ঈদের ছুটিতে ইবি, বন্ধ আবাসিক হল

প্রায় ছয় মাস পর বাড়ি যাচ্ছি। ঈদ পরিবারের সঙ্গে পালন করবো। তবে ক্যাম্পাসের বন্ধুদের এই সময়টায় মিস করবো ভীষণ। ঈদের বাড়ি ফেরার পথে এভাবেই ক্যাম্পাস ছাড়ার অনুভূতি জানাচ্ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। ছুটিতে বন্ধ থাকবে আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে ১২ এপ্রিল সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

এদিকে করোনা মহামারির সময় গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। তবে এবার সংক্রমণ কম থাকায় এমন কোনও উদ্যোগ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় বাড়ি ফিরেছেন শিক্ষার্থীরা।  

সাইফুন্নাহার লাকি নামে এক শিক্ষার্থী জানান, ঈদ মানেই আনন্দ। তবে ক্যাম্পাসের বন্ধুদের জন্য কিছুটা মন খারাপ হবে। সবাই ভালোভাবে ঈদ করে সুস্থভাবে ফিরে আসুক এই প্রত্যাশাই করি।

এদিকে হল বন্ধ থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ল বডি ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ঈদে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।