যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিকথা 'প্রমিস মি, আমেরিকা' প্রকাশের প্রথম সপ্তাহে প্রায় ২১ হাজার কপি বিক্রি হয়েছে। বইটি ইতোমধ্যে নিউইয়র্ক টাইমস-এর ননফিকশন বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের স্মৃতিকথার তুলনায় বইটির বিক্রি অনেক কম।
গত সপ্তাহে প্রকাশিত বইটির বিক্রির তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান 'সারকানা'। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের মুদ্রিত বইয়ের বাজারের প্রায় ৮৫ শতাংশ বিক্রির তথ্য সংগ্রহ করেছে।
বাইডেনের বইটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক ছিল না। তাদের মতে, বইটিতে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সময়কাল এবং ২০২৪ সালে বয়স ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে তেমন নতুন কোনো তথ্য নেই। নিউইয়র্ক টাইমস-এর একটি পর্যালোচনার শিরোনাম ছিল, ‘২০২৪ নিয়ে ভাবতে গিয়ে জো বাইডেন নিজের কোনো ভুল খুঁজে পাননি।’
বইটির বিক্রি কম হওয়ার পেছনে প্রচারণার সীমাবদ্ধতাও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ৮৪ বছর বয়সি বাইডেন বর্তমানে চতুর্থ পর্যায়ের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। অসুস্থতার কারণে বইটির প্রচারে তিনি খুব বেশি অংশ নিতে পারেননি।
বিক্রির দিক থেকে বাইডেনের স্মৃতিকথার সঙ্গে ওবামা ও ক্লিনটনের বইয়ের বড়ো ব্যবধান রয়েছে। ২০২০ সালে প্রকাশিত ওবামার 'এ প্রমিজড ল্যান্ড' প্রথম ২৪ ঘণ্টায় ৮ লাখের বেশি কপি বিক্রি হয়। প্রথম সপ্তাহ শেষে বইটির বিক্রি ১০ লাখ ছাড়িয়ে যায়। ২০০৪ সালে প্রকাশিত ক্লিনটনের 'মাই লাইফ' প্রথম দুই সপ্তাহেই ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।
বাইডেন পরিবারের বই নিয়েও পাঠকদের আগ্রহ তুলনামূলক কম। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের 'ভিউ ফ্রম দ্য ইস্ট উইং' গত জুনে প্রকাশিত হওয়ার পর প্রায় ৪৬ হাজার কপি বিক্রি হয়েছে। অন্যদিকে মিশেল ওবামা ও হিলারি ক্লিনটনের হোয়াইট হাউসকেন্দ্রিক স্মৃতিকথা প্রকাশের প্রথম মাসেই ১০ লাখ কপি বিক্রি হয়েছিল।
বাইডেনের স্মৃতিকথার প্রকাশক লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে বইটি নিউইয়র্ক টাইমস-এর ননফিকশন বেস্টসেলার তালিকার শীর্ষে ওঠায় সন্তোষ প্রকাশ করেছে।