গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত পেন আমেরিকা, পদত্যাগ করলেন সভাপতি

যুক্তরাষ্ট্রভিত্তিক সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক সংগঠন পেন আমেরিকা–এর সভাপতি দিনাও মেঙ্গেস্তু পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পর, বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি পদত্যাগ করেন। সংগঠনটি ১০ জুলাই (শুক্রবার) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।

ইথিওপীয়–আমেরিকান ঔপন্যাসিক দিনাও মেঙ্গেস্তু প্রায় এক দশক ধরে পেন আমেরিকা–এর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।

পদত্যাগের পর সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে মেঙ্গেস্তু বলেন, এই সিদ্ধান্ত তিনি হঠাৎ নেননি। দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর অনেক ভেবেচিন্তেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি।

গাজা যুদ্ধ নিয়ে বিতর্ক

গত কয়েক বছরে গাজা যুদ্ধ নিয়ে অবস্থানের কারণে পেন আমেরিকা তীব্র সমালোচনার মুখে পড়ে। অনেক লেখক ও মানবাধিকারকর্মীর অভিযোগ ছিল, সংগঠনটি ফিলিস্তিনি লেখকদের যথেষ্ট সমর্থন দেয়নি এবং তাদের অবস্থানে ফিলিস্তিনবিরোধী পক্ষপাত ছিল।

এর প্রতিবাদে বহু লেখক পেন আমেরিকা বয়কট করেন। পরিস্থিতির জেরে ২০২৪ সালে সংগঠনটি তাদের বার্ষিক বই পুরস্কার এবং আন্তর্জাতিক সাহিত্য উৎসব বাতিল করতে বাধ্য হয়।

মেঙ্গেস্তুর পদত্যাগের দিনই পেন আমেরিকা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কয়েকজন ইসরায়েলি ও ইহুদি লেখক জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী ইসরায়েলি সামরিক অভিযানের পর তারা হয়রানি ও প্রকাশনার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

প্রতিবেদনে পেন আমেরিকা জানায়, তারা সাহিত্য, শিল্প, জ্ঞান ও সংস্কৃতির আন্তর্জাতিক আদান-প্রদান বন্ধ করার লক্ষ্যে যেকোনো সাংস্কৃতিক বা একাডেমিক বয়কটের বিরোধিতা করে। তবে একই সঙ্গে সংগঠনটি বলেছে, কেউ যদি বয়কটের পক্ষে মত দেন বা বয়কটে অংশ নেন, সেটিও মতপ্রকাশের স্বাধীনতার অংশ এবং এ কারণে কারও বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।

গত বছর মেঙ্গেস্তু বলেছিলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রবিরোধী প্রবণতা বাড়ছে। এমন সময়ে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় লেখকসমাজ ও পেন ইন্টারন্যাশনাল–এর বিভিন্ন শাখার সঙ্গে একযোগে কাজ করা জরুরি। তাঁর মতে, শুধু সংগঠনের অভ্যন্তরীণ সংকট নিয়েই ব্যস্ত থাকলে চলবে না।