লাল ঘোড়া, লাল দানব
গোল্ডফিশের মতো ভুলে যাই সবকিছু।
তুমি কবে ছুঁয়েছিলে হাত, মনে পড়ে না।
অ্যাকোয়ারিয়ামে ডুবে যাই, রিং পেরোই,
খাদ্য খুঁজি। ভাবি— ভ্রাম্যমাণ ব্ল্যাকহোল
যদি পৃথিবীর পাশে এসে দাঁড়ায়,
ধ্বংসের লীলায় মগ্নতা কেমন হবে?
সূর্য গ্রহগুলো গ্রাস করে ফেলছে, আর
পৃথিবীতে ঝরছে আদিম উল্কাবৃষ্টি।
হয়তো এমন দিনে ডাইনোসররা ধ্বংস
হয়েছিল। তোমার প্রেমে ধ্বংস হই।
বলি মহাবিপর্যয়ের কথা—
সুপারনোভা বিস্ফোরণের মতো ছড়িয়ে
পড়ি যেন পরমাণুর ক্ষুদ্রকণা।
কেবল তোমাকে ভালোবেসে হয়ে উঠি—
লাল ঘোড়া, লাল দানব।
জিব্রাল্টার প্রণালি
বাঘের হৃদয় নিয়ে হরিণীর প্রেমে পড়েছিলাম।
তাকে অনুসরণ করে ঝরনার নিকটে আসি।
মাংসাশীদের যা স্বভাব—দেহে ঠান্ডা আগুন।
নদীতে কুমিরের ‘ডেথ রোল’ দেখছিল পাখিরা।
যখন চোয়ালের কাছে এলো মহাপ্রেমের ঘূর্ণন,
শুরু হলো। তুমিও পেয়েছ মাদি কুমিরের স্বভাব।
গোপনে প্রদর্শন করো দয়া, আড়ালে বলো—
গণ্ডারদের নিঃসঙ্গতা। এমন ভয়াবহ নিঃসঙ্গতা
নিয়ে তোমার প্রেমে পড়েছিলাম।
তুচ্ছতায় তুমি হেসে উঠলে, গাছ থেকে পাখিরা
উড়ে যায় ভয়ে, দেহ ছেড়ে পালায় আত্মা।
আমাদের দূরত্ব যেন জিব্রাল্টার প্রণালি—
পাশাপাশি স্বাদু ও নোনাপানির স্রোতোধারা,
তবু বিচ্ছিন্ন চিরকাল।