৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র

বলিউড অভিনেত্রী কাজল ৫২ বছরে পা দিয়েছেন। বয়সের এই নতুন অধ্যায়ে আবারও আলোচনায় এসেছে তাঁর সুস্থ ও ছিমছাম জীবনযাপনের ধরন। তবে কাজলের ফিট থাকার রহস্য কোনও কঠিন ডায়েট বা জটিল ওয়েলনেস রুটিন নয়। বরং তিনি বরাবরই বিশ্বাস করেন, ছোট ছোট নিয়মিত অভ্যাসই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় পরিবর্তন আনে।

খাবারের প্রতি সচেতন থাকা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত শরীরচর্চা এবং সাধারণ ত্বকের যত্ন এসবকেই গুরুত্ব দেন এই অভিনেত্রী। তাঁর মতে, দ্রুত ফল পাওয়ার চেষ্টার চেয়ে ধারাবাহিকভাবে ভালো অভ্যাস ধরে রাখাই সুস্থ থাকার মূল চাবিকাঠি।

ধীরে ধীরে বদলেছে অভ্যাস

স্বাস্থ্যসচেতন জীবনযাপনের অভ্যাস একদিনে তৈরি হয়নি এ কথা নিজেই জানিয়েছেন কাজল। ২০১৬ সালে ‘ডিএনএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজের খাবার ও দৈনন্দিন রুটিনের প্রতি আরও মনোযোগী হয়েছেন তিনি।

কাজল বলেন, “আগের তুলনায় আমি এখন আমার ডায়েট নিয়ে অনেক বেশি সচেতন। এর দায়িত্ব এখন আমি নিজেই বেশি নিই, তাই খাবারের পরিকল্পনাও করি। আমি কী খাচ্ছি, কোথায় খাচ্ছি এবং কতটা খাচ্ছি এসব বিষয়ে আমি খুবই সচেতন। পাশাপাশি আমি শরীরচর্চাও করি।”

ত্বকের যত্নে সহজ নিয়ম

ত্বকের যত্নের ক্ষেত্রে কাজল কখনোই দীর্ঘ বা জটিল কোনও বিউটি রুটিনের পক্ষে নন। তার মতে, সুস্থ ত্বকের জন্য দুটি সাধারণ অভ্যাসই যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটি হলো পর্যাপ্ত পানি পান করা এবং দ্বিতীয়টি হলো ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করা।

তিনি বলেন, “আমি প্রচুর পানি পান করি, আর আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে পানির গুরুত্ব আমরা অনেক সময় কম করে দেখি।”

মুখ পরিষ্কার রাখার অভ্যাস সম্পর্কেও তিনি জানান, “আমি দিনে অন্তত দুবার মুখ ধুই এবং পরিষ্কার মুখ নিয়েই ঘুমাতে যাই।”

কাজলের ঘরোয়া প্রোটিন শেক

ফিটনেস ধরে রাখতে কাজল বাজারের তৈরি প্রোটিন পাউডারের ওপর পুরোপুরি নির্ভর করেন না। বরং নিজের তৈরি প্রোটিন শেক পছন্দ করেন তিনি।

২০২৫ সালে প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ নিজের প্রোটিন শেকের রেসিপি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

কাজল জানান, তার বিশেষ প্রোটিন শেকে থাকে ডিম, বাদামের দুধ এবং কমলার রস।

শুনতে কিছুটা অস্বাভাবিক এই মিশ্রণের কথা শুনে সহ-উপস্থাপক টুইঙ্কল খান্না মজা করে বলেছিলেন, “শুনতে তো বেশ অদ্ভুত লাগছে।”

হেসে কাজলও একমত হয়ে বলেন, “সত্যিই শুনতে অদ্ভুত লাগে। তবে এটি আসলে তৈরি করা বেশ সহজ।”

ট্রেন্ড নয়, অভ্যাসেই বিশ্বাস

খাবারের পরিকল্পনা, শরীরে পানির ভারসাম্য রাখা কিংবা ত্বকের যত্ন সব ক্ষেত্রেই কাজলের দর্শন একটাই, সহজ নিয়ম মেনে চলা।

নতুন নতুন ওয়েলনেস ট্রেন্ডের পেছনে না ছুটে দীর্ঘদিন ধরে কার্যকর অভ্যাস ধরে রাখাকেই বেশি গুরুত্ব দেন তিনি। আর এ কারণেই ৫২ বছর বয়সেও তার জীবনযাপন অনেকের কাছে অনুপ্রেরণার।