ঢাকার ‘মুসলিম সাহিত্য-সমাজ’

যখনই আমরা কোনো পুরোনো সাহিত্য-পত্রিকা পড়ি তখনই অতীত কথা কয়ে ওঠে। কিন্তু কথা কয়ে ওঠে অতীতের ভাষায়, দূর থেকে, সমস্বরে কিন্তু বিচিত্র স্বরে, সে স্বরের খানিকটা বর্তমানে এসে পৌঁছে, খানিক-বা পৌঁছে না। এর কারণ সময়ের অগ্রগতির সঙ্গে দৃষ্টিকোণ, সমস্যা, জীবনরীতি সবকিছু নিয়ে সমাজ পরিবর্তিত হয়ে যায়, এবং সে পরিবর্তন যে কতখানি তা বিশেষভাবে ধরা পড়ে পুরোনো পত্রিকা পড়লে। কেননা সচেতনভাবে হোক বা অচেতনভাবে, প্রত্যেকটি পত্রিকাই তার সমকালের সমাজকে প্রতিফলিত করে (সাহিত্যও কি তাই করে না?)। যে-কোনো মতবাদই প্রচার করুক, যত অগ্রসর মতবাদই প্রচার করুক, পত্রিকামাত্রেরই প্রকৃতি ও কর্তব্য এই-ই। তারপর সময় তার কাজ করে যায়, পত্রিকার পাতাগুলো ক্রমে বিবর্ণ হয়ে ওঠে, এবং তার ওপর ধুলো জমতে থাকে। তারপর একদিন আশ্চর্য হতে হয়, যা এক সময় চাঞ্চল্যকররূপে নূতন মনে হতো, বৈপ্লবিক মনে হতো তাও কত পুরোনো হয়ে যেতে পারে।

ঢাকার আধুনালুপ্ত ‘মুসলিম সাহিত্য-সমাজে’র মুখপত্র শিখা এই নিয়মের ব্যতিক্রম নয়। এটি ছিল একান্তভাবে মতবাদমূলক বার্ষিক পত্রিকা, এতে গল্প-উপন্যাস-নাটক-কবিতা ছাপা হতো না, ‘সাহিত্য-সমাজের বিভিন্ন অধিবেশনে পঠিত প্রবন্ধ অভিভাষণ এবং প্রতিষ্ঠানের কার্যবিবরণীই শুধু ছাপা হতো: কুচিৎ প্রাপ্ত-প্রবন্ধ এবং অন্যান্য রচনাও। সমালোচক-মহল পত্রিকাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, এমনকী কেউ কেউ ‘সাহিত্য-সমাজ’-এর লেখকগণকে ‘শিখাপন্থী’ বলেও উল্লেখ করতেন। এতে যে-সব মতামত প্রকাশ করা হতো তার প্রশংসা ও নিন্দা দুই-ই করা হতো, তবে প্রশংসা যতটা নয় নিন্দা বোধ হয় তার চেয়ে অনেক বেশি। প্রশংসা বা নিন্দা যে-কোনো উল্লেখযোগ্য লেখক বা লেখকগোষ্ঠীরই অনিবার্য নিয়তি, কিন্তু 'মুসলিম সাহিত্য-সমাজ-এর' কোনো কোনো লেখকের বেলায় নিন্দা লাঞ্ছনার পর্যায়ে পৌঁছেছিল, এমনকি নির্যাতনের পর্যায়ে বলেও শোনা যায়। কিন্তু সব পুরোনো পত্রিকার মতোই শিখার পৃষ্ঠাগুলোও বিবর্ণ হয়ে উঠেছে এবং তার ওপর ধুলো জমেছে। আজ আশ্চর্য হতে হয় কত সামান্য ব্যাপার নিয়ে সেদিন ঝড় উঠতে পেরেছিল: সামান্য কিন্তু কত অসামান্য মনে হয়েছিল সেদিনের কাছে। পুরোনো শিখা পড়লে নূতন করে প্রতীয়মান হয় যে-সময় কোনো সমাজে, এমনকি আমাদের সমাজেও স্থাণু হয়ে থাকে না। সময়ের হস্তাবলেপ শিখার উপরেও অভ্রান্ত, কিন্তু এতে তার অগৌরবের কিছু নেই, বরং এই-ই তার গৌরবের। কেননা সময়ের সচলতাই ছিল তার কাম্য।

শিখা প্রথম সংখ্যা বেরিয়েছিল বাংলা ১৩৩৩ সালের চৈত্র মাসে, পঞ্চম এবং শেষ সংখ্যা ১৩৩৮ সালে। সম্পাদক হিসেবে যাঁদের নাম ছাপা হয়েছিল তাঁরা হচ্ছেন, প্রথম বর্ষে আবুল হুসেন (তিনি নিজের নামের এই বানান লিখতেন), দ্বিতীয় ও তৃতীয় বর্ষে কাজী মোতাহার হোসেন, চতুর্থ বর্ষে মোহাম্মদ আবদুর রশিদ এবং পঞ্চম বর্ষে আবুল ফজল। পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পরেও ‘সাহিত্য-সমাজ’ আরও কয়েক বছর টিকে ছিল এবং যে প্রথম পাঁচ বছর শিখা প্রকাশিত হয়েছিল সে-সময়েও এই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় লেখকদের অনেক বিখ্যাত প্রবন্ধ শিখায় ছাপা হয় নি, হয়েছিল অন্যত্র, যেমন কাজী আবদুল ওদুদের সম্মোহিত মুসলমান বা আবুল হুসেনের আদেশের নিগ্রহ নিষেধের বিড়ম্বনা ইত্যাদি। তবু এ-কথা দ্বিধাহীনভাবেই বলা যায় যে যে-সব মতবাদের জন্যে 'মুসলিম সাহিত্য-সমাজ' চিহ্নিত, প্রশংসিত ও নিন্দিত তার অধিকাংশই এবং প্রধান অংশই এতে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধে ও অভিভাষণে ব্যক্ত হয়েছে। এইজন্যে শিখায় প্রকাশিত মতবাদের পরিচয় বহুলাংশে ‘মুসলিম সাহিত্য-সমাজ’-এরও মতবাদের পরিচয়, এবং সেই সঙ্গে পরিচয় বাঙালি মুসলিম সমাজের কালান্তরেরও। শিখার পুরোনো সংখ্যাগুলো 'সাহিত্য-সমাজ'-এর মতবাদের পূর্ণ পরিচয় ধারণ করে না, কিন্তু কালান্তরের যে পরিচয়টুকু বহন করে তা সুস্পষ্ট।

২

বাংলা ১৩৩২ সালে, ইংরেজি ১৯২৬ সালের জানুয়ারি মাসে ঢাকায় 'মুসলিম সাহিত্য-সমাজ' গঠিত হয়। এর চিন্তার প্রধান প্রেরণা আসত কাজী আবদুল ওদুদ এবং আবুল হুসেনের কাছ থেকে। বুদ্ধির মুক্তি ছিল এই সাহিত্য-সংস্থার মূলমন্ত্র। আধুনিক জগতের চিন্তাধারার পরিপ্রেক্ষিতে এবং যুক্তিবাদের আলোকে বাঙালি মুসলিম-সমাজের তৎকালীন সমাজ-চিন্তা, ধর্মচিন্তা ও মূল্যবোধগুলোর বিচার করাই ছিল সাহিত্য-সমাজের লক্ষ্য। বাংলা ভাষা ও সাহিত্য এবং মুসলমানদের সাহিত্য-সমস্যা সম্বন্ধেও তাঁদের বক্তব্য ছিল, কিন্তু লক্ষ করার বিষয়, প্রতিষ্ঠানগতভাবে সৃষ্টিধর্মী সাহিত্য 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর লক্ষক্ষ্মীভূত হয় নি। কিন্তু এ প্রসঙ্গ পরে। 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর লেখকদের দৃষ্টি ছিল যুক্তিবাদীদের দৃষ্টি, চিন্তা-সংস্কারের দৃষ্টি এবং সমাজ-সংস্কারের। তাঁদের দৃষ্টি ছিল রেনেসাঁর দৃষ্টি: চিন্তার গতানুগতিকতা থেকে এবং ঐতিহ্যের অন্ধ-অনুবর্তিতা থেকে তাঁরা বাঙালি মুসলিম-সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন, অতীতের, ইসলামের এবং বর্তমানের যা-কিছু ভালো তা আত্মসাৎ করে তাকে দাঁড় করাতে চেয়েছিলেন সঙ্কীর্ণতামুক্ত সুস্থ উদার বিশ্বমানবতার আকাশতলে, যেখানে বাঙালি মুসলমান বিশ্বজনীন চিন্তার অংশীদার, এবং আধুনিক জগতের প্রাগ্রসর সমাজ ও জাতিসমূহের সমপর্যায়ে সৃষ্টিচঞ্চল। 'মুসলিম সাহিত্য-সমাজ'।

------------------------------------

১. প্রথম সংখ্যায় প্রকাশিত বার্ষিক 'বিবরণী'তে সাহিত্য-সমাজের সম্পাদক আবুল হুসেন লিখেছেন, 'শ্রীমান আবদুল কাদির প্রমুখ আমাদের কতিপয় নবীন সাহিত্য-প্রাণ বন্ধু মিলে গত বৎত্র ১৯শে জানুয়ারি শ্রদ্ধাস্পদ মৌঃ মুহম্মদ শহীদুল্লাহ সাহেবের পৌরোহিত্যে এই সাহিত্য-সমাজের ভিত্তি-প্রতিষ্ঠা করেছিলেন।' মোট পাঁচজনকে নিয়ে এর কর্ম-সংসদ গঠিত হয়েছিল, তার মধ্যে একমাত্র আবুল হুসেন ছিলেন অধ্যাপক, অন্যান্যরা ছাত্র। সম্পাদক ব্যতীত প্রতিষ্ঠানের সভাপতি বা আর কোনো কর্মকর্তা নির্বাচন করা হয় নি।

তৃতীয় সংখ্যা 'শিখা'য় প্রকাশিত তৃতীয় বার্ষিক বিবরণীতে বলা হয়েছে 'শ্রদ্ধেয় ড. মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক কাজী আবদুল ওদুদ, তরুণ কবি আবদুল কাদির, অধ্যাপক মৌঃ আনোয়ারুল কাদির প্রভৃতি কয়েকজন উদ্যমশীল ব্যক্তি প্রথমে এই সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত করেন।'

------------------------------------

যে ঐতিহাসিক মুহূর্তে গঠিত হয়েছিল এবং কাজ করেছিল সে-সময়ে এটাই ছিল স্বাভাবিক। বস্তুত বলতে গেলে বহির্বিশ্বের এবং এই উপমহাদেশের কতকগুলি ঘটনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রুগ্ন তুরস্কের মধ্যযুগীয় খোলস ত্যাগ, খেলাফতের অবসান এবং ধর্মনিরপেক্ষ নবীন তুর্কি রাষ্ট্রের সবল আত্মপ্রতিষ্ঠা। রক্ষণশীল পাঠানদেশ আফগানিস্তানে বাদশা আমানুল্লাহর সমাজ-সংস্কার-প্রচেষ্টাও প্রায় সমসাময়িক ঘটনা। সারা মুসলিম জাহানেই তখন শোনা যাচ্ছিল নব-জাগরণের কল-কল্লোল। সে যুগের পাক-ভারতের দিকে তাকালে দেখতে পাই, 'সাহিত্য-সমাজ' গঠিত হওয়ার অল্প কয়েক বছর আগে সারা পাক-ভারতে হিন্দু-মুসলমান মিলিতভাবে সংগ্রাম করেছে। দৃষ্টি আরেকটু সঙ্কুচিত করলে দেখা যায় বাংলা সাহিত্যের অঙ্গনে তখন একটা নূতন পর্যায়ের সূচনা হয়েছে: নজরুল তাঁর চোখ-ঝলসানো দীপ্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। এবং বিশেষভাবে মুসলিম সমাজের মূল্যবোধগুলোকে নূতন দৃষ্টিভঙ্গিতে দেখে কাজী ইমদাদুল হক তাঁর আবদুল্লাহ উপন্যাস রচনা করেছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন তাঁর সামাজিক প্রবন্ধগুলো। সৈয়দ আমির আলি লিখিত দি স্পিরিট অব ইসলাম আরও আগে প্রকাশিত। পার্শ্ববর্তী হিন্দু-সমাজের সারা উনিশ শতক এবং বিশ শতকের প্রথম পাদব্যাপী নব-জাগরণ-সাধনার দৃষ্টান্ত তো সকলের সামনেই ছিল দেদীপ্যমান। রাজনীতি, সমাজ ও সাহিত্য-ক্ষেত্রের এতগুলো ঘটনার অত্যন্ত স্বাভাবিক পরিণতি 'মুসলিম সাহিত্য-সমাজ'। এ-সব ঘটনার কথা মনে রাখলে বোঝা যায়, 'সাহিত্য-সমাজ' যাঁরা গঠন করেছিলেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাঁরা ছিলেন সচেতন মনের অধিকারী, তাঁরা সমকালীন ইতিহাসের তাৎপর্য বুঝেছিলেন এবং এই ইতিহাস থেকে নিজেদের বিচ্ছিন্ন না রেখে এই ইতিহাসের সঙ্গে সামিল হয়ে তাঁরা মুসলিম চিন্তাজগতে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চেয়েছিলেন।

কিন্তু এই তাৎপর্যের কথা তখনকার মুসলিম-সমাজ পুরোপুরি বোঝে নি। না বোঝার কারণ ছিল। 'সাহিত্য-সমাজ'-এর লেখকেরা বলেছিলেন বুদ্ধির মুক্তির কথা। তাঁরা আধুনিক জগতের পরিপ্রেক্ষিতে এবং যুক্তিবাদের আলোকে তৎকালীন মুসলমানদের সমাজচিন্তা ধর্মচিন্তা ও মূল্যবোধগুলাকে নূতন করে দেখতে চেয়ছিলেন, বলেছিলেন, বহু শতাব্দী আগে মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়ার চিন্তানায়কগণ যে-সব চিন্তা করে গেছেন তাতেই মুসলমানদের যাবতীয় চিন্তার ইতি হয়ে যায় নি এবং নূতন চিন্তার প্রয়োজন ফুরিয়ে যায় নি, যুগে যুগে নূতন চিন্তার প্রয়োজন ছিল, এবং আজো আছে। সাহিত্য-সমাজের লেখকদের ভাষাটা ঠিক এই রকম ছিল না, কিন্তু তাঁদের চিন্তা ধারা এবং বক্তব্যটি ছিল এই রকম। নূতন চিন্তার আভাস পেলে রক্ষণশীলেরা চিরদিনই শঙ্কিত হয়ে ওঠেন, সেদিনও হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর লেখকেরা ইসলাম-বিরোধী। 'সাহিত্য-সমাজ'-এর লেখকদের সব মতামতই একেবারে আনকোরা নূতন ছিল না, তাঁদের কোনো কোনো মতামত ছিল সৈয়দ আমির আলির দি স্পিরিট অব ইসলাম গ্রন্থে ব্যক্ত মতামতেরই প্রতিধ্বনি (বিশেষ করে কোনো কোনো ইসলামি বিধান সংস্কার-সম্পর্কিত মতামত), এবং বস্তুত তাঁরা ইসলামকে অস্বীকার তো করতেনই না বরং হজরত মোহাম্মদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, তথাপি তাঁদের বিরুদ্ধে ইসলাম-বিরোধিতার অভিযোগ উঠেছিল। কারো মতের সঙ্গে না মিললে ইসলাম-বিরোধী বা রাষ্ট্রবিরোধী বলার রেওয়াজ এ-কালে সুপরিচিত, অতএব বহুলাংশে গুরুত্বহীন, কিন্তু সে সময়ে এ-রূপ অভিযোগের যথেষ্ট গুরুত্ব ছিল, এবং অভিযোগটা সাহিত্য-সমাজের কারো পক্ষে লাঞ্ছনার কারণ হয়েছিল।

মুসলিম সমাজের কোনো বিশেষ সমস্যা সম্বন্ধে নয়, এই সমাজ সম্বন্ধে সর্বব্যাপী ছিল 'সাহিত্য-সমাজ'-এর বক্তব্য। এর অর্ন্তজীবন ও বর্হিজীবন, এর মনন ও আচরণ এর কুসংস্কার, পরিবার-জীবন, সামাজিক প্রথা, গোঁড়ামি, অতীতমুখীনতা, পশ্চিমমুখীনতা, ললিতকলা-বিমুখতা, শিক্ষা-সমস্যা, কোনো কিছুকেই 'সাহিত্য-সমাজ' এড়িয়ে যেতে চান নি, সব কিছু সম্বন্ধে সমকালীন চিন্তারার গলদ তাঁরা উন্মোচন করেছেন। তাঁদের কয়েকটি বক্তব্যের (যা আজ নিতান্ত মামুলি মনে হবে, কিন্তু সেদিন মামুলি ছিল না) বিবরণ দিলে বোঝা যাবে তাঁদের দৃষ্টিভঙ্গি কী ছিল, সমাজের চিন্তাধারা তখন কোন স্তরে ছিল এবং এখনই-বা কোন স্তরে পৌঁছেছে।

'সাহিত্য-সমাজ'পন্থীরা অবরোধ-প্রথার বিরোধী ছিলেন। (অবশ্য এ-ব্যাপারে বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন ছিলেন তাঁদের অগ্রবর্তিনী)। অনুমান করতে কষ্ট হয় না, 'সাহিত্য-সমাজ'পন্থীরা এই প্রথার বিরুদ্ধতা করে রক্ষণশীল সমাজকে শঙ্কিত করে তুলেছিলেন। আজ যখন আমরা মুসলিম তরুণী ও মহিলাদের দেখি সাবলীল পদক্ষেপে প্রশস্ত রাজপথ দিয়ে হেঁটে যেতে, উন্মুক্ত ময়দানে ক্রীড়া-প্রতিযোগিতা করতে, বলিষ্ঠ পেশির প্রয়োগে আগ্নেয়াস্ত্রের চর্চা করতে, বিচিত্রানুষ্ঠানে ও নাট্যমঞ্চে সঙ্গীত, নৃত্য ও অভিনয়ের শিল্প আনন্দ বিকীর্ণ করতে, তখন আমরা কল্পনাও করতে পারি না যে তিরিশ বছর আগে কোনো সাহিত্য-সভায় মুসলিম মহিলার উপস্থিতি আশ্চর্যজনক ব্যাপার ছিল এবং সমাজের আপত্তিও তাতে ছিল প্রচুর। 'সাহিত্য-সমাজ'-এর কার্যবিবরণী পড়ে আমরা আজ তাই কৌতুক বোধ করি যে এর দ্বিতীয় বছরের দু-একটি সভায় দু-একজন মহিলা আসতে আরম্ভ করেছিলেন, এটা সেকালে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা বলে গণ্য হয়েছিল।

'মুসলিম সাহিত্য-সমাজ'-এর আরেকটা নীতি ছিল ললিতকলার চর্চা সমর্থন। চিত্রকলা, সঙ্গীত, নৃত্য ও নাট্যভিনয়ের চর্চা মুসলমানদেরও করা উচিত এই তাঁরা বলতেন এবং এ-ব্যাপারে মোল্লাদের বিরোধিতার সমালোচনা করতেন। ললিতকলা আজ মুসলিম সমাজে অজ্ঞাত নয়, এমনকী বেশ-কিছুটা বিকাশলাভও করেছে, আর্টি ইনস্টিটিউট, বুলবুল একাডেমি এবং এদের চিত্র-প্রদর্শনী ও বিচিত্রানুষ্ঠানগুলো আজ ঢাকার সাংস্কৃতিক জীবনের অপরিহার্য অঙ্গ, কিন্তু ললিতকলা যে মুসলমানদের আদৌ চর্চা করা উচিত এবং এতে দোষের কিছু নেই, এ-কথা সেদিন 'সাহিত্য-সমাজ'কে বারবার বলতে হয়েছিল। সাহিত্য-সমাজের প্রথম বার্ষিক সম্মেলনে পঠিত নাট্যাভিনয় ও মুসলমান সমাজ শীর্ষক এক প্রবন্ধের আলোচনার বিবরণ দিতে গিয়ে সম্পাদক লিখেছিলেন:

প্রবন্ধ শুনে কেউ বিশেষ চটেছেন বলে মনে হয় না-তবে কেউ কেউ বলেছেন, 'তাও কি সম্ভব? মেয়ে সেজে রঙ্গমঞ্চে নাচাকুঁদা কি জায়েজ? একেবারে হারাম, নাউজুবিল্লাহ'। -শিখা প্রথম বর্ষ ১৩৩৪

সাহিত্য-সমাজের দ্বিতীয় বছরের দু-একটি সাহিত্য-সভায় দু-একজন মুসলিম গায়ক গান গেয়েছিলেন, এ একটা উল্লেখযোগ্য প্রগতি বলে সে-বছরের কার্যবিবরণীতে বর্ণিত হয়েছিল।

সুদ-প্রসঙ্গেও সাহিত্য-সমাজের কিছু বক্তব্য ছিল এবং এ-সম্বন্ধে তাঁরা অনেক কথা বলেছন। এর লেখকেরা অবশ্য 'রেবা' বা মহাজনী সুদ সমর্থন করতেন না; কিন্তু সেভিংস ব্যাঙ্কের সুদ ছেড়ে দেওয়া মুসলিম সমাজের একটা বিরাট আর্থিক ক্ষতি বলে তাঁরা মনে করতেন। সুদ হারাম এই জ্ঞানে মুসলমানেরা সেই সময়ে, এবং পরেও এই বাবতে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার সুদ ছেড়ে দিত এবং সরকার এই সুদের টাকা দান করতেন খ্রিস্টান মিশনারিগণকে। আজো যে মুসলিম সমাজের সকলেই নির্দ্বিধায় সুদ গ্রহণ করেন তা হয়তো নয় কিন্তু পাকিস্তানের সরকারি ব্যাঙ্কিং ও ব্যবসায়গত পর্যায়ে সুদ এখন আর কোনো সমস্যাই নয়, এ-সব ক্ষেত্রে কালের গতি সাহিত্য-সমাজপন্থীদের বিরুদ্ধে যায় নি।

'সাহিত্য-সমাজ'-এর মুখপত্র শিখা পড়ে আরও একটা ব্যাপারে আমাদের আশ্চর্য হতে হয়। স্বাধীনতার যুগে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ফলে পাকিস্তানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষারূপে স্বীকৃতি লাভ করেছে, কিন্তু 'সাহিত্য-সমাজ'-এর লেখকগণকে এর চেয়েও একটা মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে হয়েছিল। সেই সময়ে বাংলার মুসলিম অভিজাত বংশীয় কোনো কিছু নেতৃস্থানীয় ব্যক্তি উর্দুকে বাঙালি মুসলমানদের শিক্ষা ও সাহিত্যের ভাষা হিসেবে চালু করার চেষ্টা করেছিলেন। 'সাহিত্য-সমাজ'-এর প্রথম বর্ষের কার্য-বিবরণী দিতে গিয়ে সম্পাদক আবুল হুসেন লিখেছিলেন:

(কাজী ইমদাদুল হকের মৃত্যুতে অনুষ্ঠিত) এই শোক-সভার শেষভাগে 'বাংলা বাঙালি মুসলমানের শিক্ষার বাহন হওয়া উচিত,' এই কথার আলোচনা শুরু হয়। মৌঃ মুঃ শহীদুল্লাহ সাহেব এ-কথা বিশদভাবে বুঝিয়ে দিলে মৌঃ খোন্দাকার ফয়জুদ্দিন সাহেব উহা সমর্থন করতে গিয়ে নাতিদীর্ঘ একটি সন্দর্ভ পড়েন। তারপর স্যার আবদুর রহিমের উক্তির বিরুদ্ধে মত প্রকাশের ভয়েই হোক বা তাঁর উক্তির প্রতি শ্রদ্ধা করেই হোক সমবেত ভদ্রমণ্ডলীর মধ্যে এ-সম্বন্ধে একটা চাঞ্চল্য দেখা যায়। তখন অগত্যা সভা ভেঙ্গে দেওয়া হয়। -শিখা, ১মবর্ষ

'সাহিত্য-সমাজ'-এর প্রথম বার্ষিক সম্মেলনের সভাপতির অভিভাষণ দিতে গিয়ে খান বাহাদুর তসদ্দুক আহমদ বলেছিলেন:

এই বাংলাদেশে এমন অনেক মুসলিম আছেন যাঁরা বাঙ্গালা ভাষাকে তাঁহাদের মাতৃভাষা বলিয়া স্বীকার করিতে লজ্জা বা অপমান বোধ করেন। -শিখা, ১ম বর্ষ

একই সম্মেলনে অভ্যর্থনা-সমিতির সভাপতির অভিভাষণ দিতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমান বলেছিলেন:

আমারই জীবনে এমন একটা সময় দেখেছি যখন নিজের ভাষাটা না জানাই সভ্যতার চিহ্ন বলে ধরা হত। -শিখা, ১মবর্ষ

'সাহিত্য-সমাজ'-এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনেও একই প্রসঙ্গের উল্লেখ করা হয়েছিল। এই সম্মেলনে অভ্যর্থনা-সমিতির অভিভাষণ দিতে গিয়ে ঢাকা মুসলিম হলের তৎকালীন প্রভোস্ট এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহমুদ হাসান নিজে অবাঙালি হওয়া সত্ত্বেও বলেছিলেন:

বাংলাদেশে জোর করে উর্দুকে মাতৃভাষা করতে চাওয়ার মত আহাম্মকি আর নাই। বাংলার মুসলমান এতদিন অনর্থক উর্দুর পিছু পিছু ছুটে মারাত্মক ভুল করেছে। তাই আজ তারা অন্যান্য প্রদেশের মুসলমানদের চেয়ে অনুন্নত। - শিখা, ২য়বর্ষ ১৩৩৫

আমাদের সমাজ সমগ্রভাবে না হলেও বহুলাংশে বাংলা ভাষা সম্বন্ধে কী-রূপ মনোভাব পোষণ করতেন তা এইসব উদ্ধৃতিতে সুস্পষ্ট। বাংলা ভাষার প্রতি বাঙালি মুসলমানদের প্রীতির প্রবাহ আজ বিশালকায় ও দুকূলপ্লাবী, কিন্তু এর উৎস-ধারার পুষ্টি-সাধন ও এতে বেগ-সঞ্চারের কৃতিত্ব সাহিত্য-সমাজের কম নয়।

মুসলমানদের শিক্ষাকে আরবি-ফারসি-সর্বস্ব করায় 'সাহিত্য-সমাজপন্থী'দের আপত্তি ছিল। শিখার প্রথম সংখ্যায় প্রকাশিত বাঙালি মুসলমানদের শিক্ষা-সমস্যা শীর্ষক প্রবন্ধে আবুল হুসেন বলেছেন, 'যুগ-বিশেষের মন্ত্র ও শাস্ত্র কণ্ঠস্থ করাই শিক্ষার চরম পদ্ধতি বলে গণ্য হলে সে শিক্ষা জীবনকে সংযত-সুন্দর করতে পারে না।' প্রবন্ধের উপসংহারে তিনি বলেছেন, 'আজ আমাদের সকল দুর্গতির কারণ হচ্ছে আমাদের আড়ষ্ট বুদ্ধি, অন্ধবিশ্বাস, বর্তমান জীবন সম্বন্ধে ঔদাসীন্য, এবং বর্তমান জগতের জ্ঞানের সঙ্গে আমাদের সম্পর্কহীনতা। তার জন্য মাদ্রাসা-শিক্ষা-পদ্ধতি অনেকখানি দায়ী।' সাহিত্য-সমাজের চতুর্থ বার্ষিক সম্মেলনের সভাপতি খান বাহাদুর নাসিরুদ্দিন তাঁর অভিভাষণে বলেছিলেন, 'মাদ্রাসা-শিক্ষার প্রতি আমাদের মুসলমানদের অতিরিক্ত নজর থাকাতে শিক্ষা-বিষয়ে তথা আর্থিক অবস্থা প্রভৃতি অন্যান্য বিষয়েও প্রতিবেশী হিন্দুদের চাইতে অনেক পিছনে পড়ে যাচ্ছি।' 'সাহিত্য-সমাজী'রা যখন এ-সব কথা বলেছিলেন তখন তাঁরা যুগের প্রয়োজনেরই প্রতিধ্বনি করেছিলেন।

'সাহিত্য-সমাজী'রা সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন। এখানে সাম্প্রদায়িকতা অর্থে মুসলিম সাম্প্রদায়িকতা যেমন, তেমনি হিন্দু সাম্প্রদায়িকতাও (এ-সম্বন্ধে পরে আমরা কিছু আলোচনা করব)। তাঁরা ছিলেন জাতীয়তাবাদী। 'জাতীয়তাবাদী' শব্দটা অবশ্য পরবর্তীালে ভারতীয় মুসলমানদের জন্য একটা রাজনৈতিক গালিতে দাঁড়িয়ে গিয়েছিল: কিন্তু 'সাহিত্য-সমাজ' গঠনের সময় পর্যন্ত ভারতে জাতীয়তাবাদ অগৌরবের বিষয় ছিল না। মুসলিম লিগের সঙ্গে সংশ্লিষ্ট থাকা সত্ত্বেও এবং মুসলমানদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা সত্ত্বেও কায়েদে আজম, মওলানা শওকত আলী, মওলানা মোহাম্মদ আলী এবং মওলানা মোহাম্মদ আকরম খাঁ তখনো জাতীয়তাবাদের বিপক্ষে দাঁড়ান নি। কারণ, তখন দ্বিজাতিতত্ত্বের কথা ওঠে নি এবং পাকিস্তানের দাবিও উত্থাপিত হয় নি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হিন্দু-মুসলমান উভয়কে ব্যথিত ও ক্রুদ্ধ করেছিল, অসহযোগ ও খিলাফত আন্দোলন এক পতাকার নিচে না হলেও এক সামিয়ানার নিচে তাদের সমবেত করেছিল। ইকবালের বিখ্যাত কওমি তারানা 'সারা জাহা সে আচ্ছা হ্যায় হিন্দুস্তান হামারা' হিন্দু-মুসলমান সকলের মনেই দেশপ্রেম ও জাতীয়তাবোধের অনুপ্রেরণা সঞ্চার করেছিল। সেই সময়কার এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই সাহিত্য-সমাজীদের জাতীয়বোধকে দেখতে হবে। Be rational and national-এই ছিল তাঁদের মূলমন্ত্র; বুদ্ধির মুক্তিরই যা সম্প্রসারিত বিবৃতি-কিন্তু মনে রাখতে হবে, তাঁরা রাজনীতিক ছিলেন না, সাহিত্য ও সমাজচিন্তাই ছিল তাঁদের লক্ষ্য।

কিন্তু অন্য অর্থে—রাজনৈতিক অর্থে নয়, দৈশিক অর্থে তাঁরা মুসলমানদের মনে জাতীয়তাবোধের উদ্বোধন করতে চেয়েছিলেন। দৈশিক জাতীয়তাবোধ বাঙালি মুসলমানের মধ্যে চিরকালই ক্ষীণ: আজ, এই স্বাধীনতা লাভের পরেও পূর্ব-পাকিস্তানের সে বোধ, যে-মাটি থেকে সে জীবন-রস আহরণ করে সে-মাটির প্রতি তার প্রেম ও প্রীতি খুব সুস্পষ্ট ও সবল নয়। দৈশিক জাতীয়তাবোধের এই ক্ষীণতার সুন্দর বিশ্লেষণ করেছিলেন "সাহিত্য-সমাজ'-এর চতুর্থ বার্ষিক সম্মেলনের সভাপতি খান বাহাদুর নাসিরুদ্দিন আহমদ :

‘.... মুসলমানদের যে চেহারাটা মনে জাগে সেটা এই যে তারা যেন 'না ঘাটকা না ঘরকা'। শত শত বৎসর তারা এদেশে আছে অথচ তাদের দৃষ্টি যেন আরবের খেজুর বন ও পারস্যের দ্রাক্ষাকুঞ্জে নিবদ্ধ। ফলে, ভারতীয় বলে তারা নিজেদের ভাবতে পারছে না অথচ আরব-পারসিকও হতে পারছে না...। মুসলমানেরা এমনভাবে চলে যেন তারা এখানকার মুসাফির। এ হতভাগ্য 'কওম' কি এখনও ভাববে না যে বাংলা যদি তার দেশ নয়-আরব-পারস্য-আফগানিস্তান যদি তার দেশ নয়-- তবে কি সে শূন্যে বাসা নির্মাণ করবে? -শিখা, ১ম বর্ষ

‘সাহিত্য-সমাজ’পন্থীদের উল্লিখিত মতামতগুলো তিরিশ বছর আগের রক্ষণশীল সমাজকে ক্ষুব্ধ ও বিচলিত করার পক্ষে যথেষ্ট ছিল। পর্দার বিলোপ দাবি, সুদের সমর্থন, বাংলা-ভাষা-প্রীতি, চিত্রশিল্প-সঙ্গীত-নৃত্য-নাট্যাভিনয় সমর্থন, মাদ্রাসা-শিক্ষার সমালোচনা, সাম্প্রদায়িকতার বিরোধিতা, কোনোটাই প্রচলিত ধ্যান-ধারণার পরিপোষক ছিল না, এবং প্রচলিত ধ্যান-ধারণার পোষকতা যা করে না তাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক। সেদিনের এই সমস্যাগুলো আজ নেই, এ-সব ক্ষেত্রে 'সাহিত্য-সমাজপন্থী'দের ভূমিকা একদিন কেউ না কেউ পালন করতই কিন্তু সারা দুনিয়ার সমাজ বদলে যাচ্ছে এ সম্বন্ধে তারা যে সচেতন ছিলেন, এবং নিতান্ত বাঁচবার তাগিদে এই সামাজিক বিবর্তনে তাঁদেরও ভূমিকা রয়েছে এটা যে তাঁরা উপলব্ধি করেছিলেন, এখানেই ‘সাহিত্য-সমাজ’-এর তাৎপর্য এবং ঐতিহাসিক গুরুত্ব।

৩

কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক চিন্তা ছাড়াও গভীরতর চিন্তা তাঁরা করেছিলেন; অত্যন্ত সাহসের সঙ্গে তাঁরা মুসিলম চিন্তাধারার একটা মৌলিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এ পর্যন্ত তাঁদের মতামতের যে আলোচনা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবার তাঁদের সর্বপ্রধান বক্তব্যটি বোঝা যাবে। কাজী আবদুল ওদুদ এক প্রবন্ধে বলেছিলেন:

আমাদের পূর্ববর্তীরা ইসলামের যে রূপ দিতে প্রয়াস পেয়েছেন তা যথেষ্ট পরিচ্ছন্ন। স্পষ্টভাবেই আমাদের সামনে গ্রহণীয়রূপে বিধৃত। ইসলাম নারীর অবরোধ সমর্থন করেছে, সুদের আদান-প্রদানের উপর অভিসম্পাত জানিয়েছে, ললিতকলার চর্চায় আপত্তি তুলেছে, আর চিন্তার ক্ষেত্রে আমাদের দৃঢ় কণ্ঠে বলে দিয়েছে, তোমাদের সমস্ত চিন্তা যেন সীমাবদ্ধ থাকে কোরআন ও হাদিসের চিন্তার দ্বারা। এই-সমস্ত কথাই আমাদের নূতন করে ভেবে দেখতে হবে, ভেবে দেখতে হবে, মুসলমানদের সমাজের মানুষের কর্ম ও চিন্তার স্বাধীনতায় এইভাবে যে অনেকখানি নূতন রকমের প্রতিবন্ধকতা উপস্থিত করা হয়েছে এতে করে কি সত্যকার কল্যাণ লাভ হয়েছে?  —বাঙালি মুসলমানদের সাহিত্য-সমস্যা, —শিখা, প্রথম বর্ষ

পরে সাহিত্য-সমাজের অন্যান্য সদস্য অনুরূপ কথা বারবার বলেছিলেন। তাঁরা বিশেষত আবুল হুসেন, ইসলামি আইনের অন্যান্য দিকেরও উল্লেখ করেছিলেন। (যেমন উত্তরাধিকার বিধি, বিবাহ ও তালাক-বিধি ইত্যাদি), কিন্তু সে-সবেরই সারাংশ ও মূল বক্তব্য উপরের উদ্ধৃত অংশে রয়েছে।

বাহ্যত মনে হতে পারে, উদ্ধৃত অংশে ইসলাম তথা কোরআন-হাদিসের মৌলিক নীতি ও আদর্শ লঙ্ঘনের অধিকার দাবি করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়। মধ্যযুগে ইসলামের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার প্রতিই এই অসহিষ্ণুতা, এবং এই সমালোচনা অবরোধ-প্রথা, সুদ আদান-প্রদানে নিষেধাজ্ঞা ইত্যাদি লক্ষ করে। রক্ষণশীল সমাজ এ-সব ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু যুগধর্ম ও মুসলিম সমাজের বিবর্তন, 'সাহিত্য-সমাজ'-এর অনুকূলেই রায় দিয়েছে।

ওদুদ সাহেবের এই উক্তি একটি সুবিদিত ইসলামি আইন-পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেয়, তা হচ্ছে ইজতেহাদ। ইজতেহাদের অধিকার গত কয়েক শতাব্দী যাবৎ মুসলিম জাহানে আর স্বীকার করা হয় না। বলা হয়, মুজতাহিদ হবার উপযুক্ত লোক আর জন্মাচ্ছে না-- যা বশ্য বিতর্কসাপেক্ষ। এ-রূপ উক্তি আলেম-সমাজের আস্থাহীনতা ও আত্মবিশ্বাসের অভাবেরই লক্ষণ, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। এ-সব উক্তিতে ইজতেহাদের নীতিটা বাতিল হয়ে যায় না। সৈয়দ আমির আলি এ যুগে ইজতেহাদের অধিকার পুনঃপ্রবর্তনের পক্ষপাতী ছিলেন। সাহিত্য-সমাজপন্থীরা ইসলামি আইন সংস্কারের যে দাবি বারবার জানিয়েছেন তা কিন্তু ঠিক ইজতেহাদের দাবি নয়। ইজতেহাদ একটা ধর্মীয় ব্যাপার; সাহিত্য-সমাজপন্থীরা মুসলিম আইনের সংস্কার চেয়ে ছিলেন, কিন্তু তা একটা জাগতিক ব্যাপার হিসেবেই চেয়েছিলেন এবং তাঁদের সব দাবির মূলে ছিল ‘বুদ্ধির মুক্তি’র আদর্শ।

এই বুদ্ধির মুক্তি নিয়ে বিতর্ক হয়েছিল সবচেয়ে বেশি। সাহিত্য-সমাজের Motto ছিল ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ শিখার প্রত্যেকটি সংখ্যার প্রথমেই এই কথাগুলো ছাপা হত। এই বুদ্ধির মুক্তির তাৎপর্য কেউ কেউ ব্যাখ্যা করেছিলেন; এই তাৎপর্যের ইঙ্গিত ওদুদ সাহেব থেকে নেওয়া উদ্ধৃতিতেও রয়েছে। বাঙালি মুসলমানদের শিক্ষা-সমস্যা শীর্ষক প্রবন্ধে আবুল হুসেন বলেছিলেন:

হজরত বলেছেন—‘তাখাল্লাকু বি আখলাকিল্লাহ’ (খোদার গুণাবলি লাভ করতে চেষ্টা কর)। মানুষের চরম বিকাশের প্রথম পথ হচ্ছে মুক্ত বুদ্ধি-যাতে জগতের প্রয়োজন অনুসারে যুগধর্মের ইঙ্গিত অনুসারে স্বীয় জীবন নিয়ন্ত্রিত করা সহজ হয়। অতীতের কোন যুগ-বিশেষের প্রতিষ্ঠিত বিশ্বাসের বশবর্তী হয়ে যারা বর্তমানকে অস্বীকার করে তাদের বুদ্ধি মুক্ত নয়। —শিখা, ১ম বর্ষ

কাজী আনোয়ারুল কাদির প্রথম বার্ষিক সম্মেলনে পঠিত তাঁর বাঙালি মুসমানের সামাজিক গলদ প্রবন্ধে বলেছিলেন:

বুদ্ধির মুক্তি না হলে ধর্মশিক্ষা হতে পারে না। ধর্মের আদেশ ও নিষেধ পালন করার জন্য বুদ্ধির দরকার। বুদ্ধির অভাবে আজকাল আমাদরে ভিতর প্রকৃত ধর্মভাব লোপ পেয়েছে। এখন গোঁড়ামিই আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। —শিখা, ১ম বর্ষ

একই প্রবন্ধে কাজী আনোয়ারুল কাদির বোধহীন ও হৃদয়ের সঙ্গে সম্পর্কশূন্য অন্ধ ধর্মাচরণকে এক ধরনের পৌত্তলিকতা বলে অভিহিত করেছিলেন। সাহিত্য-সমাজের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ড. কাজী মোতাহার হোসেন বলেছিলেন:

আমরা চক্ষু বুজিয়া পরের কথা শুনিতে চাই না বা শুনিয়াই মানিয়া লইতে চাই না-আমরা চাই চোখ মেলিয়া দেখিতে, সত্যকে জীবনে প্রকৃতভাবে অনুভব করিতে। আমরা কল্পনা ও ভক্তির মোহ-আবরণে সত্যকে ঢাকিয়া রাখিতে চাই না। আমরা চাই জ্ঞান-শিখা দ্বারা অসার সংস্কারকে ভস্মীভূত করিতে এবং সনাতন সত্যকে কুহেলিকা-মুক্ত করিয়া ভাস্বর ও দীপ্তিমান করিতে। আমরা ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করিতে চাই না- আমরাই চাই বর্তমান মসুলিম সমাজের বদ্ধ কুসংস্কার এবং বহুকালসঞ্চিত আবর্জনা দূর করিতে। —দ্বিতীয় বর্ষের কার্য বিররণী, শিখা দ্বিতীয় বর্ষ ১৩৩৫

বুদ্ধি মুক্তির তাৎপর্য আরও কিছুটা পরিষ্কার হয় জনাব আবুল ফজলের তরুণ-আন্দোলনের গতি শীর্ষক প্রবন্ধে। তিনি লিখেছিলেন:

যাঁহাদের মস্তিষ্ক সজীব, তাঁহারা নূতন পথের আবিষ্কার করিবেন, ইহাতে যদি অতীতের বিরুদ্ধতা হয়, তাহাতে কিছু আসিয়া যায় না। অতীতের বিরুদ্ধতা মুসলমানের জন্য বড় ক্ষতির নয়। কিন্তু অতীতকে আঁকড়িয়া ধরিয়া তাহার জীবনে চলার পথে একটা ফুলস্টপ দেওয়াই তাহার পক্ষে মারাত্মক। অতীতকে অস্বীকার করিতে আমি বলি না। কিন্তু অতীতের কাছে যতখানি আলো পাওয়া যায় তাহা আমি হৃদয় ভরিয়া গ্রহণ করিতে প্রস্তুত। কিন্তু পুরাতনের গৌরব দিয়া তাহার অন্ধকারকে নিতে আমি রাজি নই। —শিখা তৃতীয় বর্ষ ১৩৩৬

------------------------------------

* এ-প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, নিছক বাহ্যিক অনুষ্ঠান মানেই ধর্ম নয়, এই মত সাহিত্য-সমাজপন্থীরা পোষণ করতেন এবং এই কারণেই তাঁদের কেউ কেউ জনসাধারণের অবোধ্য আরবি ভাষায় খোৎবা-পাঠ অর্থহীন বলে সমালোচনা করেছিরেন। কিন্তু এই প্রসঙ্গটি কখনো তাঁদের প্রধান বক্তব্যে পরিণত হয় নি।

------------------------------------

অত্যন্ত পরিষ্কার ভাষায় বুদ্ধির মুক্তির তাৎপর্য এ-সব উদ্ধৃতিতে প্রকাশ করা হয়েছে 'সাহিত্য-সমাজ'-এর লেখকদের প্রিয় ছিল রবীন্দ্রনাথের এই বাণী: যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয়, যা বিশ্বাস্য তাই শাস্ত্র।' এ প্রসঙ্গে কাজী আবদুল ওদুদ থেকে আরেকটি উদ্ধৃতি দেওয়া যেতে পারে। ওদুদ সাহেব ১৩৩৩ সালে 'সাহিত্য-সমাজ'-এর প্রথম বছরের এক সাহিত্য-সভায় তাঁর বিখ্যাত সম্মোহিত মুসলমান প্রবন্ধে বলেছিলেন:

আমাদের চিত্তে বল সঞ্চার করুক এই নব বিশ্বাস যে, মানুষের বলার জন্য বাস্তবিকই কোনো বাঁধানো রাজপথ নেই-জগৎ যেমন এক স্থানে বসে নেই, মানুষ তেমনি তার পরিবর্তনশীল পরিবেষ্টনের এক স্থানে স্থির হয়ে নেই-- আর এই পরিবর্তনশীল পরিবেষ্টনের ভিতর দিয়ে পথ করে যাওয়ার জন্য প্রয়োজন অন্ধ অনুবর্তিতার নয়, সদা-জাগ্রতচিত্ততার। —শাশ্বত বঙ্গ ৩৯৯ পৃ.

এর কয়েক বছর পরে শিক্ষা-সঙ্কট প্রবন্ধে তিনি বলেছিলেন:

এক দিনের খাওয়ায় যেমন অন্য দিনের চলতে চায় না এক যুগের চিন্তায়ও তেমনি অন্য যুগের চলে না।—শাশ্বত বঙ্গ ২৪৭ পৃ.

শিখা পত্রিকায় মুসলিম সমাজের ধর্মচিন্তাকে সরাসরিভাবে বিশ্লেষণ না করে, অন্য প্রসঙ্গে সাধারণভাবে যাঁরা এ-সম্বন্ধে অভিমত প্রকাশ করেছেন অথবা এর পাশ ঘেঁষে গেছেন তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কাজী মোতাহার হোসেন এবং কবি আবদুল কাদির। কাজী মোতাহার হোসেন ধর্ম ও শিক্ষা শীর্ষক প্রবন্ধে বলেছেন:

সংস্কৃতে স্তোত্র পাঠ করা আর আরবিতে নামাজ পড়াই নিয়ম। যার অর্থবোধ হয় না, যে কথার সহিত প্রাণের যোগ নাই, সেইসব কথায় ভগবানের নিকট প্রার্থনা করার কতকটা হৃদয়-মনের তৃপ্তি বুঝে ওঠা কঠিন। -শিখা ৪র্থ বর্ষ

এর আগের বছরে আবুল ফজল এ দেশে আরবিতে খোৎবা-পাঠের সমালোচনা করেছিলেন (শিখা ৩য় বর্ষ) তারো আগে সৈয়দ আমির আলি তাঁর দি স্পিরিট অব ইসলাম গ্রন্থে আরব ব্যতীত অন্যান্য দেশে আরবি ভাষায় এবাদতের সপক্ষে অভিমত প্রকাশ করেছে। তিনিও এ-ব্যাপারে মৌলিকতা দাবি করেন নি, তৎকালীন ভারতবর্ষের তরুণ মুসলিম সমাজের একাংশের আন্দোলনের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মাতৃভাষায় খোৎবা-পাঠ এবং এবাদত সংক্রান্ত অভিমত মুসলিম সাহিত্য-সমাজ গঠিত হওয়ার অনেক আগে থেকেই এ-দেশের মুসলিম সমাজে আলোচিত হয়ে আসছে। 'সাহিত্য-সমাজ'-এর অন্যান্য অভিমত এই প্রতিষ্ঠান এবং সমকালীন সমাজ অধিকতর গুরুত্বপূর্ণ বিবেচনা করায়, মাতৃভাষায় খোৎবাপাঠ এবং এবাদতের প্রসঙ্গটি উপেক্ষিত হয়েছিল বলে মনে হয়। এর আরও একটা কারণ সম্ভবত এই যে চিন্তা-জীবন এবং ব্যবহারিক জীবনই ছিল তাঁদের প্রধান লক্ষ্য, ধর্মজীবন নয়।

ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম, এই মর্মে কাজী মোতাহার হোসেন অভিমত প্রকাশ করেছেন ধর্ম ও শিক্ষা প্রবন্ধের আরেক স্থানে:

সব সময় মনে রাখতে হবে, লোকহিতই ধর্মের উদ্দেশ্য: ধর্মকে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে যদি দেখা যায় অকল্যাণ হচ্ছে, তবে বুঝতে হবে, কোথায়ও একটা গোলমাল আছে। হয়, ধর্মের প্রকৃত মর্ম উপলব্ধ হয় নাই, নয়ত ধর্মের সে অংশের উপকারিতা ও প্রয়োজনীয়তা না থাকায় বর্তমান অবস্থায় তা অপ্রযোজ্য হয়ে পড়েছে।

নাস্তিকের ধর্ম (শিখা, ৫ম বর্ষ) প্রবন্ধের শিরোনাম যে সম্ভাবনারই ইঙ্গিত বহন করুক, এতে বিভিন্ন প্রকারের ও স্তরের অস্তিক্যবাদের কথাই বেশি। এবং প্রকৃতিবাদের আবরণে তিনি এ-রূপ সন্তর্পণ নাস্তিক্যবাদের নৈতিক চিন্তামূলক দিকের অবতারণা করেছেন যে এই দুই প্রকার চিন্তার মধ্যে যে কোনো বিরোধ আছে তা বোঝাই যায় না।

‘সাহিত্য-সমাজ’-এর সুপরিচিত কোনো অভিমতকে প্রধান বিষয় করে লিখিত কবি আবদুল কাদিরের কোনো প্রবন্ধ শিখায় প্রকাশিত হয় নি। এতে তাঁর প্রকাশিত একমাত্র প্রবন্ধ লোকসঙ্গীত। এর এক স্থানে তিনি লিখেছেন:

বাংলাদেশে সাধারণ ইসলাম যে-ভাবে প্রচারিত হয়, তাহা জনসমাজ সম্পূর্ণভাবে গ্রহণ করিতে পারে নাই। আলেমদের দেওয়া ইসলাম বাঙালি চাষীর জীবনে অনেকাংশে আশ্চর্য রকমে বিফলিত হইয়া গিয়াছে-শরীয়তের হুবহু প্রচলন বাংলার মাটি সহিতে পারে নাই, তাই মুসলমান চাষী সঙ্গীতাদি সম্পর্কে শরীয়তী নিষেধক উপেক্ষা করিয়া বৈষ্ণবীয় লীলাবাদের ছায়ায় আশ্রয় গ্রহণ করিয়াছে।—শিখা প্রথম বর্ষ

বাংলার লোক-সঙ্গীতের আলোচনাকালে প্রসঙ্গক্রমে ব্যক্ত এই অভিমতে লেখকের ধর্ম-সংক্রান্ত মতামতের কোনো বিস্তারিত পরিচয় পাওয়া যায় না, দৃষ্টিকোণের পরিচয় পাওয়া যায় মাত্র।

বুদ্ধির মুক্তি প্রসঙ্গে উদ্ধৃতির পরিমাণ একটু বেশি দেওয়া হল দুটি কারণে: প্রথমত, এই বিতর্কমূলক বিষয়ে ‘সাহিত্য-সমাজ’-পন্থীদের বক্তব্যের সঙ্গে তাঁদেরই ভাষা পাঠকদের পরিচয় হওয়া উচিত, এবং দ্বিতীয়ত, তাঁদের মুখপত্র শিখা বা তাঁদের অধিকাংশেরই প্রবন্ধের বই অধুনা একান্তই দুর্লভ।

বুদ্ধির মুক্তির তাৎপর্য, আশা করি, এইসব উদ্ধৃতিতে পরিষ্কার হয়েছে। বুদ্ধির মুক্তির উদ্দীপনা যে কখনো বাড়াবাড়ির পর্যায়ে পৌছে নি এমন কথা বোধ হয় বলা যায় না; স্থানকালের কথা সাহিত্য-সমাজপন্থীরা সব সময় মনে রাখতে পারেন নি; ইসলামের অংশত অকার্যকরী হয়ে যাওয়া এবং আল্লার গুণাবলি অর্জনের ব্যাপারে হজরত মোহাম্মদকেও অতিক্রমের সম্ভাবনা ইত্যাদি মর্মে কয়েকটি স্পষ্ট উক্তি না করাই সঙ্গত হত; কিন্তু তা বলে ইসলাম বা হজরত মোহাম্মদের প্রতি শ্রদ্ধার দিক দিয়ে তাঁরা কারো পেছনে ছিলেন না, তবে তাঁদের শ্রদ্ধাটা ছিল জনসাধাণের থেকে ভিন্নধর্মী: জনসাধারণের শ্রদ্ধা যেখানে অন্ধ অনুভূতি-নির্ভর। সেখানে তাঁদের শ্রদ্ধা ছিল বুদ্ধি-নির্ভর। এই তফাতটা সে সময়ের রক্ষণশীল সমাজ বুঝতে পারে নি। তাঁদের চিন্তাধারার মধ্যে এমন একটা।

দুঃসাহসিকতা ও মৌলিকতা ছিল, এবং তাঁদের বক্তব্যের মধ্যে এমন একটা আন্তরিকতা ছিল যা সে-সময়ের বুদ্ধিজীবী মহলের একটা বিরাট অংশকে স্পর্শ ও উদ্দীপত করেছিল। তাঁদের সমর্থকদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এ. এফ. রহমান, ড. মাহমুদ হাসান এবং ড. মাহমুদ হোসেন (পরবর্তীকালে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী)। ড. মাহমুদ হোসনে সাম্প্রতিককালে এক প্রবন্ধে 'মুসলিম সাহিত্য-সমাজ' স্থাপনের ইতিহাস বর্ণনা করে বলেছেন:

-Kazi Abdul Wadud had a daringly original mode of thinking... Mr. Abul Husain was a man of will and action. The man of thought and the man of action combined in 1927 to found Dacca Muslim Sahitya Samaj, which came to be regarded as a new school of thought. I was also one of them. We preached through our writings the ideal of emancipation of intellect.

It must be admitted that some young men in thier enthusiasm lost balance and aroused the antagonism of the conservative. But it is also a fact that the purging flame of truth did help to destroy a number of social evils. Prejudice against music and over-adherence to the Purdah are cases in point. There were also some economic and political questions regarding interest, special concessions etc. As a matter of fact a revaluations and a better appreciation of the meaning of revelation and religing were aimed at-not their repudiaction. These fundamenatal questions are by no means new to the world, nor even to the Muslim world. But this was the first time such questions were openly and perhaps, unbiasedly sought to be thrashed out in the Bengali language in the teeth of opposition from the orthodox.

The Cultural Life of Old Dacca, 'Pakistan Quarterly', Vol. VII No. I Spring, 1957.

‘মুসলিম সাহিত্য-সমাজ’-এর সঙ্গে ড. মাহমুদ হোসেনের যে নিবিড় পরিচয় ও সংস্রব ছিল এই উদ্ধৃতিতে তাই প্রমাণিত হয়। বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতি তাঁরও পূর্ণ সমর্থন ছিল, কিন্তু লক্ষ করার বিষয় যে, পর্দাপ্রথা, সঙ্গীত-বিরোধিতা, সুদ বিরোধিতা ইত্যাদিকে তিনিও বড় সমস্যা বলে মনে করতেন। এই উদ্ধৃতিতে একটিমাত্র ভুল হচ্ছে 'সাহিত্য-সমাজ' গঠনের তারিখটি। ‘সাহিত্য-সমাজে’র সক্রিয় সদস্য ও উৎসাহী লেখকদের মধ্যে অন্যান্য যাঁরা পরে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি বলে গণ্য হয়েছেন তাঁদের।

মধ্যে উল্লেখনীয় প্রাক্তন প্রাদেশিক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান, রাজনীতিক ও আইনজীবী আবদুস সালাম খান, এবং শিক্ষাবিদ মোমতাজউদ্দিন আহমদ ও এ. এফ. এম. আবদুল হক।

‘সাহিত্য-সমাজ’-এর প্রথম বার্ষিক সম্মেলনে যোগদানের পর নজরুল ইসলাম মন্তব্য করেছিলেন: ‘এতদিন মনে করতাম আমি একাই কাফের, কিন্তু আজ দেখে আমি আশ্বস্ত হলাম যে, মৌ: আনোয়ারুল কাদির প্রমুখ কতগুলো গুণী ব্যক্তি আস্ত কাফের। আমার দল বড় হয়েছে এর চেয়ে বড় সান্ত্বনা আর চাই না।’ (প্রথম বার্ষিক সম্মেলনের বিবরণ, শিখা '১ম বর্ষ)। নজরুল এখানে আনোয়ারুল কাদিরের বাঙালি মুসলমানদের সামাজিক গলদ শীর্ষক প্রবন্ধ প্রসঙ্গে এই মন্তব্য করেছিলেন।

রেনেসাঁর কয়েকটি বড় লক্ষণ 'সাহিত্য-সমাজ'-এর মধ্যে বর্তমান ছিল অন্ধ-অনুবর্তিতা বর্জন, জ্ঞান-পিপাসা, যুক্তিবাদিতা, পৃথিবীর মানস-সম্পদ আহরণ করে জাতির জীবনকে সমৃদ্ধ করা, ললিতকলার চর্চা করে জীবনকে সুন্দর করা, এ-সবেরই প্রেরণা দেখতে পাই তাঁদের মধ্যে। এই প্রেরণায় তাঁরা অনেক দুঃসাহসিক উক্তি করেছিলেন। চতুর্থ বর্ষের শিখায় সম্পাদকের কথা শীর্ষক আলোচনায় সম্পাদক বলেছিলেন:

চিন্তা রাজ্যের কাপুরুষতা সমাজে যত শীঘ্র দূর হয় এই সাহিত্য-সমাজিগণ তাহাই কামনা করেন। এই সমাজের সভ্যগণ ইহা লইয়া যেন গৌরব করিতে পারেন যে, সস্তায় লোকবরেণ্য হইবার আকাঙ্ক্ষা ইহাদের কাহারও নাই।

সে গৌরব 'সাহিত্য-সমাজীরা করতে পারেন। সাধারণতঃ গতানুগতিক চিন্তাধারায়ই বাঙালি মুসলিম-সমাজ চিরদিন অভ্যস্ত। এই অভ্যাসের বদ্ধ জলাভূমিতে 'সাহিত্য-সমাজ' ছিল উদ্দাম ঝঞ্ঝা: অতএব, তরঙ্গ সেদিন অনিবার্যভাবেই জেগেছিল।

এককভাবে দু-একটি দুঃসাহসিক উক্তি এ শতাব্দীতে আরও মুসলিম লেখক করেছেন, কিন্তু সমাজ ও জীবন সম্বন্ধে কতকগুলো সুনির্দিষ্ট ধারণা নিয়ে সংঘবদ্ধভাবে নিষ্ঠার সঙ্গে দুঃসাহসিক চিন্তা সাহিত্য-সমাজের লেখকেরাই করেছেন। এই কারণে বাঙালি মুসলমানের চিন্তাধারার ইতিহাসে তাঁদের জন্য একটা বিশেষ স্থান নির্দিষ্ট হয়ে থাকবে।

৪

সাম্প্রদায়িকতা সম্পর্কে ‘সাহিত্য-সমাজ’-এর অভিমতের কিছু পরিচয় এখানে দেওয়া সঙ্গত বলে মনে হয়। এর সদস্যরা সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন, তবে তাঁরা প্রধানত স্ব-সমাজের সাম্প্রদায়িকতারই সমালোচনা করেছেন। বিশেষত আবুল হুসেন হিন্দু-সাম্প্রদায়িকতায় নিরাশ না হয়ে হিন্দু-অসাম্প্রদায়িকতার উপর বোধ হয় একটু বেশি আস্থা স্থাপন করেছিলেন (‘আমাদের রাজনীতি, শিখা, ৫ম বর্ষ)। 

এ ব্যাপারে তিনি যতটা স্বাপ্নিক আদর্শবাদী ছিলেন, ততটা বাস্তববাদী ছিলেন না। এইসব কারণে সে-সময়ে কারো কারো ধারণা হয়েছিল যে সাহিত্য-সমাজের সদস্যরা হিন্দু-ঘেঁষা। কথাটা কতখানি ঠিক বলা কঠিন, ব্যক্তিগত জীবনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কেউ সে-রকম ছিলেন কীনা তা সমকালীনদের পক্ষেই বলা সম্ভব, শিখা-তে যতটা দেখা যায় 'তাঁরা হিন্দু-ঘেঁষা ছিলেন বলে নয়, আত্মনিরীক্ষা তাঁদের একটা প্রধান উদ্দেশ্য ছিল বলে এবং স্ব-সমাজের ত্রুটি সম্পর্কে অচেতন অথবা নীরব থেকে শুধু অন্য সমাজের ত্রুটি-নির্দেশেই সমস্যার সমাধান হয় না। এই কারণে তাঁরা স্ব-সমাজের সাম্প্রদায়িকতার প্রতিই প্রধানত দৃষ্টি রেখেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে প্রতিবেদী সমাজের সাম্প্রদায়িকতাকে তাঁরা ক্ষমার চক্ষে দেখছেন-সাহিত্যে, অথবা রাজনীতিতে। সাহিত্য-সমাজ গঠনের প্রথম বছরেই কাজী আবদুল ওদুদ বাঙ্গালি মুসলমানের সাহিত্য-সমস্যা শীর্ষক প্রবন্ধে বাংলা সাহিত্যের সাম্প্রদায়িক বৈশিষ্ট্যের প্রতি অঙ্গুলি, নির্দেশ করেন।

বাংলা সাহিত্য আজ জগতের দৃষ্টি একটুখানি আকর্ষণ করতে পেরেছে এবং তাতে এর সত্যকার অধিকার আছে। কিন্তু তবু সত্যের অনুরোধে সাহিত্যরসিকদের নিশ্চয়ই বলতে হবে এ সাহিত্য খুব বেশি পরিমাণে সাম্প্রদায়িক সাহিত্য, মানুষের দুঃখ ও আনন্দের প্রকাশের চাইতে হিন্দুর বিশেষ দুঃখ ও বিশেষ আনন্দচর্চাই এতে বেশি। বাংলার মুসলমানকে মুসলমান হতে হবে। এ হচ্ছে অনেক পরিমাণে মুসলমানের অন্তরে বাংলা সাহিত্যের হিন্দুত্বের প্রতিক্রিয়া। -সাহিত্যে হিন্দুর যে চিত্র ফুটিয়ে তুলতে প্রয়াস পওয়া হয়েছে বা হচ্ছে তা অনেকখানি অস্বাভাবিক রকমে হিন্দু অর্থাৎ বিশ্বের আঙিনার এক পাশে তার বিশেষ রুচি ও বিশেষ দুঃখ নিয়ে ফুটে উঠে যে হিন্দু জগতের সঙ্গে তার অবস্থার মোকাবেলা করতে চাচ্ছে সে হিন্দু নয়, কিন্তু বিশ্বের মানবযাত্রীদের পাশ কাটিয়ে তার চণ্ডীমণ্ডপের দাওয়ায় বসে জাতিভেদ ও অস্পৃশ্যতার কূটতর্কে সময় কাটাচ্ছে যে হিন্দু সেই হিন্দু। -শিখা ১ম বর্ষ।

সাহিত্য এবং বাস্তব ক্ষেত্রে অনুরূপ মানসিকতার আরও সমালোচনা শাশ্বত বঙ্গগ্রন্থে সংকলিত বিভিন্ন প্রবন্ধে কাজী আবদুল ওদুদ করেছেন।

এরূপ সমালোচনায় তিনি একক ছিলেন না। কাজী আনোয়ারুল কাদির তাঁর আমাদের দুঃখ নামক প্রবন্ধ-গ্রন্থে (প্রকাশিত ১৯৩৬) সংকলিত সাম্প্রদায়িক সাহিত্য বলে বর্ণনা করেছেন। ঐ পুস্তকে সংকলিত নেতাদের কথা শীর্ষক প্রবন্ধে তিনি হিন্দু চিন্তানায়কদের সাম্প্রদায়িকতার সমালোচনা করেন। স্যার পি. সি. রায় একবার এক প্রবন্ধে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে, দেশের অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। তাঁর এই উক্তির সমালোচনা করে কাজী আনোয়ারুল কাদির তাঁর প্রবন্ধে বলেন:

সম্প্রদায়-বিশেষের সংখ্যা কমে যাওয়া গোটা ভারতবর্ষের সর্বনাশ হওয়া এই দুটো জিনিস যে এক এ মনে করা আমাদের দেশের একটা মস্ত ভুল।

একই প্রসঙ্গে কিছু পরে তিনি বলেছেন:

স্যার পি. সি. রায় তাঁর এই প্রবন্ধে হিন্দু সমাজের মঙ্গলকে দেশের মঙ্গল বলতে চান। এ সম্বন্ধে ভারতবাসীকে নতুন করে ভাবতে হবে। দেশের মঙ্গল অর্থে দশের মঙ্গল বুঝতে হবে। দশ মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সব।

সাম্প্রদায়িকতা-প্রসঙ্গে মুসলিম সাহিত্য-সমাজ-এর কোনো বিশিষ্ট সদস্য নন এবং শিখার কোনো বিশিষ্ট লেখক নন এমন একজন প্রবন্ধকারের একটি প্রবন্ধ একালে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে হয়। লেখকের নাম (অধ্যাপক) নাজিরউদ্দিন আহমদ, প্রবন্ধের শিরোমপু স্বাধীন ভারতের দাস শিখার পঞ্চম সংখ্যায় প্রকাশিত (১৩৩৮)। প্রবন্ধটির কিছু দীর্ঘ উদ্ধৃতি দেওয়া প্রয়োজন বোধ করছি:

স্বাধীন ভারতের দাস, কথাটা শুনিয়া অনেকেই হয়ত চিন্তা করিবেন এই পরস্পরবিরোধী কথার অর্থ কী? কিন্তু স্বাধীনতা ও দাসত্ব এ দুইয়ের একত্র সমাবেশ পৃথিবীর ইতিহাসে বিরল নয়। কত উন্নত স্বাধীন জাতির গৌরবের ইতিহাসের পশ্চাতে কত না নিপীড়িতের ক্রন্দন! - স্বনিয়ন্ত্রিত ভারতে মুসলমানের অবস্থা সঙ্কটাপন্ন হইবে বলিয়া বোধ হইতেছে। পুরুষানুক্রমে হিন্দুসমাজ মুসলমান বিদ্বেষকে তাহার রাজনৈতিক জীবনের এক মূলমন্ত্র করিয়া রাখিয়াছে মনে হয়। ভারতবর্ষের প্রায় প্রত্যকে ভাষায় মুসলিম-বিদ্বেষী এক-একটা সাহিত্য গড়িয়া উঠিয়াছে। এই মুসলিম-বিদ্বেষ হিন্দুর জাতীয়তার আদর্শেও প্রতিফলতি হইয়াছে। ভারতের যে জাতীয়তার আদর্শ হিন্দু গড়িয়া তুলিয়াছে তাহা সম্পূর্ণ হিন্দু-জাতীয়তা তাহাতে স্বতন্ত্র সত্তা-বিশিষ্ট অন্য সম্প্রদায়ের স্থান নাই।

তাই মনে হইতেছে যদিও ভারতবর্ষ স্বরাজ পাইতেছে তথাপি সমস্ত ভারতবাসীর জন্য তাহা সত্য হইবে কীনা সন্দেহ। সাত কোটি মুসলমানের ভবিষ্যৎ ২৬ কোটির সহিত নির্মম প্রতিযোগিতায় কী হইবে স্থির করিতে বেশি চিন্তা করিতে হয় না। জানি না মুসলমান সমাজের অন্তনির্হিত কোন অসাধারণ প্রতিভা এ বিপদের হাত হইতে তাহাকে ত্রাণ করিতে পারিবে কী না।

তাৎপর্যপূর্ণ কথা এই যে, প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ১৯৩২ সালে, পাকিস্তান পরিকল্পনা যার অনেক পরের ঘটনা, এবং আরও তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে এ-প্রবন্ধ প্রকাশিত হয়েছিল শিখা প্রত্রিকায়।

৫

শিখা পত্রিকায় 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর চিন্তাধারা যতটুকু প্রকাশিত হয়েছে তার পরিচয় দেওয়াই এ আলোচনার প্রধান উদ্দেশ্য, তাঁদের রচিত সমগ্র সাহিত্যের নয়; তবে, তাঁদের সাহিত্য-কৃতির কিছুটা উল্লেখ এখানে করা যেতে পারে। এ-প্রসঙ্গে প্রথমেই বলা প্রয়োজন যে, তাঁরা ছিলেন মূলত সমাজ-চিন্তক। ধর্মীয় বিষয় নিয়েও তারা চিন্তা করেছিলেন কিন্তু এদেশে প্রচলিত যে-সব ধর্মীয় বিধান ও সেগুলোর ব্যাখ্যার সঙ্গে কিন্তু মুসলিম সমাজ ও মুসলিম চিত্তাধরার প্রগতির প্রশ্ন জড়িত ছিল প্রধানত সেগুলোই ছিল তাঁদের চিন্তার লক্ষ্যীভূত। এই প্রসঙ্গে তাঁরা চিন্তার স্বাধীনতা ও ক্রমবিকাশমানতার উপর জোর দিয়েছিলেন। সাহিত্য সম্বন্ধেও তাঁরা আলোচনা করেছিলেন, কিন্তু সাহিত্য-সমাজের স্থিতিকালের মধ্যে কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির এবং মোতাহের হোসনে চৌধুরী ছাড়া আর কারো রচনায় বিশুদ্ধ সাহিত্য-চিন্তা বা সাহিত্য-সমালোচনা তেমন উল্লেখযোগ্য ছিল না। রাজনৈতিক সমস্যা সম্বন্ধেও তাঁরা আলোচনা করেছিলেন। তাঁদের এই বিভিন্নমুখী চিন্তার বাহন ছিল প্রবন্ধ, সৃষ্টিমূলক সাহিত্য নয় বা উল্লেখযোগ্য পরিমাণে নয়।

গল্প-উপন্যাস-কবিতা তাঁরা তুলনামূলকভাবে কম লিখেছিলেন, নাটক আবুল ফজল ছাড়া আর কেউ লেখেন নি। প্রধানত এই কারণেই তাঁদের প্রভাব ততটা ব্যাপক হয় নি যতটা হওয়া উচিত ছিল। 'আপত্তিকর' চিন্তাধারা নজরুলের এবং কল্লোল-চিহ্নিত সাহিত্যিকদের রচনায় কম ছিল না, কিন্তু তাঁদের সৃষ্টিমূলক সাহিত্যের সজীবতায় ও প্রাণময়তায় সমস্ত আপত্তির প্রশ্নই চাপা পড়ে গেছে।

কিন্তু প্রবন্ধ-সাহিত্য সাহিত্য ও এবং এ-দেশে এখনো যথেষ্ট সমাদৃত না হলেও মূল্যবান ও শ্রদ্ধেয় সাহিত্য। জাতির মননশীলতা ও চিন্তার ঐশ্বর্য প্রকাশ পায় প্রবন্ধ-সাহিত্যেই, এবং এদিক দিয়ে 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর বহু সমস্যা আজ আর সমস্যা নয়, বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গগুলো এ-কালে অবান্তর, তবু তাঁদের বহু রচনার আজো সাহিত্য-মূল্য আছে, এবং আছে ঐতিহাসিক মূল্য। সাহিত্য-সমাজের আগে বাঙালি মুসলিম সমাজে যুক্তিবাদিতার পরিচয় বেশি পাওয়া যায় না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে সংঘবদ্ধ আন্দোলন তো কোনো দিনই হয় নি। যুক্তবাদিতা কোনো সাহিত্যিক বা সাহিত্য-সংস্থারই জীবনদর্শন হয়ে ওঠে নি। এ ব্যাপারে 'মুসলিম সাহিত্য-সমাজ'ই পথ-প্রদর্শক। কিন্তু তাঁদের রচনাবলির সঙ্গে আমাদের এ-কালের সমাজ বিশেষ পরিচিত নয়। এর কারণ • অনেকেরই প্রবন্ধ সংকলিত হয় নি বা যা সংকলিত হয়েছিল এখন আর তা পাওয়া যা না। এঁদের অপ্রকাশিত প্রবন্ধগুলো কখনো সংকলিত ও প্রকাশিত হলে দেখা যাবে সাহিত্য ও সমাজ, সংস্কৃতি ও ললিত-কলা সম্বন্ধে কত সচল ও সদাজাগ্রত ছিল তাঁদের চিত্ত, কতখনি যুক্তিনিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে তাঁরা তাঁদের অভিমত ব্যক্ত করেছিলেন। এ শতাব্দীর বাঙালি মুসলিম-সমাজের চিন্তার শ্রেষ্ঠ ঐশ্বর্য পাওয়া যাবে তাঁদের প্রবন্ধাবলিতে, কিন্তু সে ঐশ্বর্যকে তাঁদের সমকালীন সমাজ সর্বান্তকরণে গ্রহণ করে নি, এবং সে ঐশ্বর্যের সঙ্গে এ-কালের সমাজও বিশেষ সুপরিচিত নয়।