ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবির উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করায় আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কার আবু সিনহা আইবিএ’র ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টে আইবিএ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যেকার খেলার টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি শুরু হয়। এই সময় আইবিএ’র ছাত্রলীগ সভাপতি আবু সিনহার হাতে লাঞ্ছিত হন অধ্যাপক মোইজুর রহমান।

এই ঘটনায় ওই দিনই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে গতকাল আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কারের করে রাবি প্রশাসন। তবে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।