মাতৃত্বেও স্টাইলিশ সামান্থা, নজর কাড়লো কেপ ড্রেস

মাতৃত্বকালীন পোশাক মানেই ঢিলেঢালা, একঘেয়ে সাজ এই ধারণা যেন নিজের ফ্যাশন পছন্দ দিয়ে বদলে দিচ্ছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। উজ্জ্বল রং, সাবলীল কাট এবং আরামদায়ক সিলুয়েটকে নিজের মতো করে মিশিয়ে একের পর এক লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। গর্ভাবস্থাতেও যে স্বাচ্ছন্দ্য আর স্টাইল পাশাপাশি চলতে পারে, সামান্থার সাম্প্রতিক সাজ তারই উদাহরণ।

সম্প্রতি তার পরনে দেখা গিয়েছে উজ্জ্বল সরষে-হলুদ ককুন কেপ ড্রেস। কোয়া ক্লোদিংয়ের এই পোশাকের দাম ৪,৯৯৫ টাকা। শরীরের উপরের অংশে পরিমিত ফিট, নিচের দিকে নরম ড্রেপিং এবং তার উপর কেপের স্তর। সব মিলিয়ে পোশাকটি ছিল আরামদায়ক অথচ যথেষ্ট স্টাইলিশ।

ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক এর কেপ। সাধারণ হাতার বদলে উঁচু নেকলাইন থেকে নেমে আসা কেপটি পোশাকের গড়নে তৈরি করেছে আলাদা মাত্রা। নিচের দিকে কাউল-ধাঁচের ভাঁজ পোশাকে এনেছে স্বাভাবিক চলন। সরষে-হলুদ রঙের উজ্জ্বলতাও লুকটিকে দিয়েছে প্রাণবন্ত আবহ।

পোশাকের সঙ্গে সামান্থার জুতোর নির্বাচনেও ছিল রঙের সামঞ্জস্য। পায়ে ছিল ধাতব সোনালি রঙের স্ট্র্যাপি স্টিলেটো। গয়নায় অবশ্য ভারী কিছু রাখেননি অভিনেত্রী। টারকোয়িজ ও এমেরাল্ডের স্টেটমেন্ট ইয়াররিংস-ই হয়ে উঠেছিল সাজের অন্যতম আকর্ষণ।

তবে সামান্থার ফ্যাশন স্টেটমেন্ট শুধু এই একটি পোশাকেই থেমে নেই। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে ছুটির সময়ও তার রিসর্ট-ওয়্যার ছিল বেশ নজরকাড়া। এক ছবিতে সাদা রঙের কো-অর্ড সেটে দেখা গিয়েছিল তাকে। স্লিভলেস টপে গোল গলা এবং গোটা পোশাকজুড়ে সূক্ষ্ম সুতোর কাজ ছিল। ঢিলেঢালা বটমেও একই ধরনের কারুকাজ রাখা হয়েছিল। ফলে সাদা পোশাকটি হয়ে উঠেছিল সাদামাটা অথচ অভিজাত।

আরও একটি লুকে সামান্থাকে দেখা গিয়েছে বাটার-ইয়েলো ক্রপড টপ, অফ-হোয়াইট ব্রালেট এবং ম্যাচিং লিনেন প্যান্টে। হালকা রঙের এই সাজে ছিল ছুটির আমেজ, আবার পোশাকের কাটিংয়ে ধরা পড়েছে আধুনিক ফ্যাশনের ছাপ।

ছুটির ছবিতে আরও দেখা গিয়েছে তাকে রাফল ড্রেসে। গভীর ভি-নেকলাইন এবং সাইড স্লিটের কারণে পোশাকটিতে যোগ হয়েছিল গ্ল্যামারের ছোঁয়া। নরম, শরীরের সঙ্গে স্বাভাবিক ভাবে চলা কাপড়ের ব্যবহার লুকটিকে রেখেছিল স্বচ্ছন্দ।

সামান্থার সাম্প্রতিক ফ্যাশন পছন্দে তাই বারবার ফিরে আসছে কয়েকটি বিষয়- আরাম, চলনসই সিলুয়েট এবং উজ্জ্বল রঙের আত্মবিশ্বাসী ব্যবহার। মাতৃত্বকালীন ফ্যাশনে তিনি দেখাচ্ছেন, পোশাককে শরীরের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, কিন্তু তার জন্য ব্যক্তিগত স্টাইলকে বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। বরং সঠিক কাট, রং ও আনুষঙ্গিকের ব্যবহারে এই সময়ের সাজও হয়ে উঠতে পারে স্বতন্ত্র এবং আধুনিক।