প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন

প্রতিদিনের রান্নায় ব্যবহার করা হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরা কিংবা গরমমশলাতেও মিশতে পারে ভেজাল। দেখতে অবিকল আসল মশলার মতো হলেও এসব গুঁড়ায় মেশানো হচ্ছে নানা ধরনের কৃত্রিম রং, রাসায়নিক ও অন্যান্য উপাদান। ধানের তুষ, ইটের গুঁড়া, বালু থেকে শুরু করে বিভিন্ন ধরনের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল মশলা। বাদ যাচ্ছে না দারুচিনি, এলাচ ও লবঙ্গের মতো গোটা মশলাও।

ভেজাল মশলার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তাই দোকান থেকে মশলা কেনার সময় শুধু রং বা চেহারা দেখে নিশ্চিন্ত হওয়া ঠিক নয়। কয়েকটি ঘরোয়া পরীক্ষার মাধ্যমে মশলায় অস্বাভাবিক কিছু আছে কি না, সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।

হলুদগুঁড়া: হলুদগুঁড়ার উজ্জ্বল রং বাড়াতে কখনও মেটানিল ইয়েলোর মতো কৃত্রিম রং মেশানো হয়। আবার চক পাউডার বা স্টার্চও মেশানো হতে পারে। প্রাথমিকভাবে যাচাই করতে এক গ্লাস পানিতে আধা চা-চামচ হলুদগুঁড়া দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। হলুদের গুঁড়া ধীরে তলায় জমতে পারে এবং পানিতে হালকা হলুদ আভা ছড়াতে পারে। তবে অস্বাভাবিক উজ্জ্বল রং দ্রুত ছড়িয়ে পড়লে সতর্ক হওয়া প্রয়োজন।

মরিচগুঁড়া: মরিচগুঁড়ায় ইটের গুঁড়া, বালু, পাথরের কণা, কাঠের গুঁড়া কিংবা কৃত্রিম লাল রং মেশানো হতে পারে বলে সতর্ক করেছে বিএসটিআই। প্রাথমিকভাবে যাচাই করতে এক গ্লাস পানিতে এক চিমটি মরিচগুঁড়া ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর লক্ষ করুন, পানির তলায় বালু বা অন্য ভারী কণা জমছে কি না কিংবা অস্বাভাবিকভাবে রং ছড়িয়ে পড়ছে কি না।

সরিষা: সরিষার সঙ্গে কখনও শিয়ালকাঁটার বীজ মিশিয়ে দেওয়া হয়। এই ভেজাল ধরতে কাচের প্লেটে সরিষা ছড়িয়ে ভালো করে দেখুন। কালো সরিষার মধ্যে অন্য ধরনের দানা চোখে পড়ছে কি না খেয়াল করুন। সন্দেহজনক দানা ভেঙে ভিতরের অংশ দেখুন। শিয়ালকাঁটার বীজের ভিতরের রং সরিষার মতো হলুদ না হয়ে সাদা হতে পারে।

লবঙ্গ ও এলাচ: লবঙ্গের মান যাচাই করতে পানিভর্তি গ্লাসে কয়েকটি লবঙ্গ ফেলুন। সাধারণত খাঁটি ও ভালো মানের লবঙ্গ পানিতে ডুবে যায়, আর শুকনো বা তেল কমে যাওয়া লবঙ্গ ভেসে থাকতে পারে।

এলাচের ক্ষেত্রে এর স্বাভাবিক সুগন্ধ ও রং খেয়াল করুন। অতিরিক্ত কৃত্রিম গন্ধ বা অস্বাভাবিক রং থাকলে সতর্ক হোন। এলাচের দানা আগুনে পুড়িয়ে যাচাই করুন। সুগন্ধ বের হলে আসল আর প্লাস্টিক বা রাসায়নিকের গন্ধ পেলে ভেজাল।

জিরা: জিরার সঙ্গে বিভিন্ন ধরনের গুঁড়া বা রং মেশানো হতে পারে। প্রাথমিকভাবে যাচাই করতে সামান্য জিরা হাতের তালুতে ঘষে দেখুন। হাতে অস্বাভাবিক কালচে বা অন্য রঙের দাগ লেগে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন।

মশলায় ভেজাল আছে কি না, তা ঘরোয়া পরীক্ষায় সব সময় নির্ভুলভাবে বোঝা সম্ভব নয়। তাই পরিচিত ও বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে মশলা কিনুন। প্যাকেটজাত মশলার ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের প্রযোজ্য মানচিহ্ন দেখে নিন। সন্দেহজনক মশলা ব্যবহার না করে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।