চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় ৪ জনকে বহিষ্কার

গত বছর দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। একই সঙ্গে যৌন নিপীড়ন সেলে থাকা আরও দুটি অভিযোগের সুরাহা করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন– আরবি বিভাগের জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভগের ইমন ও রাজু। তারা চার জনই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।’

তিনি বলেন, ‘যৌন নিপীড়ন সেলে থাকা তিনটি অভিযোগের সুরাহা করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এবং রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রী হেনস্তার শিকার হয়েছিলেন।