হলের ক্যানটিন বন্ধ, ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, ডাইনিংয়ের গ্যাস সংকট, লিফটের অচলাবস্থা, পানির ফিল্টার নষ্টসহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষ বরাবর অবগত করেছেন। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সমাধানে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই প্রতিবাদস্বরূপ হলের প্রাধ্যক্ষকে ‘মৃত’ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের বিভিন্ন স্থানে হলটির প্রাধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়াকে ‘মৃত’ ঘোষণা করে ছবিসহ বিজ্ঞপ্তি টানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তারা জানান, সূর্য সেন হলের শিক্ষার্থীরা প্রতিনিয়তই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। হলের ক্যানটিন বন্ধ, অপরিচ্ছন্ন টয়লেট, লিফট নষ্ট, খাবারের সমস্যাসহ সীমাহীন অভিযোগ তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হল প্রশাসনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা সমস্যার কথা জানালেও প্রশাসন বরাবরই ছিল গা-ছাড়া। এ অবস্থায় শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে দেয়ালে পোস্টার টানিয়ে এমন প্রতিবাদ জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘হলের অব্যবস্থাপনায় আমরা বিরক্ত। ক্যানটিন নষ্ট থাকায় আমাদের খাবারের সমস্যা হয়। এ ছাড়া এক মাস আগে হলে পচা খাবার পরিবেশনের ঘটনা আমরা সবাই জানি। তবু হল প্রশাসন সবকিছুতেই উদাসীন।’
এ বিষয়ে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘যে শিক্ষার্থীরা এ কাজ করেছে, আমরা তাদের খুঁজছি। কেন তারা এ কাজ করল। আমি নিয়মিত হল পরিদর্শন করি। হলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শিক্ষার্থীদের এ কাজ অসম্মানজনক ও অপরাধের শামিল বলেও মন্তব্য করেন প্রাধ্যক্ষ।
এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে ক্যাম্পাসে ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি প্রকাশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।