শিল্পী পরিচিতি
মোস্তাফিজ কারিগরের জন্ম: ১৪ আগস্ট, ১৯৮৬, কুষ্টিয়া, বাংলাদেশ। পেশায় চিত্রশিল্পী। চিত্রকলা বিষয়ে উচ্চতর শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগ থেকে। চিত্রকলা ও সাহিত্যসাধনায় সমান অনুরাগী। কবিতা, ছোটোগল্প ও উপন্যাস মিলে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮। ‘বস্তুবর্গ’ উপন্যাসের জন্য পেয়েছেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৬’।
তার একক চিত্রকলা প্রদর্শনী হয়েছে বাংলাদেশে ২টি ও আমেরিকায় ১টি। দেশে ও বিদেশে কিছু দলীয় চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
পৃথিবীর মুমূর্ষু শরীরে অজস্র নীল ডুমোমাছি—বিষমাছি—প্রকাশ্যঘাতক; আর এক অন্ধ সুড়ঙ্গের ভেতরে পৃথিবী, আমাদের জোড়া ময়ূরের পৃথিবী হারিয়ে ফেলেছে তার আত্মা—তার ফুসফুস বজ্রবিক্ষত, প্রকোষ্ঠে প্রকোষ্ঠে রক্তলাভা—প্রচণ্ড যুদ্ধবিমান পৃথিবীর চোখ ছিনিয়ে নিয়ে পতিত হচ্ছে চিরকালীন হিমমেরুর সমুদ্রে—উলঙ্গ কনজিউমারিজম আর দাঁত খিঁচিয়ে থাকা করপোরেট ঈশ্বরের ভয়ংকর কবলে আকাশ বাস্তুচ্যুত, বাতাসে সিসাসন্ত্রাস, পাহাড় হারিয়ে ফেলেছে তার শেখর, নদীর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে সমুদ্রের পথ তাই সমুদ্র ডুবে যাচ্ছে নৈঃশব্দ্যেবরফের স্রোতে, মারি ও মড়কে ঝরে পড়ছে ফুল ও বিহ্বল পালক—আমাদের ছোটোপাখিগুলোকে খুঁজে পাচ্ছি না—আমাদের পাখিগুলো আরোও অচিন হয়ে পড়ছে...
আমরা, মানুষেরা—ছুটছি; উল্কাখণ্ডের মতো মহারণ্য থেকে মহাকাশে—শান্তি ও আনন্দের খোঁজে—যুদ্ধ দেয়নি সেই খোঁজ, পুঁজিও দেয়নি; প্রতারণা করেছে ধর্মের জিরাফ, সে কেবল গেঁজানো অহিফেন; সাদা পতাকা উড়তে থাকা এক নো-ম্যানস্ ল্যান্ডের দিকে নিয়তিতাড়িত আমরা ছুটছি—কিন্তু কোথায় সেই কল্পতরু, যার ছায়া পেলে সূর্যপোড়া মানুষেরা সংগীত শুনবে একটু...
বাহিরে অনেক পথক্ষয়, শেষমেষ অভ্যন্তরে, নিজেরই—অনন্তকাল ধরে বয়ে চলা সাধনার পরম্পরা সেই অন্তরের মায়ানদীতে ভ্রমণ ছাড়া আর কোনো আশ্রয় নেই; কিন্তু সেই নদীর মাঝির সন্ধান না জানলে চারিদিকে অকূল পাথার...
আমিও সেই অকূল পাথারে, মুর্শিদের খোঁজে—রং ও রেখার কাছে আনত আমি; রং দিয়ে তাকে ছুঁতে চাই, রেখা দিয়ে জড়িয়ে ফেলতে চাই জড়িয়ে পড়তে চাই আলেকের সাথে, মহানাদধ্বনির ভেতরে তলিয়ে যেতে চাই—
রং আর রেখা আমাকে স্বপ্ন দেখায়; রং আর রেখা-ই যেন আমার আলেক সাঁই, স্বপ্নে আমি আলেকের ভেতরে ঢুকে যাচ্ছি আলেক আমার ভেতরে, আমরা দুজন অনন্ত অসীমের পথে ভ্রমণ করছি অযুতলক্ষকাল, আমরা রচিত হচ্ছি—মহানন্দময় চিত্তির...