নিলামে উঠছে ১৬ শতকের ‘বুক অব মিরাকলস’, দাম উঠতে পারে ১০ লাখ পাউন্ড

১৬ শতকের দুর্লভ পাণ্ডুলিপি 'বুক অব মিরাকলস' নিলামে তুলছে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস। আগামী ১০ ডিসেম্বর লন্ডনে বইটির দাম ৭ লাখ থেকে ১০ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ৫০০ বছর ধরে গবেষকদের অজানা ছিল বইটি। এতে রয়েছে পৃথিবী ধ্বংসের আশঙ্কা, আকাশের বিস্ময়কর ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ১৬৭টি চিত্র। বইটির একমাত্র পরিচিত কপিটি প্রায় ২০ বছর আগে দক্ষিণ জার্মানির একটি ছোট বারোক দুর্গের গ্রন্থাগারে পাওয়া যায়।

নিলামের আগে সরকারি ও জনসাধারণের বিভিন্ন প্রতিষ্ঠান প্রথমবারের মতো বইটি কেনার সুযোগ পাবে। পাশাপাশি সাধারণ দর্শকেরা ছয় দিন ধরে বইটি সরাসরি দেখার সুযোগ পাবেন।

‘বুক অব মিরাকলস’-এর একটি চিত্র: ১৫৩৩ সালে জার্মানির বাভারিয়ার আকাশে উড়ছে ‘অদ্ভুত ড্রাগন’। ছবি: ক্রিস্টিস।


ক্রিস্টিসের মধ্যযুগ ও রেনেসাঁ যুগের পাণ্ডুলিপিবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ ইউজেনিও দোনাদোনি বইটিকে জার্মানির অত্যন্ত বিরল একটি ‘ওয়ান্ডারবুক’ বা বিস্ময়ের বই হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সে সময় এ ধরনের বই ছিল আজকের দিনের চাঞ্চল্যকর গণমাধ্যমের মতো। ধর্মীয় মতবাদ প্রচারের পাশাপাশি এগুলোতে বিভিন্ন প্রাকৃতিক ও মহাজাগতিক ঘটনার বিবরণ তুলে ধরা হতো। অনেক ক্ষেত্রে ঘটনার তারিখ, স্থান ও প্রত্যক্ষদর্শীদের তথ্যও উল্লেখ থাকত।

দোনাদোনি বলেন, বইটির ছবিগুলো জলরং ও গৌয়াশ রঙে আঁকা। কিছু ছবির ধরন আধুনিক পরাবাস্তববাদী শিল্পী সালভাদর দালির কাজের কথাও মনে করিয়ে দেয়। তার ভাষায়, বইটি ১৬ শতকের ‘ডুমস্ক্রলিংয়ের’ মতো। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে আজকের মানুষের একের পর এক নেতিবাচক খবর দেখার অভ্যাসের সঙ্গে এর মিল রয়েছে।

‘বুক অব মিরাকলস’-এর একটি চিত্র: ১৫২৭ সালে পোল্যান্ডে পঙ্গপালের আক্রমণ। ছবি: ক্রিস্টিস।

তার মতে, বইটি মধ্যযুগের কুসংস্কার ও ধর্মীয় বিশ্বাস থেকে বৈজ্ঞানিক অনুসন্ধানের যুগে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। সে সময় ইউরোপে ধর্মীয় বিভক্তি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্বাভাবিক আবহাওয়া নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছিল।

বইটির প্রতিলিপি ২০১৩ সালে প্রকাশিত হয়। জার্মানির আচেন শহরের সুয়েরমন্ড-লুডভিগ জাদুঘরের পরিচালক ও পাণ্ডুলিপিটির গবেষক টিল-হোলগার বোরখার্ট বলেন, বইটি একেবারেই অনন্য। তার ধারণা, নিলামে এর দাম ১০ লাখ পাউন্ডের চেয়েও বেশি উঠতে পারে।