ক্যানসারের পর ফিটনেস নিয়ে খোলামেলা আলোচনায় মনীষা কৈরালা

বয়সের সঙ্গে শরীরের পরিবর্তন স্বাভাবিক। কিন্তু সেই পরিবর্তন মেনে নেওয়া অনেক সময় সহজ হয় না। বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও এর ব্যতিক্রম নন। ৫৫ বছর বয়সে এসে ওজন কমাতে না পেরে একসময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে কেঁদেও ফেলেছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি। বরং নিজের অভিজ্ঞতা থেকেই অনুরাগীদের উদ্দেশে দিয়েছেন ইতিবাচক বার্তা।

‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘বম্বে’, ‘খামোশি’সহ একাধিক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসা ও কঠিন লড়াইয়ের পর তিনি ক্যানসারকে জয় করে আবার অভিনয়ে ফিরেছেন। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। ব্যস্ততার মাঝেও এখন স্বাস্থ্য ও ফিটনেসকে জীবনের অন্যতম অগ্রাধিকার দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের নানা মুহূর্ত শেয়ার করেন মনীষা। সম্প্রতি এক পোস্টে তিনি জানিয়েছেন, এটি শুধু জিমে ঘাম ঝরানোর গল্প নয়, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।

অভিনেত্রীর ভাষ্য, একসময় নিয়মিত চেষ্টা করেও ওজন কমছিল না। ওজন মাপার যন্ত্রে বারবার একই সংখ্যা দেখে তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। এমনকি কান্নাও করেছিলেন। পরে চিকিৎসকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিপাকক্রিয়া, হরমোন ও পেশির গঠনে পরিবর্তন আসে। ফলে আগের মতো সহজে ওজন কমানো সম্ভব হয় না।

এই বাস্তবতা মেনে নিয়েই নতুন উদ্যমে নিজের স্বাস্থ্যযাত্রা শুরু করেছেন মনীষা। তিনি বলেন, ‘হয়তো এখনও আমার লক্ষ্য অনেক দূরে। কিন্তু আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ অনুভব করছি এবং আশাবাদী যে একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

অনুরাগীদের উদ্দেশে তার পরামর্শ, শরীরচর্চা করেও যদি দ্রুত ওজন না কমে, তাহলে হতাশ হওয়ার কোনও কারণ নেই। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং ধৈর্যই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারে।

মনীষার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, বয়স বাড়ার সঙ্গে শরীরের পরিবর্তন স্বাভাবিক। তাই ওজনের সংখ্যার চেয়ে সুস্থ থাকা, শরীরের সক্ষমতা বাড়ানো এবং নিজের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।