সি ফুড পছন্দ করেন যারা তাদের জন্য চমৎকার একটি রেসিপি থাকছে আজকের আয়োজনে। দুপুর অথবা রাতের মেন্যুতে ঝটপট রান্না করে ফেলুন মজাদার গার্লিক প্রন কারি। স্বাদে নতুনত্ব নিয়ে আসবে এ আইটেমটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
চিংড়ি- ২৫০ গ্রাম
পেঁয়াজ- ১টি
রসুন- ৮ কোয়া
টমেটো- ৪টি
লেবুর রস- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
চিনি- ১/২ চা চামচ
লবণ- স্বাদ মতো
কারি পাতা- ৮টি
তেল- ১ টেবিল চামচ
পানি- ১/২ কাপ
প্রস্তুত প্রণালী
চিংড়ি ভালো করে পরিস্কার করে ধুয়ে নিন। লেবুর রস ও লবণ দিয়ে চিংড়ি মেখে রাখুন ১০ মিনিট। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কয়েক মিনিট ভাজুন। রসুন কুচি দিয়ে আরও ২ মিনিট ভাজুন। এবার টমেটো কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি ও লবণ দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। চিংড়ি দিয়ে ১ মিনিট রান্না করুন। পানি দিয়ে ভালো করে নেড়ে নিন। কারি পাতা দিয়ে পাত্র ঢেকে দিন। ১০ মিনিট মৃদু আঁচে রান্না করুন। কয়েকবার নেড়ে দিন। চিংড়ি সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম গার্লিক প্রন কারি।
/এনএ/