বাংলাদেশি-আমেরিকান তাত্ত্বিক ও সাহিত্যসমালোচক অধ্যাপক ড. আজফার হোসেনের কী-নোট বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিভিন্ন সংস্কৃতির সেতুবন্ধন: উন্নততর চিন্তাচর্চা’ (আইসিবিসি ২০২৬) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় পর্বের আয়োজন।
আজ (২০ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। মূল বক্তব্যে অধ্যাপক হোসেন সংস্কৃতি, সাহিত্য, ভাষা ও জ্ঞান উৎপাদনের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সমকালীন বিশ্বের নানা জটিলতা বুঝতে প্রচলিত জ্ঞানকাঠামোকে প্রশ্ন করা, নতুন চিন্তার পথ খোঁজা এবং বিভিন্ন শাস্ত্র ও সংস্কৃতির মধ্যে সংলাপ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে একাডেমিক জ্ঞানচর্চার সঙ্গে সামাজিক বাস্তবতা ও নৈতিক দায়বদ্ধতার সম্পর্ক তুলে ধরেন।
হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এতে আটজন মূল প্রবন্ধ উপস্থাপক, ১৫ জন পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তা, প্রায় ১০০ জন গবেষক ও প্রবন্ধ উপস্থাপক এবং আনুমানিক ৩০০ জন অংশগ্রহণকারী যুক্ত হচ্ছেন।
সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলো ২২ ও ২৩ নভেম্বর অনলাইনে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ নভেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী সরাসরি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
সিটি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়টির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, আইবিসি ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক সাময়িকী ‘আইডিয়াস: ইন্টারন্যাশনাল জার্নাল অব লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড কালচার’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। অধিবেশনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীর, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহমুদুল বারী এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ।
সম্মেলনের লক্ষ্য ও দর্শন তুলে ধরে আইসিবিসি ২০২৬-এর সভাপতি অধ্যাপক ড. রহমান এম. মাহবুব বলেন, এ ধরনের সম্মেলন বিভিন্ন শাস্ত্র, সংস্কৃতি ও চিন্তাধারার মধ্যে সীমানা অতিক্রম করে অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের পথ খোঁজার একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র।
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন সংস্কৃতি ও জ্ঞানচর্চার ধারার মধ্যে অর্থবহ সংলাপ তৈরি করাই আইসিবিসি ২০২৬-এর মূল লক্ষ্য। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয়ের সমন্বিত জ্ঞানচর্চা ও গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।