নীল সমুদ্রের বুক চিরে উঠে দাঁড়িয়েছে বিশাল পাথুরে পাহাড়। কোথাও সবুজে ঢাকা পর্বত, কোথাও সোনালি বালুর সৈকত। পাহাড়ের চূড়ায় দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে যিশু খ্রিষ্টের বিশাল মূর্তি। চারপাশের এমন অপূর্ব দৃশ্য দেখে মনে হতে পারে, প্রকৃতি নিজেই সাজিয়েছে এক বিশাল ছবির ক্যানভাস। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের পাশে অবস্থিত গুয়ানাবারা উপসাগর বা রিও ডি জেনিরোর বন্দর এমনই এক প্রাকৃতিক বিস্ময়।
পাহাড়, সমুদ্র, দ্বীপ ও শহরের অপূর্ব সংমিশ্রণের কারণে জায়গাটি বিশ্বজুড়ে পরিচিত। ২০১২ সালে রিও ডি জেনিরোর পাহাড় ও সমুদ্রঘেরা নগরপ্রাকৃতিক দৃশ্য ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এই স্বীকৃতির নাম ‘রিও ডি জেনিরো: ক্যারিওকা ল্যান্ডস্কেপস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য সি’।
নদী ভেবে উপসাগরের নামকরণ!
এই উপসাগরের নামের সঙ্গে জড়িয়ে আছে প্রায় পাঁচশ’ বছরের পুরোনো একটি ঘটনা। ১৫০২ সালের ১ জানুয়ারি পর্তুগিজ অভিযাত্রীরা এখানে এসে জলভাগটিকে নদীর মোহনা ভেবেছিলেন। সেই ধারণা থেকেই নাম দেন ‘রিও ডি জেনিরো’। পর্তুগিজ ভাষায় এর অর্থ ‘জানুয়ারির নদী’। পরে জানা যায়, এটি আসলে নদী নয়, বিশাল এক উপসাগর। তবে তত দিনে নামটি পরিচিত হয়ে গেছে। সেই নামেই পরে পরিচিতি পায় শহরটি।
গুয়ানাবারা উপসাগরের প্রবেশমুখ তুলনামূলক সরু। চারপাশে বিশাল গ্রানাইট পাথরের পাহাড়, আর ভেতরে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ। জলরাশির পাশে পাহাড়ের এমন অবস্থান উপসাগরটিকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য।
পাহাড়ের চূড়ায় যিশুর বিশাল মূর্তি
উপসাগরের অন্যতম আকর্ষণ করকোভাদো পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭১০ মিটার উঁচু এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিখ্যাত ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ মূর্তি। ১৯৩১ সালে উদ্বোধন করা মূর্তিটির উচ্চতা ৩০ মিটার। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা যিশুর এই মূর্তি রিও ডি জেনিরোর পরিচিত প্রতীক। পাহাড়ের ওপর থেকে পুরো শহর, উপসাগর ও সমুদ্রসৈকতের বিস্তৃত দৃশ্য দেখা যায়।
আরেকটি আকর্ষণ সুগারলোফ মাউন্টেন। চিনির ঢেলার মতো আকৃতির এই পাহাড়ের চূড়ায় কেবল কারে চড়ে ওঠা যায়। ওপর থেকে গুয়ানাবারা উপসাগর, শহরের ভবন, সৈকত ও করকোভাদো পর্বত একসঙ্গে দেখা যায়। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর।
দ্বীপ, সৈকত ও রোমাঞ্চকর অভিজ্ঞতা
উপসাগরের আশপাশে রয়েছে বিখ্যাত কোপাকাবানা ও ইপানেমা সৈকত। দীর্ঘ বালুকাবেলা, সমুদ্রের ঢেউ আর প্রাণবন্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। উপসাগরের ভেতরে ছড়িয়ে থাকা দ্বীপগুলোও ঘুরে দেখার মতো। নৌকায় চড়ে জলপথ ধরে ঘুরলে পাহাড়, দ্বীপ ও শহরের সৌন্দর্য অন্যভাবে উপভোগ করা যায়।
আরও রোমাঞ্চের খোঁজে কেউ কেউ হেলিকপ্টারে উপসাগরের ওপর দিয়ে ঘোরেন। আকাশ থেকে পাহাড়, সমুদ্র ও শহরের বিস্তৃতি একসঙ্গে দেখা যায়। সাহসী পর্যটকদের জন্য রয়েছে হ্যাং গ্লাইডিংয়ের সুযোগও।
কখন যাবেন?
রিও ডি জেনিরো ভ্রমণের জন্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেশ ভালো। এ সময় আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও ঘোরাঘুরির জন্য মনোরম পরিবেশ পাওয়া যায়। তবে সমুদ্রসৈকতে সময় কাটানোই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেতে পারেন। এ সময় গরম বেশি থাকে, তবে সৈকতে পর্যটকের ভিড়ও বাড়ে।
সকালে সুগারলোফ মাউন্টেনে গেলে শহর ও উপসাগরের ভালো ছবি তোলা যায়। আর বিকেলে করকোভাদো পর্বতে গেলে আলো অনুকূলে থাকায় চারপাশের দৃশ্য উপভোগ করা সহজ হয়।
প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি এই উপসাগরের সামনে রয়েছে পরিবেশদূষণের চ্যালেঞ্জ। নগরায়ণ, শিল্পবর্জ্য ও নদীপথে আসা দূষণ এর জলজ বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলছে। তাই রিও ডি জেনিরোর এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে উপসাগরটির পরিবেশ সংরক্ষণও জরুরি।