প্রতি বছরই নতুন নতুন বই বেস্টসেলার হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একেবারেই আলাদা। এই তালিকার একটি উল্লেখযোগ্য দিক হলো, সবচেয়ে বেশি প্রচারিত ও বিক্রি হওয়া বইগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ধর্মীয় গ্রন্থ। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি বই—
বাইবেল
ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি ও সবচেয়ে বেশি ভাষায় অনূদিত গ্রন্থ হলো 'বাইবেল'। ধারণা করা হয়, এ পর্যন্ত এর প্রায় ৫০০ কোটি কপি বিতরণ বা বিক্রি হয়েছে। আধুনিক ছাপাখানা বা ইন্টারনেটের অনেক আগে থেকেই বাইবেল পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
দ্য লিটল রেড বুক
চীনের নেতা মাও সেতুংয়ের উদ্ধৃতি নিয়ে তৈরি 'দ্য লিটল রেড বুক'-এর প্রায় ১১০ কোটি কপি বিক্রি হয়েছে। সাংস্কৃতিক বিপ্লবের সময় বইটি ব্যাপকভাবে বিতরণ করা হয়। অনেক ক্ষেত্রে এই বই পড়া ও সঙ্গে রাখা ছিল সামাজিক ও রাজনৈতিকভাবে বাধ্যতামূলক।
আল-কোরআন
ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ 'আল-কোরআন'-এর প্রায় ৮০ কোটি কপি বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে। মুসলমানদের বিশ্বাস, কোরআন আল্লাহর বাণী। তাই কোরআন শুধু পড়া নয়, তেলাওয়াত, মুখস্থ ও অধ্যয়নও করা হয়। প্রায় ১,৪০০ বছর ধরে কোরআন ধর্ম, দর্শন, আইন ও সংস্কৃতিতে গভীর প্রভাব রেখে আসছে।
ভগবদ্গীতা
'ভগবদ্গীতা' ভারতীয় মহাকাব্য 'মহাভারত'-এর একটি অংশ। এতে জীবন, কর্তব্য, নৈতিকতা ও আত্মিক সাধনা নিয়ে আলোচনা করা হয়েছে। এ পর্যন্ত এর প্রায় ৫০ কোটি ৩০ লাখ কপি বিক্রি হয়েছে। মহাত্মা গান্ধীসহ বিশ্বের বহু চিন্তাবিদ এই বই থেকে অনুপ্রেরণা পেয়েছেন।
দন কিহোতে
স্প্যানিশ লেখক মিগেল দে সের্ভান্তেসের 'দন কিহোতে'-কে বিশ্বের প্রথম আধুনিক উপন্যাস বলা হয়। ১৬০৫ সালে প্রকাশিত এই বইয়ের প্রায় ৫০ কোটি কপি বিক্রি হয়েছে। কল্পনাপ্রবণ এক নাইটের হাস্যরসাত্মক ও হৃদয়স্পর্শী কাহিনি আজও পাঠকদের মুগ্ধ করে।
আ টেল অব টু সিটিজ
চার্লস ডিকেন্সের 'আ টেল অব টু সিটিজ' ফরাসি বিপ্লবের পটভূমিতে লেখা। ত্যাগ, ন্যায়বিচার ও মানবতার গল্প নিয়ে রচিত এই উপন্যাসের প্রায় ২০ কোটি কপি বিক্রি হয়েছে। এটি ডিকেন্সের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস।
দ্য লিটল প্রিন্স
ফরাসি লেখক আঁতোয়ান দ্য সাঁত-একজুপেরির 'দ্য লিটল প্রিন্স' একটি ছোট বই হলেও এর প্রভাব বিশাল। প্রায় ২০ কোটি কপি বিক্রি হওয়া এই বইটি শিশুদের গল্প হলেও বড়দের জন্যও সমান অর্থবহ। ভালোবাসা, একাকিত্ব ও জীবনের মূল্য নিয়ে এর গভীর বার্তা পাঠকদের বারবার টানে।
বুক অব মরমন
১৮৩০ সালে প্রকাশিত 'বুক অব মরমন' চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসের প্রধান ধর্মগ্রন্থ। এর প্রায় ১৯ কোটি কপি বিশ্বজুড়ে বিতরণ হয়েছে। মিশনারিদের প্রচারের কারণে বইটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দ্য লর্ড অব দ্য রিংস
জে. আর. আর. টলকিনের 'দ্য লর্ড অব দ্য রিংস' আধুনিক ফ্যান্টাসি সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। প্রায় ১৫ কোটি ৫০ লাখ কপি বিক্রি হওয়া এই বই বিশাল কল্পজগৎ তৈরি করেছে। পরে নির্মিত চলচ্চিত্রও এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
দ্য আলকেমিস্ট
ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহোর 'দ্য আলকেমিস্ট'-এর প্রায় ১৫ কোটি কপি বিক্রি হয়েছে। নিজের স্বপ্ন অনুসরণের গল্প নিয়ে লেখা এই ছোট উপন্যাসটি বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে। সহজ ভাষা ও অনুপ্রেরণামূলক ভাবনার কারণে এটি আজও পাঠকদের প্রিয়।
তথ্যসূত্র: থাউজ্যান্ড লাইব্রেরিজ ডট কম