বেগম আকতার কামাল প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন। প্রবন্ধ ও গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়া গবেষণা ও প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে অনন্যা সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।
বাংলা ট্রিবিউন: ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠার আগে মুসলিম নারীর শিক্ষা ও সাহিত্য চর্চার পরিসর কতটুকু ছিল?
বেগম আকতার কামাল: পরিসর খুবই ছোটো ছিল, কারণ তখনও মুসলিম নারীরা শিক্ষাগ্রহণের সুযোগ পায়নি। ফলে তাদের লেখালেখি যেটুকু গৃহপরিসরেই—নিজেকে নিয়ে লেখা, অন্যের লেখার অনুকরণ করা—এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা সেই সময়ের লেখক হিসেবে রহিমুন্নেসা ও আজিজুন্নেসার নাম পাই। যেহেতু শিক্ষার পরিসর সীমিত ছিল এবং পরিবারেই নারীর শিক্ষার কিছুটা প্রচলন ছিল, লেখালেখির চর্চা তত ছিল না। আমরা যদি তৎকালীন হিন্দু বাঙালি নারী সমাজের সঙ্গে তুলনা করি, দেখব, মুসলিম নারী লেখকের সংখ্যা খুবই কম ছিল।
তবে একটি জিনিস লক্ষ করি, উচ্চবিত্ত মুসলিম নারীরা তখন উত্তর ভারতীয় উর্দু ভাষায় কিছুটা লেখালেখি করতেন।
তবে উনিশ শতকে লক্ষ করি, উর্দুর পরিবর্তে তারা বাংলা ভাষায় লিখছেন। বঙ্গীয় স্বাদেশিকতার প্রেক্ষাপটে যখন রাষ্ট্র গঠনের প্রশ্ন এলো, আন্দোলন শুরু হলো, তখন একইসঙ্গে দুটো কাজ হয়েছে: একটি হচ্ছে, মুসলমান লেখকরা বাংলা ভাষায় লিখছেন। অন্যটি হলো, তারা তাদের শিক্ষার আদর্শ ভিত্তি তৈরি করতে চাচ্ছেন—যার উপর দাঁড়িয়ে নিজ সমাজের স্বাতন্ত্র্য রক্ষা করা যায়।
বাংলা ট্রিবিউন: মানে, বাঙালি মুসলমানের একটি আদর্শিক রাষ্ট্র ও সমাজের ধারণা তৈরি করতে চেয়েছিলেন?
বেগম আকতার কামাল: রাষ্ট্রের কথা বলব না, তারা আদর্শ সমাজ গঠন করতে চেয়েছিলেন। প্রথমত, তাদের লক্ষ্য ছিল গৃহ, পরিবার এবং সমাজ—এই তিনটি। রাষ্ট্র প্রশ্নটা আরো পরে এসেছে। ১৯৩০ সালের পরে এ কে ফজলুল হকে মন্ত্রী হওয়া, লাহোর প্রস্তাব ইত্যাদির মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের প্রশ্ন এসেছে। তখনও মুসলমানরা ভাবেনি, ভারত ভাগ হবে।
বাংলা ট্রিবিউন: একটি প্রবন্ধে আপনি লিখেছেন, ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠার আগে ‘সলতে পাকানো’ হয়েছিল। সলতে পাকানোর মতো এমন কী ঘটেছিল?
বেগম আকতার কামাল: ‘সলতে পাকানো’ বলতে আমি নীরবে নিভৃতে নানা জনের লেখালেখির কাজকে বুঝিয়েছি।
বাংলা ট্রিবিউন: মানে বিচ্ছিন্নভাবে অনেকে কাজ করছিলেন?
বেগম আকতার কামাল: মুসলিম সমাজের মধ্যে অনেকেই বিচ্ছিন্নভাবে চর্চা করছিলেন। বিশেষ করে, চট্টগ্রাম অঞ্চলে এই চর্চাটা বিশেষভাবে ছিল। আমার একটু অবাকই লাগে—এটা কি এই কারণে যে, ড. এনামুল হক কিংবা আবদুল করিম সাহিত্যবিশারদ চট্টগ্রামের লোক ছিলেন, এবং তারা ওই অঞ্চলের সাহিত্য আবিষ্কার করেছেন— এজন্য কি না; আমরা দেখি, চট্টগ্রামে সাহিত্যচর্চা হচ্ছিল। সেসব লেখার অনেকটাই আত্মজৈবনিক ঘটনাবলি। তবে কিছু কবিতাও ছিল, যেমন 'রূপজালাল' নামে নওয়াব ফয়জুন্নেসার কাব্যগ্রন্থ পাই। ফয়জুন্নেসা উচ্চশিক্ষিত ছিলেন। তো ‘সলতে পাকানো’ বলতে আমি এদেরই বুঝিয়েছি।
এর পরে বিশ শতকে এসে রোকেয়া সাখাওয়াত হোসেন দুই হাতে লিখেছেন। একদিকে সমাজ সংস্কার করছেন, আরেকদিকে সৃজনশীল লেখালেখি করছেন। তার সঙ্গে আমি বিদ্যাসাগরের তুলনা করতে পারি। বিদ্যাসাগর একই কাজ করেছিলেন—সমাজের রেনেসাঁ, নারী মুক্তি, বিধবা বিবাহসহ সমাজ সংস্কারের নানা কাজ করছেন, আবার সৃজনশীল লেখালেখি করছেন ও বাংলা গদ্যকে গড়ে দিয়েছেন।
বাংলা ট্রিবিউন: আপনি একটি আলোচনায় বলেছিলেন, ‘মুসলিম সাহিত্য সমাজ’ হচ্ছে বাঙালি মুসলমানের রেনেসাঁ। ব্যাপারটা কি তাই?
বেগম আকতার কামাল: হ্যাঁ।
বাংলা ট্রিবিউন: তা কেন বলছেন?
বেগম আকতার কামাল: বলছি এ জন্য যে, উনিশ শতকে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এদের হাতে যে রেনেসাঁ এসেছিল, তা অনেকটাই ইউরোপীয় ভাবমূর্তি থেকে এসেছে—ফরাসি বিপ্লবের চেতনা থেকে এসেছে। সেই চেতনার সঙ্গে জড়িত ছিল এদেশীয় মানুষের জীবনের মুক্তির প্রশ্নটি—সমাজ ও ধর্ম সংস্কার, উন্নতিকরণ, বাংলা গদ্য নির্মাণ, আত্মপ্রকাশ ইত্যাদি ছিল। সেই রেনেসাঁর মূল কথা ছিল যুক্তিবাদ। ছিল একটি আলোকিত সমাজ গঠনের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষ যেন সেই সমাজের অন্তর্গত হয়।
বাংলা ট্রিবিউন: ব্যক্তি-স্বাধীনতা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, বাকস্বাধীনতা—এই বিষয়গুলো?
বেগম আকতার কামাল: হ্যাঁ। তাঁরা পার্থিব জীবনের চর্চা করেছিলেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিার পর ১৯২৬ সালে গড়ে উঠল ‘মুসলিম সাহিত্য সমাজ’, এই সমাজের অনেকটাই উনিশ শতকের রেনেসাঁকে ধর্তব্য জ্ঞান করেছিলেন।
বাংলা ট্রিবিউন: উনিশ শতকে মুসলমান সমাজের শিক্ষা ও সাহিত্যচর্চার পরিসর ছোটো ছিল কেন? বৃহৎবঙ্গের প্রেক্ষাপটে যদি বলেন।
বেগম আকতার কামাল: এর কারণ, কলকাতায় রাজধানী স্থাপিত হয়েছিল এবং হিন্দু বাঙালিরা রাজধানীতে যে শিক্ষা প্রচলিত হলো, তা গ্রহণ করেছিল। মুসলমানরা যে সুযোগ প্রথমে গ্রহণ করেনি।
বাংলা ট্রিবিউন: সুযোগ পেল না, নাকি সুযোগ গ্রহণ করল না? এ প্রতিবন্ধকতা কি প্রাতিষ্ঠানিক?
বেগম আকতার কামাল: প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কিছু ছিল। তবে মুসলমানদের ধর্মীয় সংস্কার ছিল। তারা মুক্তির প্রশ্নে ধর্মকেই আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল, ধর্মই তাদের মুক্তি দেবে। কিন্তু এটা রেনেসাঁর একদম উল্টা ভাবনা। সেজন্য পরবর্তীকালে রেনেসাঁ এলো, কিন্তু ধর্ম বাদ দেওয়া গেল না, বরং সেটাই হলো আইডেন্টিটি।
বাংলা ট্রিবিউন: ‘শিখা’ পত্রিকায় নারী লেখকদের উপস্থিতি কেমন ছিল?
বেগম আকতার কামাল: ‘শিখা’ পত্রিকায় নারী লেখকের উপস্থিতি খুবই কম ছিল। আমি শিখা পত্রিকার সবগুলো সংখ্যার সূচিপত্র দেখেছি, কিছু পড়েছি। সেখানে দেখলাম মাত্র তিনজন নারী লেখকের তিনটা লেখা ছাপা হয়েছে।
এছাড়াও আরো দুটি লেখা জমা দেওয়া হয়েছিল, আমার মনে হয়, সম্পাদকের মনোনীত না হওয়ায় তা ছাপা হয়নি।
এই তিনটি লেখার মধ্যে ফজিলাতুন্নেসার লেখা পাই। তিনি তাঁর লেখায় নারীর সাধনা কী হওয়া উচিত, তা নির্দেশ করে আলোচনা করেছিলেন, বাংলা সাহিত্যে নারীরা কীভাবে উপন্যাস লিখবে এবং শিক্ষা দর্শন নিয়েও কথা বলেছিলেন।
নারীরা গৃহগত কারণে, অবরোধের কারণে ‘মুসলিম সাহিত্য সমাজ-এ যোগ দিতে পারেনি বা যোগ দেয়নি। আরেকটা কথা হলো, সমাজে কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে হলে আগে যৌথ প্রতিষ্ঠান গড়তে হয়। সেই প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে নারীদের কথা কেউ মনে রাখেনি। তবে কয়েকটি নারীক্লেশ নিবারনী সংস্থা গঠিত হয়েছিল।
বাংলা ট্রিবিউন: কেউ ভাবেনি?
বেগম আকতার কামাল: বুদ্ধির মুক্তি প্রশ্নে কেউ ভাবেনি, কেউ ভাবে না। পুরুষদের নিয়েই তারা প্রতিষ্ঠান গড়ে। যেহেতু অনেক নারী বাইরে আসতে পারে না, অনুষ্ঠানে যোগ দিতে পারে না—দুই-একজন নারীর উপস্থিতি থাকলেও, তা ছিল খুবই সীমিত, উল্লেখ করার মতো নয়।
বাংলা ট্রিবিউন: ‘শিখা’ পত্রিকা যখন প্রকাশিত হচ্ছে, তখন পূর্ববঙ্গের নারীরা কি লেখালেখি করছেন?
বেগম আকতার কামাল: হ্যাঁ, সুফিয়া কামাল, মাহমুদা খাতুন সিদ্দিকী, রাজিয়া খাতুন চৌধুরানী প্রমুখরা লিখেছেন।
বাংলা ট্রিবিউন: ‘শিখা’য় তার জায়গা হল না কেন?
আকতার কামাল: সুফিয়া কামালের লেখা দেখিনি ‘শিখা’ পত্রিকায়। তিনি ছাড়াও মাহমুদা খাতুন সিদ্দিকা কবিতা লিখতেন তাঁর লেখাও দেখিনি। রোকেয়ার লেখাও নেই ‘শিখা’ পত্রিকায়।
বাংলা ট্রিবিউন: রোকেয়া নিজেই এককভাবে প্রতিষ্ঠান হয়ে উঠেছেন?
বেগম আকতার কামাল: হ্যাঁ, এককভাবে পথ চলেছেন। নারীদের যে লেখালেখি হল না, সেজন্য আমি মুসলিম সমাজের অবরোধ প্রথা, পর্দা প্রথা ইত্যাদিকে দায়ি মনে করি। যদিও অবরোধ প্রথা ও পর্দাপ্রথা নিয়ে পুরুষরা পক্ষে-বিপক্ষে লেখালেখি করেছেন।
‘শিখা’ গোষ্ঠীর আরেকটি সীমাবদ্ধতা ছিল, তারা দৃষ্টান্ত হিসেবে মুসলমানদের অতীত ইতিহাস ও মুসলিম সমাজের দৃষ্টান্ত টেনেছেন। বঙ্কিম যেমন 'কৃষ্ণচরিত' লিখছেন, 'অনুশীলনতত্ত্ব' লিখছেন, সেই আঙ্গিকেই তারা মধ্যপ্রাচ্যের ইসলামের ইতিহাস এখানে চর্চা করছেন এবং সেটাকে তাঁরা শ্রেষ্ঠ মনে করছেন, দৃষ্টান্ত মনে করছেন। পাশাপাশি তারা গ্যোটে, রবীন্দ্রনাথ, রোম্যাঁ রলাঁ—এদের লেখালেখি নিয়ে প্রবন্ধ লিখছেন।
বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজের চিন্তকদের লেখালেখিতে নারী কি 'স্ত্রী' হিসেবে পরিচিত হয়েছে?
বেগম আকতার কামাল: 'স্ত্রী' হিসেবে বারবার এসেছে। স্ত্রীর সমস্যা, স্ত্রী শিক্ষার উন্নতি, অবনতি—এই 'স্ত্রী' শব্দটা এখানে অসচেতনভাবে হোক বা প্রচলিত ধারা থেকে হোক, তারা 'স্ত্রী' শব্দটা ব্যবহার করেছেন। এই প্রশ্নটা আমি তুলেছি, মুসলিম সাহিত্য সমাজ কেমন করে 'স্ত্রী' শব্দটি লেখে? পুরুষ—বাইনারি 'স্ত্রী'—এটা তো হতে পারে না! পুরুষ—বাইনারি 'নারী' হবে।
বাংলা ট্রিবিউন: নারীকে স্বতন্ত্রভাবে দেখতে পারেনি?
বেগম আকতার কামাল: দেখতে পারেননি হয়ত। 'স্ত্রী' হিসেবেই দেখেছেন।
বাংলা ট্রিবিউন: না কি ভাষাগত ব্যাপারটা গড়ে ওঠেনি?
বেগম আকতার কামাল: এরকমই ছিল। জেন্ডার ইস্যু তখনও গড়ে ওঠেনি।
বাংলা ট্রিবিউন: জেন্ডার ইস্যু নিয়ে তারা হয়ত ভাবেননি।
বেগম আকতার কামাল: যেমন রবীন্দ্রনাথের 'স্ত্রীর পত্র' গল্প আছে। ওইখানেও নারী স্ত্রীই! পরিবারের মধ্যে সে স্ত্রী। স্ত্রী হিসেবে তার বাধ্যবাধকতা, তার পরাজয়, তারপরে তার মুক্তি দেখাচ্ছেন। পরে স্ত্রীত্ব থেকে সে মৃণাল হয়ে নিজের নাম ফিরে পেল। এখানে রবীন্দ্রনাথ মুক্তি দেখিয়েছেন সেই ১৯১৬ সালে। আর আমাদের মুসলিমরা রবীন্দ্রনাথের পরে এসেও নারীকে স্ত্রী হিসেবেই দেখেছেন। অনেক আধুনিক কবির মধ্যেও দেখি তারা 'স্ত্রী' শব্দটা ব্যবহার করছেন।
বাংলা ট্রিবিউন: ‘মুসলিম সাহিত্য সমাজ’ একদিকে স্বধর্মীয় কুসংস্কার এবং অজ্ঞতার বিরুদ্ধে যুক্তিবাদী অবস্থান নিয়েছে, আবার হিন্দু ও মুসলমানের সমন্বয়ের আকাঙ্ক্ষাও করেছেন। ধর্মকে অক্ষুন্ন রেখে ধর্মের সংস্কার কতটুকু সম্ভব হতে পারে? সব ধর্মেরই তো বেসিক কিছু ব্যাপার থাকে, যা এড়ানো যায় না।
বেগম আকতার কামাল: ধর্মের একটা মর্মসার আছে, সারবস্তু আছে। তার চর্চা যদি আমরা করি, তাহলে প্রত্যেক ধর্মেই দেখব মিলনের কথাই আছে, বিরোধের কথা নেই। হিন্দু-মুসলমানের মিলনের প্রশ্নে ধর্ম কোনো বাধা হতে পারে না।
মুসলিম সাহিত্য সমাজের কয়েকটা সম্মেলনে দেখেছি, অনেক হিন্দু লেখক সেখানে উপস্থিত ছিলেন। স্বয়ং শরৎচন্দ্র অংশগ্রহণ করেছেন। তারা যে মেলেনি তা নয়, দুইটি সম্প্রদায়ই পরস্পরের সঙ্গে যুক্ত ছিল।
বাংলা ট্রিবিউন: 'অবরোধবাসিনী' বলে কি আমরা কেবল মুসলিম নারীদেরই কল্পনা করি? তৎকালীন হিন্দু সমাজে নারীর অবস্থা কেমন ছিল?
বেগম আকতার কামাল: তাদের সমস্যা প্রধানত অবরোধ প্রথার মধ্যে ছিল না। তাদের সমস্যা ছিল বিধবা বিবাহ ও সতীদাহ প্রথার মধ্যে, এগুলোর মধ্যে তারা নির্যাতিত হতো। রামমোহন এবং বিদ্যাসাগর আইন করে এই সমস্যা দূর করেছেন। এরপরে নারী শিক্ষার জন্য কলকাতায় যত স্কুল-কলেজ স্থাপিত হয়েছে—রোকেয়ার স্কুলটিও কলকাতায়—সেই ক্ষেত্রে কলকাতার কেন্দ্রিক নারী সমাজই আলোকিত হয়েছে। ঢাকা তখনও মফস্বল শহর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আস্তে আস্তে ঢাকা বিকশিত হচ্ছিল। মানে, বাস্তব প্রেক্ষাপট যদি গড়ে না ওঠে, তাহলে সেখানে শিক্ষা ও মুক্তি সম্ভব হয় না।
বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজ পূর্ববঙ্গের মানুষদের কীভাবে প্রেরণা দিয়েছে?
বেগম আকতার কামাল: যুক্তিবাদ ছিল মুসলিম সাহিত্য সমাজের প্রধান ক্রাইটেরিয়া, এবং জ্ঞান চর্চা ও মুক্তির আকাঙ্ক্ষা। এই তিনটি কথার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে দেখি, আমাদের গতিপথ পাকিস্তানের মধ্য দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এসে নতুন একটি পথনির্দেশ পেল।
বাংলা ট্রিবিউন: নারীর মুক্তি কেমন করে এলো?
বেগম আকতার কামাল: শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে নারীর মুক্তি হয়েছে। পূর্ব পাকিস্তান হওয়ায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, নারীরা শিক্ষিত হচ্ছেন এবং নারীরা রাজনৈতিকভাবেও দীক্ষিত হচ্ছেন। মুসলিম নারীদের ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। তারা জীবিকা নির্বাহ করতে বাইরে বেরিয়েছিল।
বাংলা ট্রিবিউন: এখনও নারীকে গৃহবন্দি করার চেষ্টা চলছে, তার বাইরের জগৎকে সীমিত করার চেষ্টা হচ্ছে। বিপুল সংখ্যক নারী কি তা মেনেও নিচ্ছে না?
বেগম আকতার কামাল: একটি গোষ্ঠী এই চেষ্টা করছে। তারা এখন সমাজে ক্ষমতাধর। কিন্তু এই ক্ষমতা শ্রবজীবী নারীর উপর চলবে না, তাকে কাজ করে খেতে হবে, উৎপাদনে অংশ নিতে হবে।
বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ পরে নারীমুক্তির চিন্তা কীভাবে করবো?
বেগম আকতার কামাল: চিন্তার আলো কখনো নিভে যায় না। চিন্তার আলোকে শিখার মতো জ্বালিয়ে রাখতে হয়। যেমন আমাদের জ্ঞানচর্চা দরকার, বুদ্ধির মুক্তি দরকার। এগুলোকে অবলম্বন করে আমরা একটি রেনেসাঁতুল্য জাগরণ ঘটাতে পারি। যেখানে নারী এবং পুরুষ মানুষ হিসেবে স্বতন্ত্র, স্বাধীন এবং প্রত্যেকের নিজের সিগনেচার থাকবে। কেউ কারো অধস্তন নয়।
বাংলা ট্রিবিউন: মুসলমান সমাজের নারীমুক্তির স্বপ্ন আপনার কাছে কেমন?
বেগম আকতার কামাল: এখন যেহেতু নারীর জীবন সমাজ-রাষ্ট্র-বিশ্বায়ন দ্বারা নিয়ন্ত্রিত, তাই নারীকে এই বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্ত থেকেই মুক্তির স্বপ্ন দেখতে হবে। এক্ষেত্রে দুটি পন্থা, এক. শিক্ষাগ্রহণ; দুই. সমাজের উৎপাদনশীল ইউনিট হিসেবে নিজেকে তৈরি করা।
তার আগে চাই চিত্তমুক্তির চর্চা, নিছক নারী হিসেবে নয়—মানুষ হিসেবে মানবিক হয়ে ওঠার জন্য মুক্তমনা হওয়া। নারীর মুক্তি একক লড়াই নয়, তা মানবমুক্তির যৌথ প্রয়াস।
বাংলা ট্রিবিউন: আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা জানাই।
বেগম আকতার কামাল: তোমাকেও অনেক ধন্যবাদ।