শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপনের দিন ১ ডিসেম্বরেই কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রবিবার (২১ নভেম্বর) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় আটককৃত ছাত্র নেতাদের মুক্তি, হলে হলে ছাত্র নির্যাতন বন্ধ করা, ক্যান্টিনে খাবারের দাম কমানো, প্রজ্ঞাপন দিয়ে বাসে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অতিরিক্ত ফি বাতিলের দাবি জানান তারা।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, 'আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, সেই ১ ডিসেম্বরেই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।'

বিন ইয়ামিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আবিদ, সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আসিফ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।