শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৩

অনুবাদ : আলমগীর মোহাম্মদ
১৬ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০

মোটাদাগে বলতে গেলে, এমন দুই ধরনের ক্ষেত্র রয়েছে যেখানে আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনি একজন সাংবিধানিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। প্রথমত, এমন সব ক্ষেত্র যেখানে আমি প্রশাসনিক খুঁটিনাটি প্রায় প্রতিটি বিষয়েই আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ শনাক্ত করেছি। এমনকি সেসব বিষয়েও যেখানে 'ভারত শাসন আইন' অনুযায়ী আপনার হস্তক্ষেপ স্পষ্টভাবে নিষিদ্ধ। সামান্য চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে, এ ধরনের হস্তক্ষেপ কতটা অনভিপ্রেত। এই আইনের অধীনে মন্ত্রীদের যে অত্যন্ত সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে তার প্রয়োগে বাধা সৃষ্টি করলে তাদের মধ্যে কতটা তিক্ত ক্ষোভের জন্ম নিতে পারে। বর্তমান আইনটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং এটি একটি চতুর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যার মাধ্যমে স্থায়ী আমলারা সব ক্ষমতা ভোগ করছে কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা নেই। অন্যদিকে মন্ত্রীদের ঘাড়ে সব দায় চাপানো হয়েছে, কিন্তু তাদের হাতে কোনো ক্ষমতা নেই। এই আইনে ছদ্মবেশের আধিক্য এতই স্বচ্ছ যে তা ধরা মোটেও কঠিন নয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের আড়ালে মন্ত্রীদের কাজ করার যে আড়ম্বরপূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে, তার নিচেই প্রকৃত ক্ষমতা এখনো স্থায়ী আমলাদের হাতে ন্যস্ত। মন্ত্রীদের দেওয়া হয়েছে স্রেফ ক্ষমতার এক প্রহসন, আর 'ইম্পিরিয়াল সার্ভিসেস'-এর সেই ইস্পাত-কঠিন কাঠামোটি অক্ষত রয়ে গেছে, যা গোটা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে এবং মন্ত্রীদের কর্মকাণ্ডের ওপর অশুভ ছায়া ফেলছে। মন্ত্রীদের এই সীমিত ক্ষমতায় যেকোনো ধরনের হস্তক্ষেপ অত্যন্ত জঘন্য। আমি দুঃখের সাথে বলছি যে, এই বিষয়ে আপনার রেকর্ড কোনোভাবেই তুচ্ছ নয়।

দ্বিতীয়ত, আমি সেই ক্ষেত্রগুলোকে রাখব যেখানে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থায়ী আমলাদের একাংশকে মন্ত্রীদের কর্তৃত্ব অবজ্ঞা করতে উৎসাহিত করেছেন। যার ফলে তারা মন্ত্রীদের পুরোপুরি উপেক্ষা করছে। সরাসরি আপনার সাথে এমনভাবে যোগাযোগ করছে যেন মন্ত্রীদের কোনো অস্তিত্বই নেই। এই সবকিছুর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, যা আমার উল্লিখিত ক্ষেত্রগুলোর সাথে সরাসরি যুক্ত না হলেও বর্তমানে আমি যে পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। আমি ক্যাবিনেট মিটিংগুলোতে আপনার আচরণের কথা বলছি যেখানে আপনি সমস্ত আলোচনায় একাধিপত্য বিস্তার করেন। কার্যত মন্ত্রীদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেন। যে সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই আপনাকে দেওয়া স্থায়ী আমলাদের পরামর্শের ফল। এই আমলারা এমন সব সার্ভিসের অন্তর্ভুক্ত যাদের ঐতিহ্য মৌলিকভাবেই জনগণের অনুভূতি ও আকাঙ্ক্ষার প্রতি প্রকৃত সহমর্মিতার পরিপন্থি।

আমি জানি যে একজন গভর্নরের প্রতি আমার উচ্চারিত শব্দগুলো খুব কঠোর প্রতীয়মান হচ্ছে। তবুও আমি আপনার সাথে পুরোপুরি স্পষ্ট কথা বলতে চাই। আমি এই স্পষ্টবাদিতাকে চরম সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের সামনে যে কঠিন দিনগুলো আসছে তাতে আপনাকে সর্বোচ্চ সম্ভব সাহায্য করার ঐকান্তিক ইচ্ছা আমার আছে। আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন কি না তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। পছন্দটি আপনারই হতে হবে। তা আস্থা ও বিশ্বাসের প্রশ্ন। ভারতের ব্রিটিশ কর্মকর্তারা এখন এমন এক পরিস্থিতির সম্মুখীন যা আধুনিক সময়ের কোনো সভ্য দেশের ইতিহাসে অতুলনীয়। প্রকাণ্ড সব ঘটনা সাম্রাজ্যগুলোর ভিত্তিমূল কাঁপিয়ে দিচ্ছে। ভারতে আমরা এমন এক সংকটের সম্মুখীন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার দিকে মোড় নিতে পারে। কেবল এই দেশের মানুষের নয় বরং সারা বিশ্বের কোটি কোটি মানুষের ভাগ্যকে প্রভাবিত করবে। শাসকদের নীতি নির্ধারণে যদি কখনো রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার অপরিহার্যতা থেকে থাকে, তবে ভারতের বর্তমান পরিস্থিতিতে সেই প্রজ্ঞার পূর্ণতম প্রয়োগ প্রয়োজন। তাই আমি আপনাকে একজন প্রকৃত রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে বলছি। উপলব্ধি করতে বলছি যে বিশ্ব রাজনীতিতে ভারত আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে প্রশাসনের বিষয়ে জনগণের ইচ্ছাকে অবলীলায় উপেক্ষা করার সুযোগ নেই। প্রশাসনিক পদক্ষেপগুলো জনগণের মেধা ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। হাড়পাকা আমলাদের খেয়ালখুশি অনুযায়ী হওয়া উচিত নয়। যাদের অনেকের কাছেই স্বৈরতান্ত্রিক ধ্যান-ধারণা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি সেইসব খাদ থেকে বাঁচতে চান যা সবসময় প্রশাসনিক বিপর্যয়ের জন্য দায়ী তবে পরামর্শের জন্য আপনার নিজের মন্ত্রীদের দিকেই তাকাতে হবে। এই শ্রেণির কর্মকর্তাদের দিকে নয়।

এখন আমি বাস্তব তথ্যে আসি। মন্ত্রীদের দায়িত্বকে পুরোপুরি অবজ্ঞা করে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপের বিষয়ে আমি সংক্ষেপে মাত্র কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথমত, গত এপ্রিলে চাল অপসারণ নীতির বিষয়ে বাণিজ্য ও শ্রম বিভাগের যুগ্ম সচিবকে দেওয়া আপনার আদেশের কথা ধরা যাক। এখানে আপনি এমনভাবে কাজ করেছেন যেন বাংলায় ভারত শাসন আইন স্থগিত হয়ে গেছে। আপনি ৯৩ ধারার অধীনে প্রশাসনের প্রধান হিসেবে কাজ করছেন। জনগণের খাদ্যশস্যের সাথে জড়িত এমন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার উচিত ছিল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা এবং সামরিক কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের ইচ্ছা বাস্তবায়নের সর্বোত্তম উপায় নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করা। কিন্তু আপনি তেমন কিছুই করেননি। এমনকি আপনি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীকেও ডেকে পাঠাননি, যদিও তিনি সহজলভ্য ছিলেন। তার পরিবর্তে আপনি ডাকলেন যুগ্ম সচিবকে। আপনি তাকে অবিলম্বে চাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিলেন, বিভিন্ন এলাকায় চাল ও ধানের উদ্বৃত্তের সঠিক পরিমাণ কত, তা সরানোর সর্বোত্তম ও সাশ্রয়ী উপায় কী, সেসবের পরোয়া না করেই। যুগ্ম সচিব বলেছেন যে, তিনি যখন নির্দেশ পালনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আপনি অধৈর্য হয়ে পড়েন। ২৪ ঘণ্টার মধ্যে তিনটি জেলা থেকে উদ্বৃত্ত চাল সরিয়ে নেওয়ার জন্য তাকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন। তখনও আপনি মন্ত্রীদের সাথে পরামর্শ করেননি। সম্ভবত কারণ আপনি তাদের বিশ্বাস করতে পারেননি। ফলাফল হিসেবে এই নির্দিষ্ট নীতির ক্ষেত্রে তা একটি শোচনীয় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আপনার নির্দেশ পালনে তড়িঘড়ি করতে গিয়ে যুগ্ম সচিব কোনো শর্ত চূড়ান্ত না করেই বা সরকারি অর্থের নিরাপত্তার কোনো ব্যবস্থা না করেই তার এক বন্ধুর মনোনীত ব্যক্তিকে কাজ শুরু করার জন্য ২০ লক্ষ টাকা অগ্রিম দেন। কেবল এটি দেখানোর জন্য যে তিনি আপনার নির্দেশ পালন শুরু করেছেন। যখন অনেক পরে আমরা এই বিষয়গুলো জানতে পারি তখন সরকারকে যে দুর্ভাগ্যজনক অবস্থায় ফেলা হয়েছিল সেখান থেকে উদ্ধারে আমরা সাধ্যমতো চেষ্টা করি। কিন্তু তবুও বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি। বর্তমান মুহূর্তে আমরা বাংলায় চালের যে দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছি তা মূলত আপনার পক্ষ থেকে এই অনাহুত হস্তক্ষেপ এবং যুগ্ম সচিবের তড়িঘড়ি পদক্ষেপের ফল। আপনার নির্দেশে যুগ্ম সচিব প্রাথমিকভাবে যে বিশাল অঙ্কের টাকা অবিবেচকের মতো অগ্রিম দিয়েছেন, আমাদের আইন উপদেষ্টারা অত্যন্ত সন্দিহান যে আমরা আদৌ সেই পুরো টাকা কোনোদিন উদ্ধার করতে পারব কি না। সরকারের এই ক্ষতি হতে বাধ্য এবং জনগণের অর্থের এই অহেতুক অপচয়ের দায়ভার আপনাকে এবং আপনার যুগ্ম সচিবকেই নিতে হবে।

এরপর আসি নৌকা অপসারণ নীতির বিষয়ে। এই ক্ষেত্রে আপনি শুরু থেকেই মন্ত্রীদের আস্থায় না নিয়ে কিছু স্থায়ী আমলার পরামর্শ ও নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। এমনকি আপনি তাকেও উপেক্ষা করেছেন যিনি কেবল আপনার মুখ্যমন্ত্রীই নন বরং স্বরাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীও বটে। আপনি গোপনে সামরিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করছেন এবং স্থায়ী আমলাদের সাথে পরিকল্পনা করছেন। যখন সবকিছু প্রায় চূড়ান্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মাঝে মাঝে আমাদের সাথে কথা বলেন কেবল কী করা হয়েছে বা কী হচ্ছে সেই তথ্য জানানোর জন্য। স্থায়ী আমলারা আপনার জ্ঞাতসারে এবং সম্মতিতে যে ভুলগুলো করেছে তার অন্যতম বড়ো উদাহরণ হলো, বদ্বীপের মোহনায় অবস্থিত বিভিন্ন দ্বীপে চাষাবাদের জন্য বঙ্গোপসাগরে নৌকা যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া। পরিস্থিতির গুরুত্ব বিলম্বে উপলব্ধি করে যখন সীমিতসংখ্যক নৌকাকে সাগরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, ততক্ষণে বিষয়গুলো সংশোধনের সময় পার হয়ে গেছে। আমি বিস্তারিত আলোচনায় যাব না। তার প্রয়োজনও নেই। আমার জন্য এটুকুই বলা যথেষ্ট যে, পুরো পরিকল্পনাটি সামরিক কর্তৃপক্ষ এবং কিছু স্থায়ী আমলার সাথে পরামর্শ করে করা হয়েছে। কেবল মন্ত্রিসভার অগোচরেই নয় বরং স্বরাষ্ট্রমন্ত্রীর অগোচরেও।

এখন আমি হোম গার্ডস গঠনের প্রশ্নে আসি। প্রকৃতপক্ষে, আপনি সম্প্রতি এই সংগঠনগুলো সংক্রান্ত আমাদের প্রস্তাবে একটি বিলম্বিত সম্মতি দিয়েছেন। কিন্তু ততক্ষণে হোম গার্ডসের সরকারীকরণের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সাংবিধানিকভাবে আপনার উচিত ছিল আমাদের পরামর্শ গ্রহণ করা। কিন্তু আপনি তা করেননি। ফলে স্থায়ী আমলারা কার্যত পুরো বিষয়টিকে সরকারি রূপ দিয়েছে। আমি জানি না এই যে ক্ষতি হয়ে গেছে তা আপনি এখন কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।

মন্ত্রিসভা সম্প্রসারণ এবং সংসদীয় সচিব নিয়োগের ক্ষেত্রে আমার প্রচেষ্টাকে আপনি যেভাবে শুরু থেকেই বাধা দিয়ে আসছেন, সে সম্পর্কে এখন কিছু কথা বলব। আইনের অধীনে আপনার ক্ষমতা যাই হোক না কেন, তা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভা গঠন এবং সংসদীয় নিয়োগের ক্ষেত্রে আমার কথাই চূড়ান্ত হওয়া উচিত। অত্যন্ত গুরুতর কোনো কারণ ছাড়া এ ধরনের বিষয়ে আপনার আমার পরামর্শ প্রত্যাখ্যান করা উচিত নয়। ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর ইচ্ছা উপেক্ষা করা অচিন্তনীয়। কিন্তু এই ক্ষেত্রে আপনার মনোভাব ছিল আমার ইচ্ছাকে সুনির্দিষ্টভাবে অবজ্ঞা করা। আপনি সম্ভবত স্যার নাজিমুদ্দিন ও তার দলকে মন্ত্রিসভায় আনার সেই দূরাশার কারণেই এই মনোভাব গ্রহণ করেছিলেন। আট মাস পার হয়ে গেছে। তাদের সন্তুষ্ট করার আপনার প্রচেষ্টা কোনো ফল বয়ে আনেনি। কিন্তু আমার পরামর্শ গ্রহণে আপনার অনীহা অত্যন্ত তিক্ত ফল বয়ে এনেছে। কারণ তা সরকারের বিভিন্ন বিভাগের প্রশাসনকে ব্যাহত করেছে এবং আমাদের কাঁধে এমন বোঝা চাপিয়ে দিয়েছে যা বহন করা বাস্তবে আমাদের পক্ষে অসম্ভব।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর