২০২৬ সালে জেন জি ও জেন আলফার জনপ্রিয় ১০ স্ল্যাং শব্দ, অর্থ জানেন?

কিশোর-কিশোরী কিংবা তরুণদের কথাবার্তা শুনে অনেক সময়ই মাথায় হাত পড়ে অভিভাবকদের। কথার মাঝেই হঠাৎ ‘মগিং’, ‘আউরা ফার্মিং’ কিংবা ‘আনক’ এমন সব শব্দ! সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে নতুন নতুন স্ল্যাং শব্দ ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের মধ্যে। কোনও শব্দ দিয়ে বোঝানো হচ্ছে আত্মবিশ্বাস, কোনওটি দিয়ে কাউকে খোঁচা দেওয়া হচ্ছে, আবার কোনও শব্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে মজার ছলে নিজের জীবনযাপনের ধরন।

২০২৬ সালে জেন জি ও জেন আলফার মধ্যে এমনই বেশ কিছু শব্দ জনপ্রিয় হয়েছে। এর মধ্যে ‘মগিং’কে ২০২৬ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করেছে কলিন্স ডিকশনারি। চলুন জেনে নেওয়া যাক এ বছরের আলোচিত ১০টি স্ল্যাং শব্দের অর্থ।

১. অরা, অরা পয়েন্টস ও অরা ফার্মিং: ‘অরা’ বলতে বোঝায় কোনও ব্যক্তির ব্যক্তিত্বের আকর্ষণ, আত্মবিশ্বাস কিংবা উপস্থিতির বিশেষ প্রভাব। কেউ দারুণ কোনও কাজ করলে তার ‘অরা পয়েন্টস’ বাড়ে। আবার বিব্রতকর বা বোকামির মতো কিছু করলে কমে যায়। অন্য দিকে, নিজেকে অতিরিক্ত কুল বা আকর্ষণীয় প্রমাণ করার চেষ্টা করাকে বলা হয় ‘অরা ফার্মিং’।

২. মগিং: ২০২৬ সালের অন্যতম আলোচিত স্ল্যাং ‘মগিং’। কাউকে চেহারা, পোশাক, আত্মবিশ্বাস কিংবা দক্ষতায় ছাপিয়ে যাওয়াকে এই শব্দ দিয়ে বোঝানো হয়। যেমন, কোনও অনুষ্ঠানে একজনের সাজপোশাক বাকিদের তুলনায় বেশি নজর কাড়লে বলা যেতে পারে, তিনি সবাইকে ‘মগ’ করছেন। কলিন্স ডিকশনারির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শব্দটির ব্যবহার ২১০ শতাংশ বেড়েছে। তবে শব্দটির শিকড় রয়েছে অনলাইন পুরুষতান্ত্রিক কিছু গোষ্ঠীর মধ্যে। পরে তরুণদের কথাবার্তায় এর অর্থ আরও বিস্তৃত হয়েছে।

৩. হুইমজি: ‘হুইমজি’ বলতে বোঝায় খামখেয়ালি, কল্পনাপ্রবণ, আনন্দময় ও শিশুসুলভ জীবনযাপন। দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নেওয়া, রঙিন পোশাক পরা, বাগান করা, বুনন বা হাতে তৈরি জিনিস বানানোর মতো কাজের প্রতি আগ্রহ সবই এই প্রবণতার অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু সৃজনশীল ও আনন্দময়ভাবে বাঁচার ইচ্ছাকেই এই শব্দে প্রকাশ করা হচ্ছে।

৪. ম্যাক্সিং: ‘ম্যাক্সিং’ এসেছে ‘ম্যাক্সিমাইজিং’ শব্দ থেকে। কোনও কিছুকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা বোঝাতে এটি ব্যবহার করা হয়। যেমন, নিজের চেহারা আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা ‘লুকস-ম্যাক্সিং’, আবার ঘুমের অভ্যাস উন্নত করার জন্য নানা নিয়ম মেনে চলাকে বলা হয় ‘স্লিপ-ম্যাক্সিং’। খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ানোর চেষ্টা ‘প্রোটিন-ম্যাক্সিং’ নামেও পরিচিত। অর্থাৎ, কোনও একটি বিষয়ে নিজের সেরাটা দেওয়ার প্রবণতাই এই শব্দের মূল কথা।

৫. স্লপ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের, অগোছালো ও উদ্দেশ্যহীন ছবি, ভিডিয়ো কিংবা অন্যান্য কনটেন্টকে বলা হয় ‘স্লপ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কনটেন্টের পরিমাণ বাড়তে থাকায় শব্দটির ব্যবহারও বেড়েছে। বিশেষ করে একই ধরনের এআই-তৈরি ছবি ও ভিডিয়ো বারবার সামনে এলে বিরক্তি প্রকাশ করতে এই শব্দ ব্যবহার করেন অনেকে।

৬. স্লাজ: ‘স্লপ’-এর সঙ্গে ‘স্লাজ’-এর কিছুটা মিল থাকলেও দুটির অর্থ এক নয়। এমন ভিডিয়োকে ‘স্লাজ’ বলা হয়, যেখানে একই পর্দায় একাধিক ধরনের কনটেন্ট একসঙ্গে দেখানো হয়। যেমন, এক দিকে গল্প বলা হচ্ছে, অন্য দিকে চলছে কোনও গেমের দৃশ্য, আবার পর্দার অন্য অংশে দেখা যাচ্ছে কোনও আকর্ষণীয় কাজ। দর্শকের মনোযোগ দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য এমন ভিডিয়ো তৈরি করা হয়।

৭. ক্ল্যাঙ্কার: রোবট, চ্যাটবট কিংবা এআই প্রযুক্তিকে ব্যঙ্গ করে ‘ক্ল্যাঙ্কার’ বলা হয়। শব্দটির সূত্র পাওয়া যায় ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির একটি ভিডিও গেমে। সেখানে রোবট বা ড্রয়েডদের বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছিল। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের সময়ে প্রযুক্তিকে নিয়ে মজা করতেও তরুণেরা এই শব্দ ব্যবহার করছেন।

৮. আনক: ‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ ‘আনক’। তবে পরিবারের কাকা বা মামাকে বোঝাতেই যে শব্দটি ব্যবহার করা হয়, তা নয়। তরুণেরা কাউকে বয়সে বড়, পুরোনো ধ্যানধারণার কিংবা সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা মানুষ বোঝাতেও ‘আনক’ বলেন। কখনও এটি ঠাট্টা করে বলা হয়, আবার কখনও বয়সে বড় কারও প্রতি স্নেহ বা মজার ছলে সম্বোধন হিসেবেও ব্যবহৃত হয়।

৯. চাড: কাউকে বোকা, বিরক্তিকর কিংবা অপছন্দের মানুষ বোঝাতে ‘চাড’ শব্দটি ব্যবহার করা হয়। শব্দটির উৎস ১৯৮৪ সালের হরর ছবি ‘সি.এইচ.ইউ.ডি.’। ছবির নামের পূর্ণরূপ ছিল ‘ক্যানিবালিস্টিক হিউম্যানয়েড আন্ডারগ্রাউন্ড ডুয়েলার্স’। পরে অনলাইন কথাবার্তায় শব্দটি অপমানসূচক স্ল্যাং হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে প্রসঙ্গভেদে এর অর্থ বদলাতে পারে।

১০. কোডেড: কোনও ব্যক্তি বা বস্তুর মধ্যে বিশেষ কোনও চরিত্র, বৈশিষ্ট্য কিংবা আবহের ছাপ থাকলে তাকে ‘কোডেড’ বলা হয়। যেমন, কাউকে ‘গোল্ডেন রিট্রিভার-কোডেড’ বললে বোঝায়, তাঁর আচরণে ওই কুকুরের মতো বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত ও মিশুক স্বভাবের ছাপ রয়েছে। আবার ‘কর্টিসল-কোডেড’ বলতে এমন পরিস্থিতি বোঝানো হয়, যা মানসিক চাপ বা উদ্বেগ বাড়ায়।

নতুন প্রজন্মের এই শব্দগুলি কেবল কথাবার্তাকে মজার করে তোলার উপায় নয়, এগুলির মাধ্যমে তাদের ভাবনা, রুচি, পছন্দ ও সামাজিক যোগাযোগের ধরনও প্রকাশ পায়। তবে সব শব্দের উৎস বা অর্থ এক রকম নয়। কোনও কোনও শব্দের পিছনে রয়েছে নির্দিষ্ট অনলাইন গোষ্ঠী বা উপসংস্কৃতির ইতিহাস। তাই শব্দগুলি ব্যবহার করার আগে তাদের অর্থ ও প্রেক্ষাপট জানা থাকাও জরুরি।