শীতের শুরুতেই কাশির দাপট? অবহেলা করছেন না তো

জীবনযাপন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬

মাথা-কান ঢেকে বাইরে বেরোনো, গরম জলে স্নান, ঘরোয়া টোটকাসহ ঠান্ডা এড়াতে চেষ্টার খামতি নেই। তবু কিছুতেই পিছু ছাড়ছে না কাশি? আবহাওয়া পরিবর্তন বা দূষণের প্রভাব ভেবে বিষয়টি এড়িয়ে যাবেন না। দীর্ঘস্থায়ী কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্টের আড়ালে লুকিয়ে থাকতে পারে নিউমোনিয়ার মতো গুরুতর সংক্রমণ। কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

শীতের আমেজ পড়তে শুরু করলেই সর্দি-কাশির সমস্যা বাড়ে। তার উপর বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পেলে শ্বাসযন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই কাশিকে ঋতু পরিবর্তনের স্বাভাবিক উপসর্গ ভেবে এড়িয়ে যান। কেউ ভরসা রাখেন আদা চা কিংবা গরম জলের ভাপে, কেউ আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেতে শুরু করেন। কিন্তু কাশি দীর্ঘস্থায়ী হলে বা তার সঙ্গে জ্বর, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কারণ, সাধারণ কাশির আড়ালেও থাকতে পারে নিউমোনিয়ার মতো সংক্রমণ।

ঢাকাসহ দেশের একাধিক বড় শহরে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। শীত যত এগিয়ে আসে, বাতাসে ধূলিকণার উপস্থিতিও তত বাড়তে পারে। এর প্রভাব পড়ে ফুসফুস ও শ্বাসনালিতে। বিশেষত হাঁপানি বা সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা আরও বেড়ে যায়। তাই সব কাশিকে সাধারণ ঠান্ডা লাগার উপসর্গ বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। সতর্ক করছেন দিল্লির একটি বেসরকারি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অমিত বাওয়েজা।

শীতকালে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে কেন?

শীতের মৌসুমে নিউমোনিয়ার ঝুঁকি বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে। যেমন,

বায়ুদূষণ: বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা ও দূষিত উপাদান শ্বাসনালিতে প্রদাহ তৈরি করতে পারে। এতে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। আগে থেকে শ্বাসযন্ত্রের সমস্যা থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বদ্ধ পরিবেশ: তাপমাত্রা কমলে অনেকেই ঘরের ভিতরে বেশি সময় কাটান। দরজা-জানলা বন্ধ রাখা এবং পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে। বিশেষত ভাইরাসঘটিত শ্বাসযন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।

কাশির সঙ্গে কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

নিউমোনিয়ার প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ সর্দি-কাশির মতোই মনে হতে পারে। দীর্ঘস্থায়ী কাশি, সামান্য জ্বর কিংবা ক্লান্তিকে আবহাওয়া পরিবর্তনের প্রভাব ভেবে অবহেলা করেন অনেকে। কেউ কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। কিন্তু সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে সংক্রমণ আরও জটিল হয়ে উঠতে পারে। এমনকি হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হতে পারে।

নিউমোনিয়ার ক্ষেত্রে কয়েকটি উপসর্গ বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যেমন- জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হওয়া, শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা অনুভব করা, বিশ্রাম নেওয়ার সময়ও দ্রুত শ্বাস-প্রশ্বাস চলা, অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি বা খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে, শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, ঠিকমতো খেতে না পারা কিংবা শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ভিতরের দিকে ঢুকে যাওয়া।

এ ধরনের উপসর্গ দেখা দিলে ঘরোয়া টোটকার উপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা এবং বুকের এক্স-রে করানোর প্রয়োজন হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে?

নিউমোনিয়ার সংক্রমণে যে কেউ আক্রান্ত হতে পারেন। তবে কিছু মানুষের ক্ষেত্রে জটিলতার আশঙ্কা তুলনামূলক বেশি। যেমন— ছোট শিশু ও বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী, ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তি, হাঁপানি বা সিওপিডির রোগী, হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি ও অন্তঃসত্ত্বা মহিলা।

বিশেষত ডায়াবিটিস বা দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস থাকলে কাশি, বুকে কফ জমা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ অবহেলা করা উচিত নয়।

নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে কী করবেন?

শীতের মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে বাঁচতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

১. কাশি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন: এক সপ্তাহের বেশি কাশি থাকলে, বিশেষত তার সঙ্গে জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি করবেন না।

২. টিকা নিন: ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা সংক্রমণের ঝুঁকি এবং রোগের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে। বিশেষত বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়া জরুরি।

৩. নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়: ভাইরাস ও ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা এক নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে ওষুধ প্রতিরোধী জীবাণুর সমস্যা বাড়তে পারে।

৪. দূষণ থেকে বাঁচুন: দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে বেরোনো কমান। প্রয়োজনে ভালো মানের এন-৯৫ মাস্ক ব্যবহার করুন। দূষিত বাতাসে খুব ভোরে বাইরে ব্যায়াম করাও এড়িয়ে চলুন।

৫. ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন: দীর্ঘক্ষণ বদ্ধ ঘরে না থেকে ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করুন। প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।

৬. খাবার ও পানীয়ের দিকে নজর দিন: পর্যাপ্ত পানি পান করুন। পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর স্যুপ এবং অন্যান্য তরল খাবার খাদ্যতালিকায় রাখুন।

শীতের শুরুতে কাশি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কাশির সঙ্গে জ্বর, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে সেটিকে সাধারণ ঠান্ডা ভেবে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসাই নিউমোনিয়ার জটিলতা এড়ানোর অন্যতম উপায়।

/এমএএল/
সম্পর্কিত
শীত পড়লেই কি শিশুর গোসল বন্ধ? কী বলছেন চিকিৎসকরা
কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ
সর্বশেষ খবর
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী