিমাণমতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। সবশেষে এলাচ ও দারচিনির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগবে।

আনারস ও কাঠবাদামের রাজকীয় পায়েস (সংগৃহীত)

২. আনারস ও কাঠবাদামের রাজকীয় পায়েস

উপকরণ: আনারস ২ কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), দুধ ১ লিটার, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ

কাজু ও কাঠবাদাম বাটা ৩ টেবিল চামচ, চিনি আধ কাপ, জাফরান এক চিমটি এবং সাজানোর জন্য কাজু ও কাঠবাদাম কুচি।

প্রণালী: প্রথমে কড়াইয়ে ঘি গরম করে আনারসের টুকরোগুলি হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্য পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এবার তাতে কাজু ও কাঠবাদাম বাটা এবং চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকুন, যাতে কোনও দলা না থাকে। দুধ ঘন হয়ে এলে চিনি ও অল্প জলে ভেজানো জাফরান মিশিয়ে দিন। এরপর ভেজে রাখা আনারস দিয়ে আরও ৫ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। উপর থেকে কাজু ও কাঠবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

কলা ও নারকেলের পায়েস (সংগৃহীত)

৩. কেরালার কলা ও নারকেলের পায়েস

উপকরণ: পাকা কলা ৪টি (ছোট টুকরো করে কাটা), নারকেলের দুধ ১ কাপ, আখের গুড় ১ কাপ (পানিতে গুলে ছেঁকে নেওয়া), ঘি ৩ টেবিল চামচ, কাজু ও কিশমিশ আধ কাপ, এলাচের গুঁড়ো আধ চা চামচ এবং শুকনো আদার গুঁড়ো আধ চা চামচ।

প্রণালী: প্রথমে কড়াইয়ে ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। ওই ঘিয়েই কলার টুকরোগুলি হালকা সোনালি করে ভেজে নিন। এবার তাতে গুলে রাখা আখের গুড় ঢেলে মাঝারি আঁচে নাড়তে থাকুন। গুড়ের সঙ্গে কলা ভালো করে মিশে গেলে নারকেলের দুধ ঢেলে দিন। আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি পাত্রের তলায় লেগে না যায়। পায়েস ঘন হয়ে এলে এলাচ ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে দিন। সবশেষে ভেজে রাখা কাজু ও কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন।

টিপস: ফলের পায়েসে চিনি বা গুড়ের পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমবেশি করতে পারেন। আনারসের মতো টক ফল ব্যবহার করলে দুধের সঙ্গে মেশানোর আগে ফলটি ভালো করে রান্না করে নিন। এতে পায়েসের স্বাদ ও দুধের গঠন ভালো থাকবে।