নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি, সঙ্গে টকঝাল তেঁতুলের চাটনি

বিকালের নাশতা বা অতিথি আপ্যায়নে একটু ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করতে চাইলে তৈরি করতে পারেন নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি। বাইরে থাকবে ক্রিস্পি নুডলসের আবরণ, ভেতরে মশলাদার চিংড়ি আর আলুর নরম স্তর। এর সঙ্গে টক-মিষ্টি-ঝাল তেঁতুলের চাটনি যোগ হলে স্বাদ হবে আরও অনন্য।

উপকরণ

    • মাঝারি আকারের চিংড়ি ১০–১২টি
    • আদা বাটা আধা চা-চামচ
    • সয়াসস আধা চা-চামচ
    • লেবুর রস ১ চা-চামচ
    • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
    • শুকনা মরিচ বাটা আধা চা-চামচ
    • সেদ্ধ আলু ৫–৬টি
    • সেদ্ধ নুডলস ২ কাপ
    • ডিম ১টি (ফেটানো)
    • পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ
    • ভাজা শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ
    • লবণ স্বাদমতো
    • ভাজার জন্য তেল

প্রণালি

প্রথমে চিংড়ির মাথার দিকের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে লেজ পর্যন্ত খোসা রেখে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এরপর চিংড়িতে আদা বাটা, লেবুর রস, শুকনা মরিচ বাটা, সয়াসস, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মেখে ১৫–২০ মিনিট মেরিনেট করে রাখুন।

সেদ্ধ আলু ভালোভাবে চটকে তাতে লবণ, বাকি গোলমরিচ গুঁড়া, ভাজা শুকনা মরিচ গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে মসৃণ পুর তৈরি করুন।

সেদ্ধ নুডলসে ১ টেবিল চামচ ফেটানো ডিম মিশিয়ে নিন। অন্যদিকে মেরিনেট করা চিংড়িতে ২ টেবিল চামচ ফেটানো ডিম মাখিয়ে নিন।

এবার প্রতিটি চিংড়ির গায়ে আলুর পুরের একটি পাতলা স্তর লাগিয়ে তার ওপর নুডলস পেঁচিয়ে দিন। এরপর গরম তেলে মাঝারি আঁচে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

গরম গরম নুডলসে মোড়ানো চিংড়ি পরিবেশন করুন তেঁতুলের চাটনির সঙ্গে।

তেঁতুলের চাটনি

উপকরণ

    • তেঁতুলের ক্বাথ আধা কাপ
    • টক দই আধা কাপ
    • লেবুর রস ১ চা-চামচ
    • বোম্বাই মরিচ বাটা আধা চা-চামচ
    • বিট লবণ ১ চা-চামচ
    • লবণ আধা চা-চামচ
    • চিনি ১ টেবিল চামচ

প্রণালি

সব উপকরণ একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মসৃণ হয়ে এলে চাটনি প্রস্তুত। মচমচে নুডলসে মোড়ানো চিংড়ির সঙ্গে এই টক-ঝাল-মিষ্টি চাটনি পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।