জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ২০২২-২০২৩ কার্যকালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সৌমিক বাগচী ও সাধারণ সম্পাদক হয়েছেন সামি আল জাহিদ প্রীতম।
শনিবার (০২ এপ্রিল) সাংস্কৃতিক জোটের সদ্য বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর দ্বীপ ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। রাত ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন জোটের বিদায়ী সভাপতি দীপঙ্কর দ্বীপ।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ আরিফুল ইসলাম (চারণ সাংস্কৃতিক কেন্দ্র), সহ-সভাপতি-২ ঐশী তানজিম (আনন্দন), সহ-সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী (জেইউডিও), অর্থ সম্পাদক শরণ এহসান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দফতর সম্পাদক ওমর ফারুক বান্না (জাহাঙ্গীরনগর থিয়েটার), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান (জলসিঁড়ি)।
জোটের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। সৌমিক বাগচী জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) প্রতিনিধি হিসেবে এবং সামি আল জাহিদ প্রীতম আবৃত্তি সংগঠন ধ্বনির প্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রার্থী হন। বাগচী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে প্রীতম সাত ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সামিয়া ইসলাম আনিকা (জেইউডিএস), রেফাত মাহমুদ (চিরকুট) ও আব্দুর রহমান নাহিদ (সুস্বর)। কমিটিতে পর্যবেক্ষণাধীন সদস্য হিসেবে থাকছেন নাফিস মাহমুদ (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি)।