বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে

বর্ষা মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ত্বকের জন্য নানা সমস্যা। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে। এর সঙ্গে ঘাম, ধুলাবালি ও দূষণ যোগ হলে ত্বক হারাতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা। বাড়তে পারে ব্রণ, ফুসকুড়ি, ব্ল্যাকহেডসসহ নানা সমস্যা।

এই সময়ে চুলের সমস্যাও দেখা দেয় অনেকের। চুল পড়া, খুশকি বা চুল নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যাও বাড়তে পারে। তবে সঠিক রূপচর্চার অভ্যাস গড়ে তুললে বর্ষাতেও ত্বক রাখা যায় সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল।

বর্ষায় ত্বকের সমস্যা কেন বাড়ে

আর্দ্র আবহাওয়ায় ত্বক থেকে সিবাম বা প্রাকৃতিক তেল বেশি পরিমাণে বের হয়। অতিরিক্ত তেল, মৃত কোষ ও ধুলাবালি মিলে ত্বকের রোমকূপ বন্ধ করে দিতে পারে। এর ফলে দেখা দিতে পারে ব্রণ ও ব্ল্যাকহেডস।

এ ছাড়া ত্বক ঠিকমতো পরিষ্কার না রাখলে ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। তাই বর্ষার সময়ে ত্বক পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্ষায় ত্বকের যত্নে যা করবেন

একটু সচেতন হলেই আর্দ্র আবহাওয়ায় ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা এড়ানো সম্ভব। যেমন-

নিয়মিত মুখ পরিষ্কার করুন

বর্ষার সময়ে দিনে কয়েকবার মুখ ধুয়ে নেওয়া ভালো। সকাল ও রাতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বা মৃদু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করলে ত্বকে জমে থাকা ঘাম ও ময়লা দূর হবে।

অতিরিক্ত তৈলাক্ত ভাব অনুভব হলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এরপর হালকা জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

শসা-পুদিনার হাইড্রেটিং মাস্কে ফিরুক সতেজতা

বর্ষায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ঘরোয়া হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা যেতে পারে। শসায় থাকা জলীয় উপাদান ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। অন্যদিকে, পুদিনার প্রদাহ কমানোর গুণ ত্বকের অস্বস্তি ও ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে।

মাস্ক তৈরি করতে:

  • অর্ধেক শসা
  • ৫-৬টি তাজা পুদিনা পাতা

অর্ধেকটা শসা এবং ৫-৬টি তাজা পুদিনাপাতা একসঙ্গে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সেটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর সেটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বর্ষায় বেছে নিন জেল-বেসড প্রসাধনী

বর্ষাকালে বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য ভারী ক্রিম বা তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলা ভালো। ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বা অন্যান্য স্কিন কেয়ার পণ্যের ক্ষেত্রে হালকা জেল-ভিত্তিক ফর্মুলা বেছে নিন।

সঠিক পরিষ্কার-পরিচর্যা, হালকা প্রসাধনী এবং নিয়মিত যত্নের মাধ্যমে বর্ষার আর্দ্র আবহাওয়াতেও ত্বক রাখা সম্ভব সতেজ ও প্রাণবন্ত।