আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে সমাদৃত উপন্যাসিক, স্মৃতিকথাকার ও সুগন্ধি কারিগর তন্বী নন্দিনী ইসলামের (তানাইস) নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক বিশেষ সাহিত্য সন্ধ্যার আয়োজন করেছে ‘দ্য সেন্টার ফর ফিকশন’।
শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের ব্রুকলিনে এই বিশেষ সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
খ্যাতনামা প্রকাশনী পেঙ্গুইন থেকে প্রকাশিত এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে লেখকের সঙ্গে আলোচনায় অংশ নেবেন এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ড ও ম্যাকআর্থার ফেলোশিপ বিজয়ী খ্যাতনামা মার্কিন লেখক কিজে লেমন।
মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব, প্রযুক্তির রূপান্তর এবং অতীত ও ভবিষ্যতের সংযোগ নিয়ে লেখা তানাইসের এই নতুন স্পেকুলেটিভ বা কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাসটি ইতোমধ্যে পাঠক ও সমালোচকদের নজর কেড়েছে।
‘স্টেলার স্মোক’ উপন্যাসের মূল চরিত্র কামার, যিনি অদূর ভবিষ্যতের এক কোলাহলপূর্ণ শহরের সংগ্রামরত সংগীতশিল্পী। জীবনের নানামুখী টানাপোড়েন ও হৃদয়ভাঙার বেদনা থেকে বাঁচতে তিনি শৈশবের দ্বীপে ফিরে যান, যেখানে তার মা ভেদা’র বাস। বিজ্ঞানী, অভিনেত্রী ও এককালের কাল্ট লিডার মায়ের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা দূর করাই ছিল কামারের মূল লক্ষ্য। কিন্তু দ্বীপে গিয়ে কামার দেখতে পান মা বা বোন পালো কেউই সেখানে নেই।
তবে একটি বিশেষ প্রযুক্তিনির্ভর কক্ষের পেছনে কামার উন্মোচন করেন তার মায়ের জীবনের শেষ সৃষ্টি, একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘মেশিন কনসাসনেস’, যার নাম দেওয়া হয়েছে ‘ভেদা’ (VEDA)। কৃত্রিম এই প্রযুক্তির ভেতর দিয়ে কামারকে এক ভার্চুয়াল যাত্রায় শামিল হতে হয়, যেখানে উন্মোচিত হতে থাকে তাদের পরিবারের নানা গোপন ট্র্যাজেডি, সামাজিক নিষেধাজ্ঞা এবং ভবিষ্যতের অবিশ্বাস্য সম্ভাবনা।
বাংলাদেশি বংশোদ্ভূত তন্বী নন্দিনী ইসলাম (তানাইস) একজন আমেরিকান কথাসাহিত্যিক, সুগন্ধি নির্মাতা এবং ব্রুকলিন-ভিত্তিক সৌন্দর্য ও সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্টুডিও তানাইস’-এর প্রতিষ্ঠাতা। নন্দিনীর জন্ম ইলিনয়ে। এরপর হিউস্টন, কলাম্বিয়া এবং সেন্ট লুইসের মতো বিভিন্ন শহরে শৈশব কেটেছে। ভাষার কলেজ থেকে উইমেন স্টাডিজে বিএ করেন নন্দিনী। যদিও তার আগ্রহের জায়গা ছিল পারফরমেন্স আর্ট। ব্রুকলিন কলেজ থেকে এমএফএ করেন ক্রিয়েটিভ রাইটিংয়ে।
তার বই ‘ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল’ নন-ফিকশন বিভাগে সম্মানজনক কার্কাস পুরস্কার লাভ করে। এর আগে তার প্রথম কোয়ের উপন্যাস ‘ব্রাইট লাইনস’ সেন্টার ফর ফিকশন ফার্স্ট নভেল প্রাইজ ও ব্রুকলিন ঈগলস লিটারারি প্রাইজের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল। বিখ্যাত ওয়াসার কলেজ ও ব্রুকলিন কলেজে পড়াশোনা করা তানাইস বর্তমানে নিউইয়র্ক শহরে বসবাস করছেন।
অনুষ্ঠানে তানাইসের সঙ্গে আলোচনায় অংশ নিতে যাওয়া কিজে লেমন হলেন রাইস ইউনিভার্সিটির ইংরেজি ও ক্রিয়েটিভ রাইটিং বিভাগের অধ্যাপক। তার রচিত স্মৃতিকথা ‘হেভি: অ্যান আমেরিকান মেমোয়ার’ অ্যান্ড্রু কার্নেগি মেডেলসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
অনুষ্ঠান শেষে লেখক তন্বী নন্দিনী ইসলাম পাঠকদের সুবিধার্থে বইয়ে স্বাক্ষর প্রদান করবেন। প্রযুক্তি, মানবিক আবেগ ও মাতৃত্বের মনস্তাত্ত্বিক বন্ধন নিয়ে রচিত ‘স্টেলার স্মোক’ সাহিত্যপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে।