মুক্তবুদ্ধির শিখা

মোস্তাক আহমাদ দীন
১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০

‘হালকা গল্প’ ও ‘মিষ্টি কবিতা’র পরিবর্তে ‘সমাজের দারুণ অভাবের এক-একটি দিক লক্ষ্য করে লিখিত’ প্রবন্ধ নিয়ে মুসলিম সাহিত্য সমাজ-এর মুখপত্ররূপে ১৯২৭ সালে প্রকাশিত হয়েছিল শিখা, এবং যেহেতু সেই সমাজের উদ্দেশ্য ছিল চিন্তাচর্চা, তাই সে-অনুযায়ী পত্রিকারও লক্ষ্য ছিল মুসলিম সমাজের জীবন ও চিন্তাধারার গতিপথ বদলে দেওয়া। শিখা-র প্রথম সংখ্যার শুরুতে কাজী নজরুল ইসলামের একটি গান প্রকাশিত হয়, পড়লে বোঝা যায় সেটিও সেই পত্রিকাকে লক্ষ্য করে লিখিত যার শিরোনাম : ‘খোশ আমদেদ’ যার প্রথম চার পঙক্তি এরকম:    

আসিলে             কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি।
ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি ॥
দখিনের             হাল্কা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতী।
শবে’বরাত         আজ উজালা গো আঙ্গিনায় জ্বলল দীপালি ॥

এই গানের প্রতীক ও অনুষঙ্গগুলোকে অবলম্বন করে শিখা-সম্পর্কে একথা বলা যায় যে শবে বরাতে উঠোনে আলো জ্বলে উঠেছিল ঠিকই এবং সমাজের চিন্তাচর্চার মুখপত্ররূপে পাঁচ বছরে পাঁচটি সংখ্যা প্রকাশিতও হয়েছিল, কিন্তু এর পরে আর বের হয়নি, কারণ ‘মুসলিম সাহিত্য সমাজ’ দীর্ঘদিন টেকেনি, একদশকেই সেই সংঘ ভেঙে গিয়েছিল।

কেন টেকেনি তার কিছু আভাস পাওয়া যায় মুসলিম সাহিত্য সমাজ-এর সদস্য আবদুল কাদিরের লেখায়। তিনি বলেছিলেন, শুরু থেকে মুসলিম সাহিত্য সমাজ-এর উদ্দেশ্য ছিল চিন্তাচর্চা, কিন্তু পরে আবুল হুসেনের কর্ণধারত্ব ত্যাগের পর তার উদ্দেশ্য হয় সত্যপ্রীতি ও সাহিত্যচর্চা; সমাজচিন্তার ক্ষেত্রেও সেখানে মধ্যপন্থা অবলম্বিত হয় এবং তখন রসচর্চাকে মনে করা হতো সাহিত্যচর্চা। আবদুল কাদির নিজে সাহিত্যরসিক হলেও এবং ১৯৩০ সালে জয়তী নামে সেই ধারার একটি উচ্চরুচির পত্রিকা সম্পাদনা করলেও পূর্বের আদর্শ থেকে শিখা-র সরে আসার কারণে সে-বিষয়ে তাঁর ক্ষোভের বিষয়টি এই মন্তব্য থেকে খানিকটা আন্দাজ করা যায়। এই ক্ষোভ অকারণ নয়, কারণ শিখা-র সঙ্গে তিনি শুরু থেকেই জড়িত ছিলেন; তাঁর নাম উল্লেখ করে মুসলিম সাহিত্য সমাজ-এর কর্মযোগী আবুল হুসেন জানিয়েছিলেন, আবদুল কাদিরসহ কয়েকজন সাহিত্যপ্রাণ বন্ধুর চেষ্টায় মুহম্মদ শহীদুল্লাহর পৌরোহিত্যে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল, প্রথম সংখ্যা শিখা-র প্রকাশকও ছিলেন তিনি।     

কিন্তু কেন টিকল না সমাজ, কেন ওদুদকে ১৯৩৬ সালের দশম বার্ষিক অধিবেশনে বলতে হলো, ‘সাহিত্য-সমাজের যা বলার তা বলা হয়েছে। এখন কাজ চাই। সমিতির কাজ শেষ হয়েছে।’ এই কাজ বলতে, ওদুদের যে-ধরনের সাহিত্য-অভিপ্রায়, নিশ্চয়ই একে তিনি একজন লেখকের নিঃসংঘ কাজকেই বুঝিয়েছেন, তিনি আমৃত্যু তা করেও গেছেন। কিন্তু কথা হলো, তখনই কেন তাঁকে এই ঘোষণা দিতে হয়েছিল? এর কারণ মসজিদের শহর বলে খ্যাত আর সর্দার ও নবাবশাসিত ঢাকার তৎকালীন পশ্চাৎপদ রক্ষণশীল সমাজ। কাজী আবদুল ওদুদের প্রবন্ধের বই নবপর্যায় এবং আবুল হুসেনের ‘আদেশের নিগ্রহ’ ও ‘শতকরা পঁয়তাল্লিশ’ প্রভৃতি প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর মওলানা আকরম খাঁর নেতৃত্বে তাঁর পত্রিকা মোহাম্মদী-তে এই লেখাগুলোর মূল বক্তব্যের সমালোচনা হয় যার প্রতিবাদ করেন কাজী আবদুল ওদুদ ও আবুল হুসেন, এই ভাবে বাদ-প্রতিবাদ চলতে থাকে এবং একসময় নবাবপরিবারের প্রতাপের মুখে তাঁদেরকে একটি ঘোষণাপত্রও লিখে দিতে হয়। ঘোষণাপত্রে ওদুদকে লিখতে হয় : ‘যদি অজ্ঞাতসারেও আমাদের ধর্ম্ম সম্বন্ধে এমন কোনো কথা আমার কলম থেকে বার হয়ে থাকে যা সত্য ও মুসলমান সমাজের কল্যাণের পরিপন্থী তবে খোদাওন্দ করিম আমার গোনাহ মাফ করে আমাকে সিরাতুল মুস্তাকীমে পৌঁছে দিন’, আর আবুল হুসেন লেখেন : ‘আমি খোদার নিকট মাফ চাই এবং সমাজের নিকটও আশা করি আমার অপরাধ মার্জ্জিত হইবে।’ এই ঘোষণাপত্র লিখে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাঁদের, কারণ তখনো, আবুল ফজলের মতে, ঢাকার জীবনের নানা ব্যাপারে মুরুব্বিয়ানা করতেন নবাবপরিবার, তাদের কথায় মহল্লার সরদার, পুলিশের বড়ো কর্মকতা, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও এমনকি ভাইস চ্যান্সেলরকেও উঠতে-বসতে হতো। এরপর আবুল হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ত্যাগ করে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেওয়ার জন্য স্থায়ীভাবে ঢাকা ছাড়েন, কর্মযোগীর এই স্থানত্যাগের কারণেই প্রধানত শিখা বন্ধ হয়ে যায় আর ওদুদও মুসলিম সাহিত্য সমাজ-এর সংঘগত কার্যক্রম বাদ দিয়ে কেন নিঃসংঘ ‘কাজ’-এর ঘোষণা দেন, এইসব পরিস্থিতি বিবেচনা করলে তার কারণ বোঝা যাবে।

শিখা-র প্রথম সংখ্যা প্রকাশের ছিয়ানব্বই বছর পার হয়ে গেলো, পত্রিকায় প্রকাশিত লেখাগুলো দুটি সংকলনে গ্রন্থিত হয়ে এখন আরও সহজভাবে আমাদের সামনে এসেছে; এবার এই কথা ওঠা স্বাভাবিক যে, আগে যে-লেখাগুলোর বক্তব্য গৃহীত হয়নি, আমরা এখন তা গ্রহণে সক্ষম কি না। ১৯৫১ সালে, শিখাপ্রকাশের দুই যুগ পরে, শাশ্বত বঙ্গ-এর ভূমিকায় কাজী আবদুল ওদুদ লিখেছিলেন, ‘এই পরিবেশে “বুদ্ধির মুক্তি”র কথা সমাদৃত হবে সে সম্ভাবনা অল্প’। এখন, এই ২০২৩ সালেও, সেই কথাগুলো আদৃত হওয়ার মতো পরিবেশ কি তৈরি হয়েছে? এর জবাব দেওয়া সহজ নয়। কেন সহজ নয়, শিখা গোষ্ঠীর জাতিধর্ম নির্বিশেষ লোকশ্রেয়মূলক দৃষ্টিভঙ্গি এবং প্রকাশিত লেখাগুলোর অগ্রসর চিন্তায় তার জবাব নিহিত। 

২

শিখা-র মুখবাণী ছিল, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—এই বাণীর ভাব ছিল কাজী আবদুল ওদুদের আর ভাষা ছিল আবুল হুসেনের; আর যে-পৃষ্ঠায় মুখবাণী থাকত সেখানে আবুল হুসেনের আঁকা কোরান ও অগ্নিশিখার চিত্র ছিল। ছবির একটি প্রতীকী তাৎপর্য ছিল, থাকবারই কথা, কিন্তু ছিদ্রান্বেষী গোত্র এর মধ্যেও ‘শিরক’-এর তৎপরতা লক্ষ করে লিখেছিল, অগ্নিপূজা নাকি কোরানকে গ্রাস করে ফেলছে! ফলে শিখা-র দ্বিতীয় সংখ্যায় দ্বিতীয় বর্ষের কার্যবিবরণীতে এর একটি ব্যখ্যা দিয়ে বলা হয়েছিল, অনেকের ধারণা আগুন দিয়ে মসজিদ ও কোরানকে পুড়িয়ে দেওয়ার ইঙ্গিত করা হয়েছে, কিন্তু তা ঠিক নয়। ব্যাখ্যাকার বলেন, ছবির বামদিকে মরুভূমির উপর যে-খেজুর গাছ রয়েছে তা হলো মুসলিম জ্ঞান ও সভ্যতার জন্মভূমি, যেখানে জ্ঞান ও সভ্যতার আগুন প্রথমে ক্ষীণভাবে থেকে মুসলিম গৌরবের কালে ব্যাপকভাবে জ্বলে উঠে আবার নিভে যায় এবং তা অনেক দিন যাবত ধোঁয়ায় আচ্ছন্ন ছিল; কিন্তু আধুনিক কালে সেই কু-লীকৃত ধূ¤্ররাশির অগ্রভাগে আবার একটি অগ্নিশিখা ইসলামের নবজাগরণের ইঙ্গিত দিচ্ছে। ছবির ডানদিকের মসজিদ, যেটি পূর্বে জ্ঞানের কেন্দ্র ছিল এখন সেটি অন্ধকারে আচ্ছন্ন, তার ভেতরে পাতা বন্ধ-করে-রাখা একটি কোরান, যেটি খুলবার জন্য কেউ নেই; মসজিদের চারদিকে জঞ্জাল, আবর্জনা ও পরগাছা স্পর্ধার সঙ্গে দাঁড়িয়ে আছে, ইসলামের এই নতুন প্রজ্জ্বলিত শিখা চারদিকের অন্ধকার আলোকিত করবে, জঞ্জাল-আগাছা পুড়িয়ে ফেলবে এবং কোরান ও মসজিদের সত্যরূপ প্রকাশিত হবে। কিন্তু কে শোনে এই কথা, বরং শিখা-র এই চিত্রের মধ্যে তারা শিরক বা খোদার সঙ্গে শরিকের পরিচয় তো খুঁজে পেয়েছেই আর লেখার মধ্যে খুঁজে পেয়েছে আরও একটি মারাত্মক প্রবণতা, সেটি হলো কুফরি, অর্থাৎ খোদাকে অস্বীকারের পরিচয়।

এ-প্রসঙ্গে আবদুর রহমান খাঁ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, এই সময়ে ঢাকার উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে একটা জাগরণের সাড়া পড়িয়া যায়। তাহাদের স্লোগান ধ্বনি হইল ‘বুদ্ধির মুক্তি’। তাহারা বলিতেন, ‘মুসলিম সমাজে অনেক গলদ ঢুকিয়াছে, মিথ্যা হাদিসের দ্বারা ঐ সবের সমর্থন চলিতেছে; অনেক সময় লোকেরা নিজেদের মতলব সিদ্ধির জন্য হাদিস সৃষ্টি করিয়াছে; যে সমস্ত হাদিস বুদ্ধির দ্বারা সমর্থিত নহে তাহা মানিতে হইবে না; কুরআনের ব্যাখ্যা যাহাই হইয়া গিয়াছে তাই ব্যতীত আর হইতে পারিবে না, ইহা ঠিক নহে; কাল ও অবস্থা  ভেদে উহার নূতন ব্যাখ্যাও দিতে হইবে।’ তাহারা এই মত প্রচারের জন্য ‘শিখা’ নামে একখানি পত্রিকা বাহির করেন।

...ইহাতে ঢাকার মুসলিম সমাজনেতারা তাহাদের প্রতি খুব ক্রুদ্ধ হন। তাঁহারা মনে করিলেন উহারা কাফির হইয়াছে।

এই ক্রুদ্ধ সমাজনেতাদের অনেকেই ছিলেন মোহাম্মদী, ছোলতান, মোসলেম দর্পণ, ইসলাম নূর, শরিয়তে এসলাম প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত, আর যারা যুক্ত ছিলেন না তাদেরও উসকানিদাতা ছিল ওই পত্রিকাগুলো। অথচ এর কাছাকাছি সময়ে ঢাকা থেকে বের হয়েছিল তরুণপত্র, অভিযান’, জাগরণ, সঞ্চয় এবং বুদ্ধদেব বসু সম্পাদিত সাহিত্যপত্রিকা প্রগতি। সাহিত্যচিন্তাগত ভিন্নতার কারণে প্রগতির কথা এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু বাকি পত্রিকাগুলোর আংশিক সমভাবের কারণে তাতে আশানুরূপ প্রভাব পড়াটাই ছিল কাক্সিক্ষত, কিন্তু পড়েনি। মনে রাখতে হবে ঢাকাও তখন একটি ছোটো শহর মা শিক্ষিতের সংখ্যা ছিল কম, আবার এদের অনেকেই ছিল ঢাকার বাইরে থেকে আগত, স্থানীয়রা ছিল শিক্ষা-বিষয়ে উদাসীন, প্রতাপশালী শিক্ষিতরাও চাইত না সবাই শিক্ষিত হোক, পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত হয়ে উঠবে যে-বিদ্যায়তনটি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ও কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মাত্র। এই সময়ের মধ্যে, মানবকল্যাণের লক্ষ্যে বিশেষ মত প্রচারের জন্য চিন্তাচর্চার ঘোষণা দিয়ে প্রকাশিত হলো শিখা। ১৯২৭ থেকে ১৯৩১ সালের মধ্যে প্রকাশিত এর পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন আবুল হুসেন, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক কাজী মোতাহার হোসেন, চতুর্থ সংখ্যার সম্পাদক আবদুর রশীদ এবং পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন আবুল ফজল।                   

শিখা নামটি ছোটো বটে, কিন্তু মনে রাখা জরুরি, নামকরণের ক্ষেত্রে মুসলমান-কর্তৃক প্রকাশিত তৎকালীন সাময়িকপত্রের প্রথাগত ধারাকে এখানে অস্বীকার করা হয়েছে, তাই এ-প্রসঙ্গে বলা যায়, নামকরণ থেকে শুরু করে এর মুখবাণী, লেখক ও বিষয় নির্বাচনের ক্ষেত্রে দুঃসাহসী ভূমিকা পালন করেছিল পত্রিকাটি। এখানে শিখা-র প্রথম সংখ্যায় মুনশী হাবিবউল্লা-রচিত আবাহন শিরোনামক ২৬টি খণ্ডকবিতার মধ্যে দুটি খণ্ডের উল্লেখ করলে এ-কথার সত্যতা পাওয়া যাবে:

১০

            ইংরেজী উর্দ্দুতে অগাধ পণ্ডিত
            হলেও তাঁহারা, বাংলায় সঙ্গীত
                        গাইবে বাসনা মনে;
            সুমধুর মাতৃ-ভাষা বাঙ্গালা বিহনে
            পারিবে না জাগাইতে নিদ্রিত মুসলিম
                        বুঝেছেন এতদিনে।

 

১৩

            উর্দ্দু পারশী কিম্বা আরবী ভাষা
            কভু নহে মোদের মাতৃ-ভাষা
                        বঙ্গ যে জনম-ভূমি;
            জনমি হেথায় বলেছি প্রথম
            বাংলা ভাষায় কিবা অতুলন
                        ‘মা’ শব্দ মধুর বাণী।    

এই কবির ভাষা-চেতনাকে অন্য কোনো ভাষাপ্রেমী কবির কবিতার সঙ্গে মেলালে চলবে না, কারণ এখানে ভাষাকে শুুধু ভাষা হিসেবে গ্রহণ করার কথা নয়, এর গভীরে রয়েছে দীর্ঘকাললালিত সংস্কারের সমালোচনাও। পরিকল্পিতভাবে রচিত কবিতা দুটি পড়লে মনে পড়বে তরুণপত্র-এ প্রকাশিত আবুল হুসেনের ‘সত্য’ প্রবন্ধটির কথা যেখানে তিনি বলেছিলেন ‘হাদীস্-কোরান এল্হান দুরস্ত ক’রে ক্কিরাৎ ঠিক ক’রে আবৃত্তি কর, তোমার অন্তর খা খা করবে। তাতে তোমার জিহ্বা ও কান তুষ্ট হবে, কিন্তু অন্তর ভুখা থাকবে।’ এ-কথা পড়ে মনে হয়, লেখক বুঝি শব্দের অর্থ না জানলে শুদ্ধভাবে পাঠ করলেও যে কোনো লাভ হবে না সেটাই বলছেন; কিন্তু আসলে তা নয়, তিনি আসলে বলতে চাচ্ছেন : ‘শাস্ত্রের শব্দার্থ-জ্ঞান তোমাকে সত্যের সন্ধান দিতে পারে, কিন্তু সত্য তোমার হাতে তুলে দেয় না, তোমার আত্মা সেজন্য নিয়ত ধ্যানরত না হ’লে সত্যের সন্ধান মিলবে না।’ সত্য সন্ধানের ক্ষেত্রে এরা কতটুকু মরমি ছিলেন, এই মত থেকে তা আন্দাজ করা যায়। মূল লক্ষ্য যদি হয় সত্য-সন্ধান, তাহলে বুদ্ধির মুক্তিপন্থিদের কাছে দীর্ঘদিন-ধরে-চলিত উপলব্ধিহীন আবৃত্তি আর জপতপের সংস্কৃতি নিয়ে তো প্রশ্ন উঠবেই, এই জায়গায় ‘মাধ্যম’ বা ‘উপায়’ তাঁদের কাছে গুরুত্ব পাবে তা আশা করা বৃথা। শিখা-র প্রথম সংখ্যায় কাজী আবদুল ওদুদ তাঁর ‘বাঙ্গালী মুসলমানের সাহিত্য-সমস্যা’ প্রবন্ধে তাই স্পষ্টভাবে বলেছেন, যে-ইসলাম সুদের আদান-প্রদান বিষয়ে অভিসম্পাত জানিয়েছে, ললিতকলা চর্চায় আপত্তি তুলেছে, চিন্তার ক্ষেত্রে বলেছে তা সবসময় যেন সীমাবদ্ধ থাকে কোরান ও হাদিসের চিন্তার ধারা, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ওদুদ স্বীকার করছেন, এখানে উদ্দেশ্য সাধুই আছে, কিন্তু ‘ভেবে দেখতে হবে, মুসলমান সমাজের মানুষের কর্ম্ম ও চিন্তার স্বাধীনতায় এই ভাবে যে অনেকখানি নূতন রকমের প্রতিবন্ধকতা উপস্থিত করা হয়েছে, এতে করে কি সত্যকার কল্যাণ লাভ হয়েছে...।’

এছাড়াও এই সংখ্যায় আবদুল কাদিরের ‘বাঙলার লোক-সঙ্গীত’, রকীব্উদ্দীন আহমদের ‘বাঙ্গালী মুসলমানের আর্থিক সমস্যা’, কাজী আনোয়ারুল কাদিরের ‘বাঙ্গালী মুসলমানের সামাজিক গলদ’, শামসুল হুদার ‘হজরত মুহম্মদের প্রতিভা’, কাজী মোতাহার হোসেনের ‘সঙ্গীত চর্চ্চায় মুসলমান’, মমতাজউদ্দীন আহমদের ‘শিক্ষা-সমস্যা’, আবদুর রশীদের ‘আমাদের নবজাগরণ ও শরিয়ত’, আবদুস সালাম খাঁর ‘নাট্যাভিনয় ও মুসলমান সমাজ’, আবুল হুসেনের ‘বাঙ্গালী মুসলমানের শিক্ষা-সমস্যা’ ও আনোয়ার হোসেনের ‘মুসলমানের আর্থিক সমস্যা’ প্রবন্ধ ছাপা হয়। প্রত্যেকটি প্রবন্ধেই নতুন চিন্তার পরিচয় রয়েছে, তর্কে লিপ্ত হওয়ার মতো প্রসঙ্গও কম নেই। আবুল হুসেন লিখেছেন, মুসলমানদের বর্তমান শিক্ষাব্যবস্থায় তারা অন্যান্য জাতিমুখী জাতির উপর ক্রমশ বোঝাস্বরূপ হয়ে উঠছে; মমতাজউদ্দীন লিখেছেন, আমাদের মাদ্রাসার শিক্ষার পদ্ধতি ও তার বিষয় দুই শো বছর আগের, তাই তা এ-যুগের জন্য অনুপযোগী; আবদুস সালাম খাঁ লিখেছেন, অভিনয়ের বিরুদ্ধে ধর্মের নিষেধ থাকতে পারে, কিন্তু বৃহত্তর কল্যাণের জন্য অভিনয় দরকার। এখানে উল্লেখ করা জরুরি যে, নজরুলকে মুসলিম সাহিত্য সমাজ-এর বার্ষিক উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানেই তিনি তাঁর ‘খোশ আমদেদ’ গানটি গেয়ে যে শ্রোতাদের মুগ্ধ করেন এই বিবরণ ‘শিখা’র প্রথম সংখ্যায় রয়েছে। এতে এই তথ্যও রয়েছে যে, আলোচনার একপর্যায়ে তিনি বলেন, লক্ষ করছি মুসলমানদের ‘নূতন অভিযান’ শুরু হয়েছে, এই বার্তা সর্বত্র ঘোষণা করবো, ‘এতদিন মনে করতাম আমি একাই কাফের কিন্তু আজ দেখে আশ্বস্ত হলাম যে, মৌলভী আনোয়ারুল কাদির প্রমুখ কতকগুলি গুণী ব্যক্তি দেখছি আস্ত কাফের। আমাদের দল বড় হয়েছে এর চেয়ে বড় সান্ত¦না আর আমি চাই না।’

শিখা-র দ্বিতীয় সংখ্যার শুরুতেও নজরুলের ‘নতুনের গান’ শিরোনামের সেই বিখ্যাত ‘চল্ চল্ চল’ গানটি প্রকাশিত হয়েছে যেটি ছিল ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর দ্বিতীয় বার্ষিক অধিবেশনের উদ্বোধনী সংংগীতও। এ-সংখ্যায় মুসলিম সাহিত্য সমাজ-এর অভ্যর্থনা সমিতির সভাপতি ও সাধারণ সভাপতির অভিভাষণ এবং দ্বিতীয় বর্ষের কার্যবিবরণী ছাড়াও এগারোটি প্রবন্ধ এতে ছাপা হয়েছে। কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধটি পরে বিস্তারিত হয়ে গ্রন্থরূপ পেয়েছে, তাই বোঝাই যায় এটি কতটা সারসূত্রাকারে সেখানে প্রকাশিত। এই প্রবন্ধে ওদুদ রাজা রামমোহন রায়কে বাংলার জাগরণের ‘প্রভাত সূর্য’ বলে আখ্যায়িত করেছেন। অনেক শিক্ষিত ব্যক্তির যে ধারণা এই জাগরণ পাশ্চাত্যের ফল, একথাকে ওদুদ মিথ্যে বলেন না, কিন্তু পুরো সত্য বলেও মেনে নিতে পারেন না; এবং কেন যে তা মানেন না এই জায়গা থেকে ওদুদের আলোচনা ক্রমশ বিস্তার লাভ করেছে। শিখা-র পাঁচটি সংখ্যায় মোট তিনজন নারীলেখকের লেখা রয়েছে, এর একজন মিস ফজিলাতুন নেসা। এ-সংখ্যায় তাঁর প্রবন্ধটির শিরোনাম ‘নারীজীবনে আধুনিক শিক্ষার আস্বাদ।’ বেগম রোকেয়ার কথা মাথায় রাখলে ফজিলাতুন নেসার এই প্রবন্ধে নতুন চিন্তার পরিচয় খুঁজে পাওয়া যাবে না, তবু তিনি তাঁর প্রবন্ধে তখনকার নারীদের অবস্থা তুলে ধরেছেন এবং বলেছেন, ‘পূর্ব্বে স্ত্রী স্বামীর সহধর্ম্মিনী মাত্র ছিল, এখন সহকর্ম্মিনী।’ মৌলভী আবদুল মঈদ চৌধুরী তাঁর ‘স্থাপত্য চর্চ্চায় মুসলমান’ শীর্ষক প্রবন্ধে দেখিয়েছেন, ইউরোপ যখন স্থাপত্য বিদ্যায় উদাসীন ছিল, মুসলমানেরা তখন বাগদাদ, দামেস্ক ও অন্যান্য নগরে শিক্ষাকেন্দ্র তৈরি করে জগৎখ্যাত বই অনুবাদের মাধ্যমে সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল, এখন তা নেই, শিক্ষার স্পৃহাও নেই।                             

১৯২৯ সালে প্রকাশিত শিখা-র তৃতীয় সংখ্যাটিতে সবচেয়ে বেশি লেখা ছাপা হয়েছে এবং সেই সংখ্যাটি নানা কারণে গুরুত্বের দাবি করতে পারে। এখানে রয়েছে মুহম্মদ শহীদুল্লাহ্ ও আবুল মুজফফর আহমদের অভিভাষণ, ‘মুসলিম সাহিত্য সমাজ’ শিরোনামক মোহিতলাল মজুমদারের প্রবন্ধসহ আরও গুরুত্বপূর্ণ কিছু লেখা।

শহীদুল্লাহর কাছে বাংলা ভাষার ঋণ বিপুল, কিন্তু লেখায় মাঝে মাঝে দ্বন্দ্ব এমন প্রবল হয়ে ওঠে যে, তাঁর মতো মনীষীর জন্য তা অশোভন বলে মনে হয়। এই অভিভাষণের শুরুতে সবিনয় সম্ভাষণ জানিয়ে তিনি উল্লেখ করেছেন : “স্বাগত মাতৃভাষার সাধকগণ! স্বাগত মাতৃভাষার সেবক ও ভক্তগণ! ‘আহ্লান্ ওয়া সাহ্লান্’! ‘খোশ আমদেদ্’।” জানি আরবি ও ফারসি ভাষার এই স্বাগতিক শব্দগুচ্ছ অর্থগত দিক থেকে কোনো বিশেষ ধর্মভাবের প্রতিনিধিত্ব করে না, তবু মাতৃভাষার প্রসঙ্গে সম অর্থের পর পর পরভাষার শব্দগুচ্ছ উল্লেখ না করলেও চলত। তবু এটা স্বীকার করতে হবে যে পরবর্তী সময়ে হীন উদ্দেশ্য নিয়ে যেভাবে বাংলা লেখার পরিকল্পনা চলছিল, তিনি ছিলেন তার বিরোধী। এই প্রবন্ধেই তিনি উল্লেখ করেছেন, 

এক শ্রেণীর কাছে বাংলা ভাষা বলতে বোঝায় অনুস্বার বিসর্গ ছাড়া সংস্কৃত। বাংলার সৌভাগ্য যে সে শ্রেণী এখন এক রকম লোপ পেয়েছে। তেমনি অন্যদিকে আর এক শ্রেণী আছে তাদের কাছে বাংলা মানে আরবী-ফারসী-উর্দু—এক অপূর্ব্ব খিচুড়ী। দুই দুটো উদাহরণ দিচ্ছি।

           ১ নম্বর

           চমকি-বিশ্ব নব-বীর্য্য সূর্য্য-নৃপ রজনি-রাজ্য অবসন্নে,
           উদিত উদয় গিরি-কনক-মরু পরি গঞ্জি মঞ্জুমণি বর্ণে।
           দীপ্ত রশ্মিচর সৈন্যনিচয়সম, (বিষম যুগাগ্নি বিনিন্দে)
           ভস্মিল হতকর-পতিত-রজনি-কর-যোদ্ধৃনিকর উড়ুবৃন্দে

           ২ নম্বর
           হলকুমে হানে তেগ ও কে বসে ছাতিতে?
           আফতাব ছেয়ে নিল আঁঠিয়ারা রাতিতে!
           আসমান ভরে গেল গোধূলিতে দুপরে
           লাল নীল খুন ঝরে কুফারের উপরে!

এরপর শহীদুল্লাহ্ লিখেছেন, এই দুই দুলের হাত থেকে বাংলা ভাষাকে রক্ষা করলে বাংলার প্রাণ বাঁচবে, না হলে সে মরে ভূত হয়ে যাবে: ‘একটি নয় দুটো। একটি ব্রহ্মদত্যি, আর একটা মাম্দো। আমরা জীবন্ত বাংলাকে চাই, তার ভূতকে নয়।’ এরপর তিনি বাংলা ভাষার সংস্কার বিষয়ে টেকচাঁদ, বঙ্কিম ও রবীন্দ্রনাথের অবদানের স্বীকৃতি জানিয়ে বাংলা বানান সংস্কার বিষয়ে এমন কিছু প্রস্তাব দিয়েছিলেন যা আজো বাস্তবায়ন করা যায়নি। তিনি সংস্কৃতের দুটো ‘ব’-এর একাকারত্বের উদাহরণ দিয়ে বলেছিলেন, এভাবে বাংলা তিনটি ‘শ’, ‘ষ’, ‘স’, দুটি ‘ণ’, ‘ন’, দুটি ‘জ’, ‘য’-এর একাকারত্ব দরকার, কারণ এমন সংস্কার পালি, প্রাকৃত এবং অপভ্রংশেও হয়েছে।

বানান ছাড়াও অক্ষর-সংস্কার বিষয়ে ১৯২৯ সালে এমন একটি অগ্রসর পরামর্শ দিয়েছিলেন শহীদুল্লাহ্ যা কিছুদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’ পালন করতে শুরু করেছে, আমরা এখনো পারিনি; তিনি বলেছিলেন : ‘যুক্তাক্ষরগুলি অনেক স্থলেই রাসায়নিক মিশ্রণের মত হয়ে আছে। এতে যে খুঁট আখুরে ছেলে মেয়ের প্রাণান্ত হয়ে যাচ্ছে।’ এই পরামর্শ অনুযায়ী যুক্তাক্ষরের অদৃশ্য অক্ষরকে দৃশ্যমান করে তোলার কাজটি যত তাড়াতাড়ি করা যায়, তাতে ভাষার মঙ্গল হবে। এই অভিভাষণে ভাষা ছাড়াও ‘মুসলিম সাহিত্য’ কী অর্থ বহন করে এবং সেটা যে কোনো ‘গোঁড়ামি’ নয়, দীনেশচন্দ্র সেনের মন্তব্য উদ্ধৃত করে তারও একটি ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্যের সারকথা এই যে, হিন্দু সাহিত্য ও মুসলিম সাহিত্য হবে দুই কুঠুরি যাতে সকলেই অবাধ প্রবেশাধিকার থাকবে, হিন্দু সাহিত্য যেহেতু অনেকটাই গড়ে উঠেছে তাই এখন মুসলিম সাহিত্যও গড়ে ওঠা দরকার। এই মুসলিম সাহিত্য যে মুসলিম লেখকদের হাতে গড়ে উঠবে তা নয়, ইতোমধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত, গিরিশচন্দ্র সেন, কৃষ্ণকুমার মিত্র, জলধর সেন ও অক্ষরকুমার মৈত্রেয় প্রমুখের হাতে মুসলিম সাহিত্য রচিত হয়েছে। তিনি যখন স্পষ্ট করে বলেন, ‘হিন্দু সাহিত্য ও মুসলিম সাহিত্য হিন্দুর মন্দির ও মুসলমানের মস্জিদের মত এক সম্প্রদায়ের একচেটে জিনিস নয়’ তখন বোঝা যায়, পরে ‘মুসলিম সাহিত্য সমাজ’ থেকে সরে গেলেও, তার অভিভাষণে বুদ্ধির মুক্তিপন্থিদের সাহিত্যচিন্তার রূপরেখাটি সুন্দরভাবে ফুটে উঠেছিল।

সাধারণ সভাপতির অভিভাষণে মুজফফর আহমদ বলেছিলেন, তিনি জানেন অনেকেই বাঙালি মুসলমানের ভাষা উর্দু হওয়া উচিত বলে আন্দোলন করেন, কিন্তু তা ব্যর্থ হবে, কেননা সেটি বাঙালির প্রকৃতিবিরুদ্ধ; তাঁর মতে, বাংলা ও উর্দুর মধ্যে কোনো মধ্যম পন্থা চলে না; তিনি বলেন উর্দু, ফারসি ও আরবি ভাষার শব্দ ব্যবহার করে বাংলা ভাষা সমৃদ্ধ হতে পারে, রবীন্দ্র-গ্রন্থাবলিতেও তার প্রমাণ আছে। তাঁর মন্তব্যের সমর্থনে তিনি শচীন্দ্রনাথ লাল দাস বর্ম্মণের কবিতা থেকে দুটি দৃষ্টান্ত উদ্ধৃত করেছেন, এখানে তার একটির উল্লেখ করা যেতে পারে:

            আঁখিতে সুর্ম্মারেখা অধরে তাম্বুল
            হেলায় রঞ্জিত তব নখাগ্র রাতুল
            জরিতে জড়িত বেণী রুমালে তাম্বুল
            বাদশার ছিলে তুমি খেলার পুতুল।

মুসলিম সাহিত্য সমাজ ও তাদের মুখপত্র শিখা-য় প্রকাশিত সাহিত্যচিন্তার পরিপ্রেক্ষিতে সমাজের অন্য ক্ষেত্রের প্রতিক্রিয়া কী তা জানা যখন জরুরি ছিল তখন তৃতীয় বর্ষপূর্তিতে মোহিতলাল মজুমদারের মতো উচ্চরুচির সাহিত্যিকের প্রবন্ধটি গুরুত্বের দাবি রাখে। প্রবন্ধের শুরুতেই তিনি উল্লেখ করেন, মুসলিম সাহিত্য সমাজ নামটি তাঁর একটি গোপন আশা ও স্বপ্নকে সত্য করে তুলেছে, কেননা বিগত ২০-২৫ বছর ধরে মাতৃভাষা ও সাহিত্যের প্রতি মুসলমান সমাজের ঔদাসীন্য দেখে তিনি দুঃখ পেয়েছেন। যে-ভাষায় তারা ‘প্রাণের পিপাসা’ মিটায়, যে-মায়ের স্তন পান করে, তাকে স্বীকার করতে কুণ্ঠিত দেখে তিনি ব্যথিত হয়েছেন। তিনি চান, বাংলা ভাষা ও সাহিত্যে মুসলমানদের দান কতটুকু, তার মূল্য কী এ-বিষয়ে তারা সচেতন হয়ে নিজের অধিকার আদায় করে নেবে এবং এই উপলব্ধি করবে যে এ-ভাষা হিন্দু-মুসলমান উভয়ের ভাষা। তিনি বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ ব্যবহারের বিপক্ষে নন, তবে ভাবুক ও প্রতিভাবান লেখকেরা নির্ধারণ করবেন প্রাণের স্ফূর্তির জন্য তা কতটা আবশ্যক। তিনি জোর করে ভাষার উপর বাহ্যিক ছাপ দেবার বিরোধী, কারণ তাতে সাহিত্য সৃষ্টির ব্যাঘাত হয় এবং এক্ষেত্রে সাহিত্যিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য প্রবল হলে মুসলমানেরা লক্ষ্যভ্রষ্ট হবেন এবং তাতে সাহিত্যিক প্রেরণার হানি হবে। মোহিতলাল মজুমদার তাঁর প্রবন্ধে যা বলতে চেয়েছেন, মুসলিম সাহিত্য সমাজ-এর লেখকদের সাহিত্যচিন্তা যে তার বিরোধী নয় শিখা-য় প্রকাশিত প্রবন্ধগুলো পড়লে তা বোঝা যায়।

শিখা-র চতুর্থ সংখ্যায় প্রকাশিত কাজী মোতাহার হোসেনের ‘ধর্ম্ম ও শিক্ষা’ প্রবন্ধটি তার বিষয় এবং সেই সময়কার মুসলিম সমাজের গড় মানসিকতা বোঝার জন্য জরুরি। তিনি লিখেছেন, ধর্ম বিষয়ে উদারভাবে আলোচনা করা কঠিন, কারণ এ-বিষয়ে, বিশেষত মুসলিম সমাজে, একটি ‘গোঁড়া রূপ’ প্রচলিত, সেটি তারা সনাতন সত্য বলে নির্বিচার মানে ও গ্রহণ করে। এই ধরনের লোকেরা নতুন তথ্য ও চিন্তাকে ভয়াবহ মনে করে অসহিষ্ণু হয় এবং তা নিষ্পেষিত করার চেষ্টা করে। তাঁর এই কথাগুলো আবুল হুসেন ও কাজী আবদুল ওদুদকে কেন্দ্র করে তৈরি-হওয়া ওই সময়কার বাদ-প্রতিবাদের বিষয়টির কথা মনে করিয়ে দেয়। এরপরও ওই লেখায় সংগীত বিষয়ে তিনি যে-মত পেশ করেন তা ছিল একই সঙ্গে দায়িত্বশীল ও সাহসী :                     

বাড়ীর হারমোনিয়াম টিপলে বা বাংলা গানের টান দিলে যারা ধর্ম্মনষ্টের ভয়ে চ-মূর্ত্তি ধারণ করেন তারাই কাওয়ালী গান মিলাদ শরীফে উর্দু ফারসী বা আরবী গজল গান শুনে ভাবাবিষ্ট হন। এ স্থলে সঙ্গীত হালাল কি হারাম এ তর্ক মোটেই ওঠে না। যদি সঙ্গীত লোকের প্রাণ স্পর্শ করে, যদি সঙ্গীতের দ্বারা জীবন ছন্দ মধুময় হয়, যদি সঙ্গীত আনন্দ, বিষাদ, ভক্তি, প্রেম প্রভৃতি ভাবের স্বাভাবিক অভিব্যক্তি হয়, তবে তাকে ধর্ম্মের দোহাই রূপ কৃত্রিমতার আবরণ দিয়ে চেপে রাখা কোন রকমেই সঙ্গত নয়। সঙ্গীত সম্বন্ধে যা বলা হল, চিত্র, নাট্য, কারুকার্য্য, ভাস্কর্য্য, প্রভৃতি ললিত কলা সম্বন্ধেও অল্প বিস্তর একথা খাটে।

কাজী মোতাহার হোসেনের এই দৃষ্টিভঙ্গি শিখা-গোষ্ঠীর অন্য সদস্যেরাও নানাভাবে প্রকাশ করে গেছেন। বিশেষত এই সংখ্যায় প্রকাশিত আবুল হুসেনের ‘বৃটিশ ভারতে মুসলমান আইন’ শীর্ষক প্রবন্ধটির কথা উল্লেখ করা যেতে পারে যেখানে লেখক স্পষ্টভাবেই বলেছেন, হজরতের যুগে দেশের প্রয়োজনের কথা মনে রেখে যে-আইন প্রণীত হয়েছিল, এখন তাকে পৃথিবীর সব জায়গায় সব অবস্থায় প্রযোজ্য হবে এই বিশ্বাস সমাজ-রাষ্ট্রের ইতিহাস সমর্থন করতে পারে না। অথচ ব্রিটিশ শাসক সেই ভ্রান্ত বিশ্বাসের আলোকেই সেই আইন প্রণয়ন করেছিল।

শিখা-র পঞ্চম ও শেষ সংখ্যায় অভ্যর্থনা সমিতির সভাপতির অভিভাষণে আবদুর রব চৌধুরী ভাষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেছেন। তাঁর মতে, যারা শিক্ষিত তারা ইংরেজি ও উর্দুর মোহে আচ্ছন্ন, অন্যরা ধর্ম-পুথিতে মশগুল, ‘তর্কের খাতিরে’ ‘দয়াপরবশ’ হয়ে বাংলাকে মাতৃভাষারূপে স্বীকার করা হয় বটে, কিন্তু আন্তরিকভাবে নিজের মতো করে গ্রহণ করা সম্ভব হয়নি; তিনি আশা করেন, বাংলা ভাষা ও সাহিত্য বাংলার মাটি বাংলার জলের উপরে প্রতিষ্ঠিত হবে। তিনি চমৎকার কথাটি বলেছেন লেখ্য ভাষা ও কথ্য ভাষা সম্পর্কে; তাঁর মতে, লেখ্য ভাষা ও কথ্য ভাষার মধ্যে যত দূরত্ব থাকবে তত যে আড়ষ্ট ও নিষ্প্রাণ হবে, যত নিকটবর্তী হবে তত সে সহজ সতেজ ও সুন্দর হবেÑএই ভাবে কথ্য ভাষা আদর্শ হয়ে উঠবে এবং তার ‘বহুরূপী রূপ’কে একত্বের দিকে টেনে আনা যাবে। ক্রিয়াপদের সাধুরীতি গ্রহণ করেই এই মত প্রকাশ করেছেন লেখক, তাই একথা সহজেই বলা যায় যে তিনি কথ্য ভাষার শব্দ, প্রবাদ-প্রবচন, বলার কৌশল প্রভৃতি মাথায় রেখেই কথাগুলো লিখেছেন। প্রমথ চৌধুরীর সবুজ পত্র ইতোমধ্যে যে-দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছে, তাতে এ-কথাগুলোর সত্যতা সহজে আন্দাজ করা যাবে।

শিখা-গোষ্ঠীর লেখকদের লেখায় রাজনৈতিক চেতনা আছে, কোনো কোনো লেখায় প্রবলভাবেই আছে, কিন্তু সরাসরি রাজনীতি বিষয়ে লেখা শিখা-য় নেই, তাই এ-সংখ্যায় আবুল হুসেনের ‘আমাদের রাজনীতি’ শীর্ষক প্রবন্ধটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই প্রবন্ধে তিনি লিখেছেন, ভারতবর্ষে জন্মগ্রহণ করে এখানে আশ্রয় নিয়ে হিন্দু মুসলমান খ্রিষ্টান কেউই পৃথক রাজনীতির দাবি করতে পারে না। কথাগুলো তিনি তাঁর প্রবন্ধের শিরোনামের লক্ষ্য বিষয়ে বললেও এর আলাদা তাৎপর্য আছে, আর অবশ্যই সেটা তাঁর আকাক্সক্ষার মধ্যেই নিহিত। মনে রাখা জরুরি, এই প্রবন্ধটি যখন লিখছেন তখন ব্রিটিশ শাসকেরা ক্ষমতায়, তাই তিনি যেকোনো সম্প্রদায়ের ‘স্বাতন্ত্র্যনীতি’র বিপক্ষে; তাঁর মতে, দেশের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য দরকার ‘গণতন্ত্র’, ‘ভারতবাসী তারা নিজের প্রয়োজন নিজেই নির্ধারণ করবে।’ কার্যত কী হয়েছিল তা এখন কারও অজানা নয়, কিন্তু শিখা-গোষ্ঠীর মুক্তবুদ্ধির অনুসারীরা এই ভাবে তাদের দায়িত্ব পালন করে গেছেন।

১৯২৭ থেকে ১৯৩১—এই সময়ের মধ্যে শিখা-র পাঁচটি সংখ্যায় প্রকাশিত সমাজ, সাহিত্য, ধর্ম, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ে যে-সকল প্রবন্ধ ছাপা হয়েছে সেগুলোর প্রয়োজনীয়তা কি এখন ফুরিয়ে গেছে? ফুরিয়ে যে যায়নি তার কিছু পরিচয় স্বল্পপরিসর আলোচনায় হয়ত দেখা গেছে, কিন্তু আলোচনার বাইরে এমন এমন প্রবন্ধও রয়ে গেছে সেগুলোর অগ্রসর চিন্তা গ্রহণ করবার মতো মন তখনও যেমন ছিল না, আজও নেই। শিবনারায়ণ রায়ের মতো দূরদৃষ্টিপ্রবণ প-িত বহু আগেই শিখা-র আন্দোলন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা কেন যে বলেছেন তা আজ মর্মে মর্মে উপলব্ধি করা যায়। পরিবার সমাজ, রাষ্ট সব জায়গায়ই এখন ঘটা করেই চলে নির্বিচার ধর্মচর্চা, যা আসলে আচারসর্বস্বতারই দৃষ্টান্ত এবং ধর্মহীনতারই অন্য এক রূপ। সেই সঙ্গে বাড়ছে পরধর্মে অনীহা, পরমতে অসহিষ্ণুতা ইত্যাদি। এই অবস্থায় এ-প্রশ্ন উঠতেই পারে যে, তাহলে এই সকল চেতনা ও আন্দোলনের কী প্রভাব পড়লো সমাজে?

সমাজে তার কীরকম প্রভাব পড়েছে তার প্রমাণ দিতে গেলে রীতিমাফিক গবেষণার দরকার; বরং লক্ষযোগ্য প্রভাব পড়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যক্তির ওপর, তাঁরা স্ব স্ব জায়গায় থেকে সাধ্যমতো কাজ করছেন। সংঘ ভেঙে যাওয়ার/দেওয়ার পর নিঃসংঘভাবে যেমন আজীবন সক্রিয় ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, আবদুল কাদির ও আবুল ফজল, এ অনেকটা সেরকমই। বাংলার জাগরণের সঙ্গে মুসলিম সমাজের দূরত্ব বিবেচনায় এনে একাধিক প-িত যে মুসলিম সাহিত্য সমাজ’-এর আন্দোলনকে বাঙালি মুসলমানের বিলম্বিত জাগরণ বলেছেন, তার প্রভাবটা কেন যে ব্যক্তি-ভাবুকদের বাইরে গিয়ে বৃহত্তর জনসমাজে পড়ল না তার অনুসন্ধান করা আজ যুগের দাবি।    

/ইউএস/
সম্পর্কিত
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রসঙ্গ শিখা গোষ্ঠী
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রসঙ্গ শিখা গোষ্ঠী
সর্বশেষ খবর
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত