শাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান

শাবিতে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে নৃবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিপক্ষ দল রসায়ন বিভাগকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৃবিজ্ঞান বিভাগ।

খেলাশেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। এসময় গত বছরের ক্যারামে বিজয়ী দুই শিক্ষার্থীকে পুরস্কার স্বরুপ ব্লেজার পরিয়ে দেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ-নির্দেশনা পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা অধিদফতরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো আশরাফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে সতেজ ও উৎফুল্ল রাখে। শিক্ষার্থীদের খেলাধুলায় সব ধরনের সহযোগিতায় প্রশাসন আন্তরিক রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।