ট্রাম্পকে নিয়ে লেখা বই এক সপ্তাহেই বিক্রি ৩ লাখ কপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা নতুন বই ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইমপেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ প্রকাশের প্রথম সপ্তাহেই ৩ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। বইটির প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টার এ তথ্য জানিয়েছে।

বইটি লিখেছেন রাজনৈতিক সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ান। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির প্রথম ১৪ মাস নিয়ে লেখা হয়েছে বইটি।

প্রকাশক জানিয়েছে, বিক্রির এই হিসাবের মধ্যে প্রি-অর্ডার, ছাপা বই, ই-বুক এবং অডিওবুক অন্তর্ভুক্ত রয়েছে। চাহিদা এত বেশি হওয়ায় বইটির তৃতীয়বার মুদ্রণ শুরু হয়েছে। আরও ২ লাখ কপি ছাপার জন্য অর্ডার দেওয়া হয়েছে।

প্রথম সপ্তাহে বিক্রির দিক থেকে ২০২৬ সালের যেকোনো হার্ডকভার নন-ফিকশন বইয়ের মধ্যে এটি সবচেয়ে বড় সাফল্য পেয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

বইটিতে হোয়াইট হাউসের ভেতরের বিভিন্ন ঘটনা, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, বিচার বিভাগের ব্যবহার, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তার অবস্থান ও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ব্যবহারের নানা দিক তুলে ধরা হয়েছে।


লেখকেরা ট্রাম্পের সামরিক সিদ্ধান্ত, বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে তার কথোপকথন ও হোয়াইট হাউসের কাঠামো ও পরিবেশ পরিবর্তনের বিষয়েও বিস্তারিত লিখেছেন।

তবে ট্রাম্প বইটির সমালোচনা করেছেন। তিনি এটিকে “বেশিরভাগই বানানো গল্প” বলে দাবি করেছেন।

ম্যাগি হ্যাবারম্যান আগে নিউইয়র্কের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পকে নিয়ে দীর্ঘদিন প্রতিবেদন করেছেন। বর্তমানে তিনি ও জোনাথন সোয়ান দুজনই নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক।