ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করেন তারা। 

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় আগামীকাল বিকাল ৪টার মধ্যে সব ব্যর্থতার দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এর মধ্যে প্রক্টরকে অপসারণ না করা হলে বুধবার উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সাজিদ হত্যার পর সিআইডি ও বিভিন্ন তদন্ত কমিটি কাজ করছে বলা হলেও আজ পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টেও বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। প্রশাসনের ব্যর্থতার দায় প্রক্টরসহ সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম সচল থাকলেও সাজিদের হত্যার বিচার হচ্ছে না। ১৫ জুলাই আইসিটি সেল থেকে সিসিটিভির নিয়ন্ত্রণ প্রক্টর অফিসে নেওয়া হয়েছিল কেন—এর জবাব প্রশাসনকে দিতে হবে। সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়া, রুমের চাবি সাদ্দাম হোসেন হলের কোনও এক ছাত্রের কাছে থাকার কারণ এখনও স্পষ্ট করা হয়নি। সাজিদের মৃত্যুর পর প্রশাসন শুধু টালবাহানা করে যাচ্ছে। এই প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে সব ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর ড. শাহীনুজ্জামানকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন তাহলে প্রশাসন কর্তৃক তাকে অপসারণ করতে হবে। অন্যথায় বুধবার বেলা ১১টায় আমরা ভিসি কার্যালয় ঘেরাও করবো।’

তবে প্রক্টরের পদত্যাগের বিষয়টি ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্ত নয় উল্লেখ করে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের পদত্যাগের আলটিমেটাম ইবি ছাত্রদলের কোনও সাংগঠনিক সিদ্ধান্ত নয়।’

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহের সিসি ক্যামেরা মনিটরিং সিস্টেম আইসিটি সেল থেকে প্রক্টর অফিসে স্থাপনের বিষয়ে ১৫ জুলাই চিঠি ইস্যু করা হলেও আমরা চিঠি পেয়েছি ১৮ জুলাই। এখনও আইসিটি সেল মনিটরিং সিস্টেম প্রক্টর অফিসকে বুঝিয়ে দেয়নি। হলের সিসিটিভি ফুটেজ গায়েবের দায় হল প্রভোস্টের। সাজিদ ইস্যুতে সিআইডিকে আমার দফতর থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি। শিক্ষার্থীরা যেদিন চাইবে না এক মুহূর্তও আমি এই পদে থাকবো না।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘প্রক্টরের পদত্যাগের দাবি একান্তই ছাত্রদল আহ্বায়কের ব্যক্তিগত। আমরা এই দাবির সঙ্গে একমত নই। আমরা সাজিদ হত্যার বিচার চাই। কোন অদৃশ্য বলে বিচার আটকে আছে, তার উদঘাটন চাই।’

মানববন্ধনের আয়োজক বোরহান উদিন বলেন, ‘আমি প্রক্টরের পদত্যাগের দাবির সঙ্গে একমত নই। শুধু প্রক্টরের পদত্যাগ চেয়ে লাভ নেই। চাইলে পুরো প্রশাসনের পদত্যাগ চাইতে হবে। তা ছাড়া আজকে আমাকে প্রোগ্রামের আয়োজক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তবে আমি প্রোগ্রামের আয়োজক ছিলাম না। আমি শুধু প্রোগ্রামে অংশ নিয়েছি।’

গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। গত ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে জানা যায়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিরাপদ ক্যাম্পাস ও সাজিদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

/এএম/
সম্পর্কিত
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি