মৃগয়ার আড়ালে যে যুদ্ধ জেগে থাকে

‘স্পষ্ট করে যুদ্ধ জানি না যদিও, বিদ্রোহ জানাবো’—নিজের কবিতার পরিচয় দিতে গিয়ে এমন কথাই লিখেছিলেন নাসিমা সুলতানা। যুদ্ধের কৌশল তার জানা নেই, শত্রু কে বা কোথায়, সেটিও হয়তো সব সময় স্পষ্ট নয়। তবু প্রতিবাদ জানাতে হবে। এই স্বীকারোক্তির মধ্যে একসঙ্গে আছে দ্বিধা ও জেদ। আর আছে এমন এক কবির পরিচয়, যিনি নিজের সীমাবদ্ধতা আড়াল না করেই সময়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছেন।

১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘মৃগয়ায় যুদ্ধের ঘোড়া’। নামটির মধ্যেই যেন একটি অস্থিরতা আছে। মৃগয়া আর যুদ্ধ এক বিষয় নয়। একটিতে শিকার, অন্যটিতে সংঘাত। কিন্তু নাসিমার কবিতায় দুটির সীমারেখা বারবার ঘুলিয়ে যায়। ব্যক্তিগত আকাঙ্ক্ষার পাশে এসে দাঁড়ায় রাজনৈতিক ক্ষোভ, প্রেমের অভিজ্ঞতার সঙ্গে মিশে থাকে পরাজয়ের বোধ। তার কবিতার মানুষ কখনো ভালোবাসতে চায়, কখনো প্রতিবাদ করতে চায়, কখনো আবার মানুষের জীবন থেকেই কিছুক্ষণের জন্য পালিয়ে যেতে চায়।

১৯৫৭ সালের ১৫ জানুয়ারি কুষ্টিয়ায় জন্ম নাসিমা সুলতানার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন ১৯৮২ সালে। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু। ১৯৭৬ সালে সমকাল পত্রিকায় প্রকাশিত লেখার মধ্য দিয়ে তার প্রথম মনস্ক আত্মপ্রকাশ। বাংলাদেশের স্বাধীনতার পাঁচ বছর পরের সেই সময়টিতে নতুন রাষ্ট্রের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছে। নাসিমার কবিতায় পরবর্তী সময়ে যে ক্ষোভ, সংশয় ও প্রতিবাদের ভাষা দেখা যায়, তার পেছনে এই সময়ের অভিজ্ঞতাও কাজ করে থাকতে পারে।

'মৃগয়ায় যুদ্ধের ঘোড়া' প্রকাশের পেছনে ছিল কয়েকজন মানুষের উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাইফুল্লাহ মাহমুদ দুলালের সঙ্গে নাসিমার চিঠিপত্রের যোগাযোগ ছিল। একসময় তিনি দুলালকে পাঠান বইটির পাণ্ডুলিপি। দুলালের উদ্যোগে সেটি পৌঁছায় মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার কাছে। পরে কবি মুহাম্মদ নূরুল হুদা পাণ্ডুলিপিটি সম্পাদনা করেন এবং প্রকাশের আগে চূড়ান্ত প্রুফও দেখেন। বইটি প্রকাশিত হয় ১৯৮৫ সালের এপ্রিলে। প্রচ্ছদ করেছিলেন শিল্পী হাশেম খান।

‘পটভূমি নেই' কবিতায় নারীশরীর ও সামাজিক সংকোচের যে টানাপড়েন, তা ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডি ছাড়িয়ে যায়। সমাজ নারীর শরীরকে যেভাবে দেখতে চায়, নারীর নিজের অনুভব তার সঙ্গে সব সময় মেলে না। নাসিমা সেই অমিলটিকে কবিতার বিষয় করেছেন। ‘চাই' কবিতায়ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয় সরাসরি। ভালোবাসা, স্পর্শ, প্রাপ্তি কিংবা জীবনের প্রতি টান—কোনোটিই সেখানে লুকিয়ে রাখার বিষয় নয়। তার কবিতার নারী তাই শুধু কারও চোখে সুন্দর হয়ে ওঠেন না। নিজের চাওয়ার ভাষাও নিজেই তৈরি করেন।

‘একটি কুকুরের রেগে ওঠা দেখে মনে পড়লো স্বাধীনতার তেরো বছরের ক্রোধ’—শিরোনামটিতে যে অস্বস্তি আছে, সেটিই কবিতাটির প্রবেশপথ। স্বাধীনতার তেরো বছর পরেও ক্রোধের হিসাব শেষ হয়নি। একটি কুকুরের রেগে ওঠার মতো সাধারণ দৃশ্য থেকে কবির মনে ফিরে আসে রাষ্ট্র ও সমাজের জমে থাকা ক্ষোভ। এখানে রাজনৈতিক হতাশা কোনো বক্তৃতার ভাষায় প্রকাশিত হয় না। দৈনন্দিন জীবনের একটি দৃশ্য তাকে জাগিয়ে তোলে। স্বাধীনতার স্মৃতি তখন কেবল গৌরবের নয়, অপূর্ণতারও।

আবার ‘প্রান্তরে ঘুমুচ্ছে মানুষ' কবিতায় নাসিমা রাজনৈতিক তত্ত্বের সঙ্গে বাস্তব জীবনের দূরত্ব নিয়ে প্রশ্ন তোলেন। শ্রেণিসংগ্রামের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যার ওপর, সে মানুষগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে, তত্ত্ব দিয়ে তাদের সব অভিজ্ঞতা ধরা যায় না। প্রান্তরে ঘুমিয়ে থাকা মানুষগুলো কোনো ধারণার উদাহরণমাত্র নয়। তাদের ক্লান্তি আছে, ক্ষুধা আছে, ঘুমের প্রয়োজন আছে। রাজনৈতিক ভাষা যখন মানুষের এই সাধারণ অভিজ্ঞতাকে ছাপিয়ে যেতে চায়, তখন কবি তার সীমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।

এই কারণেই নাসিমার কবিতাকে স্লোগানের সরলতায় নামিয়ে আনা যায় না। তার রাজনৈতিক সচেতনতা আছে, কিন্তু মানুষের জীবনকে কোনো একক ব্যাখ্যার মধ্যে আটকে রাখার প্রবণতা নেই। তিনি জানেন, মানুষের মুক্তির কথা বলতে গেলে মানুষের ব্যক্তিগত বেদনা, ক্ষুধা কিংবা নিঃসঙ্গতার কথাও বলতে হয়।

তার কবিতায় অবশ্য সব সময় প্রতিবাদের উত্তাপ থাকে না। ‘একদিনের স্বেচ্ছাভ্রম' কিংবা ‘দ্বিপ্রহরে'-র মতো কবিতায় দেখা যায় অন্য এক নাসিমাকে। সেখানে একাকিত্ব, স্মৃতি ও ব্যক্তিগত অনুভূতির জায়গা রয়েছে। কখনো কোথাও চলে যেতে ইচ্ছে করে, কখনো পরিচিত পৃথিবী থেকে সামান্য দূরত্ব তৈরি করতে মন চায়। এই কবিতাগুলোতে বড়ো কোনো রাজনৈতিক ঘোষণা নেই। আছে মানুষের নিজের সঙ্গে একা হয়ে যাওয়ার মুহূর্ত।
'যীশু শুয়ে আছেন সমুদ্রতীরে' কিংবা ‘দুঃখ তোমাকে' শিরোনামেও ধরা পড়ে তার কল্পনার আরেকটি প্রবণতা। পরিচিত বাস্তবতার সঙ্গে অপ্রত্যাশিত দৃশ্য ও প্রতীক জুড়ে দেওয়ার ক্ষমতা তার ছিল। ফলে কবিতার অনুভূতি সব সময় সরাসরি ব্যাখ্যা করা যায় না। কোথাও বিষণ্নতা, কোথাও অস্বস্তি, কোথাও অদ্ভুত এক স্থিরতা পাঠকের সামনে থেকে যায়।

'আরেক জন্ম চাই' কবিতায় এই ব্যক্তিগত ক্লান্তি এক অন্য রূপ নেয়। বক্তা আরেকটি জীবন চান—ঘাস, গাছ, পাখি কিংবা অন্য কোনো প্রাণের জীবন। মানুষের জীবন থেকে সরে যাওয়ার আকাঙ্ক্ষা আছে সেখানে। কিন্তু গাছ হয়ে মানুষের দুঃখ নিজের বুকে ধারণ করার কল্পনাও আছে। অর্থাৎ মানুষ হয়ে থাকতে চান না, অথচ মানুষের কষ্ট থেকে পুরোপুরি মুখ ফিরিয়েও নিতে পারেন না। এই স্ববিরোধিতার মধ্যেই কবিতাটির কোমলতা। যে মানুষটি সমাজের প্রতি ক্রুদ্ধ, সে-ই আবার অন্যের বেদনা নিজের মধ্যে জমিয়ে রাখতে চায়।

কবিতার পাশাপাশি ছোটোগল্প ও প্রবন্ধও লিখেছিলেন নাসিমা। তবে তার সাহিত্যিক পরিচয়ের প্রধান জায়গা কবিতা। ‘মৃগয়ায় যুদ্ধের ঘোড়া'-র বাইরে ‘কাঁটার মুকুট' নামটিও তার কাব্যগ্রন্থের সূত্রে পাওয়া যায়। জীবদ্দশায় তার বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না। ১৯৯৭ সালে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তার মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর।

তার মৃত্যুর পর বাংলা কবিতার পাঠপরিসরে নাসিমা সুলতানার উপস্থিতি ক্রমে সীমিত হয়ে এসেছে। পুরোনো বই সহজে মেলে না, নতুন পাঠকের কাছেও তার কবিতা খুব বেশি পৌঁছায়নি। তাকে নিয়ে স্মৃতিচারণ ও পুনর্পাঠের উদ্যোগ অবশ্য হয়েছে। বিশেষ করে কবি ফেরদৌস নাহারের লেখায় তার কবিতার প্রতি নতুন করে মনোযোগ তৈরি হয়েছে। তবু নাসিমার কবিতাকে আরও বিস্তৃতভাবে পড়া ও মূল্যায়ন করা প্রয়োজন। তার অনুপস্থিতি শুধু একজন কবির বিস্মৃতির ঘটনা নয়। বাংলা কবিতার ইতিহাসে এক স্বতন্ত্র কণ্ঠের সঙ্গে পাঠকের দূরত্বও।

নাসিমা সুলতানা লিখেছিলেন, ‘স্পষ্ট করে যুদ্ধ জানি না যদিও, বিদ্রোহ জানাবো'। তার কবিতায় সেই বিদ্রোহ কখনো নারীর নিজের শরীর ও আকাঙ্ক্ষার ভাষা হয়ে উঠেছে, কখনো স্বাধীনতার অপূর্ণ প্রতিশ্রুতির বিরুদ্ধে ক্ষোভ, কখনো অকেজো ত্রিশূল হাতে দাঁড়িয়ে থাকার চেষ্টা। আবার কখনো মানুষের জীবন ছেড়ে গাছ হয়ে যাওয়ার ইচ্ছা। এসবের মধ্যে কোনো সহজ সমাধান নেই। আছে প্রশ্ন, দ্বিধা, রাগ এবং বেঁচে থাকার একগুঁয়ে আকাঙ্ক্ষা।

'মৃগয়ায় যুদ্ধের ঘোড়া' নামটি তাই আজও কৌতূহল জাগায়। ঘোড়াটি শিকারে বেরিয়েছে, নাকি যুদ্ধের দিকে যাচ্ছে—তার উত্তর বইয়ের নাম দেয় না। নাসিমার কবিতাও দেয় না। পাঠককে এমন এক জায়গায় দাঁড় করায়, যেখানে যুদ্ধের প্রয়োজন ফুরোয়নি, অথচ যুদ্ধ করার ভাষাটিও এখনো খুঁজে নিতে হচ্ছে।