৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা

বাড়ির কোনও কোণ কি ফাঁকা পড়ে রয়েছে? সেখানে আসবাবপত্র না রেখে সাজিয়ে তুলতে পারেন বড়সড় একটি পাতাবাহার গাছ দিয়ে। গাছের সতেজ সবুজ পাতা ঘরের পরিবেশে এনে দেয় স্নিগ্ধতার ছোঁয়া। বিশেষ করে বাড়ির বৈঠকখানা বা বসার ঘর প্রশস্ত হলে একাধিক ছোট গাছের বদলে একটি বড় গাছই হয়ে উঠতে পারে অন্দরসজ্জার আকর্ষণ। জানলার ধারে কিংবা ঘরের ফাঁকা কোণে মানিয়ে যাবে লম্বা ও বড় পাতার বেশ কয়েকটি গাছ।

অন্দরসজ্জায় বেশ জনপ্রিয় রাবার প্লান্ট (ছবি: সংগৃহীত)

রাবার প্ল্যান্ট

বড়, মোটা ও চকচকে পাতার জন্য রাবার প্ল্যান্ট অন্দরসজ্জায় বেশ জনপ্রিয়। ঘরের কোনও ফাঁকা কোণে এই গাছ রাখলে সহজেই নজর কাড়বে। সরাসরি কড়া রোদ না লাগলেও পর্যাপ্ত পরোক্ষ সূর্যালোক আসে, এমন জায়গা এই গাছের জন্য উপযুক্ত। ঘরের স্বাভাবিক আর্দ্রতাতেই সাধারণত ভালো থাকে। তবে দীর্ঘক্ষণ বাতানুকূল যন্ত্র চালালে বাতাসের আর্দ্রতা কমে যেতে পারে, সে দিকে খেয়াল রাখা প্রয়োজন।

গাছে পানি দেওয়ার আগে টবের মাটি পরীক্ষা করে নিন। মাটির উপরিভাগের কয়েক ইঞ্চি শুকিয়ে গেলে পানি দিন। অতিরিক্ত জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে। গাছ বেশি বড় হয়ে গেলে প্রয়োজনমতো ডালপালা ছেঁটে আকার ঠিক রাখতে হবে। তরল জৈব সারও গাছের বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

বার্ড অফ প্যারাডাইস ঘরের সাজে আলাদা মাত্রা যোগ করে (ছবি: সংগৃহীত)

বার্ড অফ প্যারাডাইস

বড় ও কলাপাতার মতো পাতার জন্য বার্ড অফ প্যারাডাইস ঘরের সাজে আলাদা মাত্রা যোগ করে। গাছটি লম্বায় প্রায় ৫ থেকে ৮ ফুট পর্যন্ত হতে পারে। তাই বড় বসার ঘর কিংবা প্রশস্ত কোনও কোণে এই গাছ বেশ মানানসই। পর্যাপ্ত আলো পেলে গাছের বৃদ্ধি ভালো হয়। তবে সরাসরি কড়া রোদ নয়, উজ্জ্বল পরোক্ষ আলোই ঘরের ভিতরে এর জন্য উপযুক্ত।

টবের মাটির উপরিভাগ শুকিয়ে এলে পানি দিতে হবে। মাটি যেন অতিরিক্ত ভিজে না থাকে, সে দিকেও নজর রাখুন। প্রাকৃতিক পরিবেশে এই গাছে কমলা ও নীল রঙের পাখির মতো দেখতে সুন্দর ফুল ফোটে। তবে ঘরের ভিতরে পর্যাপ্ত আলো না পেলে সাধারণত ফুল ফোটে না। মূলত বড় ও নজরকাড়া পাতার সৌন্দর্যের জন্যই এই গাছ ঘরে রাখা হয়।

সবুজের আবহ তৈরি করতে এরিকা পামও বেছে নিতে পারেন (ছবি: সংগৃহীত)

এরিকা পাম

ঘরের কোণে একটু সবুজের আবহ তৈরি করতে এরিকা পামও বেছে নিতে পারেন। সরু ডাঁটায় ছড়িয়ে থাকা লম্বা সবুজ পাতাগুলি ঘরের সাজে স্নিগ্ধতা আনে। বড় টবের মধ্যে এই গাছ রাখলে বৈঠকখানার ফাঁকা অংশও সুন্দরভাবে সাজানো যায়। উজ্জ্বল পরোক্ষ আলোয় এরিকা পাম ভালো বাড়ে। সপ্তাহে এক-দু’দিন অল্প সময়ের জন্য হালকা রোদে রাখা যেতে পারে, তবে কড়া রোদ এড়িয়ে চলাই ভালো।

গাছের মাটি শুকিয়ে এলে পানি দিন। পাতায় জমে থাকা ধুলো নিয়মিত ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন। গাছ বড় হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী টব বদলাতে হবে। নীচের দিকে শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতা ছেঁটে দিলে গাছের সৌন্দর্য বজায় থাকবে। শীতকালে পর্যাপ্ত আলো আসে, এমন জায়গায় গাছটি রাখা ভালো।

ঘরের কোণে বড় পাতাবাহার গাছ রাখার আগে জায়গাটিতে কতটা আলো আসে, তা দেখে নিন। গাছের উচ্চতা ও টবের আকারের সঙ্গে ঘরের মাপের সামঞ্জস্য থাকাও জরুরি। ঠিকমতো যত্ন পেলে একটি বড় গাছই ঘরের সাজে এনে দিতে পারে সতেজ, সবুজ ও নান্দনিক আবহ।