‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল পরিষ্কারে ছাত্রলীগের উদ্যোগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল পরিষ্কার করলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৫ মার্চ) বিকালে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উদ্যোগে এটি পরিষ্কার করা হয়।

জানা যায়, ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শাখা ছাত্রলীগ। তারই অংশ হিসেবে এটি পরিষ্কার করা হয়। এর আগে এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের মাঠ, বইমেলা প্রাঙ্গণ এবং স্মৃতিসৌধ পরিষ্কার করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শাহীন আলম বলেন, ‘বেশ কয়েকদিন ধরে ময়লা-আবর্জনা আর ধুলাবালিতে ম্যুরাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। যেহেতু সামনে ঐতিহাসিক ৭ মার্চ, তাই জাতির পিতার স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল পরিষ্কার করে আমরা উচ্ছ্বসিত।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ পিতা মুজিবের ম্যুরালের পাদদেশসহ চারপাশ পরিষ্কার করেছি। ছাত্রলীগ সব সময় সৃজনশীল এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে। আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পুরো ক্যাম্পাসকে ক্লিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।’

প্রসঙ্গত, ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালটির উদ্বোধন হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি। রাষ্ট্রপতি আবদুল হামিদ ম্যুরালটির উদ্বোধন করেন। স্থাপনাটির দৈর্ঘ্য সিঁড়িসহ ৫০ ফুট, প্রস্থ ৩৮ ফুট এবং উচ্চতা ৫ ফুট। বেদির ওপর নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির দৈর্ঘ্য ২৬ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। মূল প্রতিকৃতিটি রড ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। বেদিতে উঠার তিনটি সিঁড়ি এবং স্থাপনার তিন দিকে চলাফেরার জন্য অতিরিক্ত ১৫ ফুট করে চওড়া জায়গা রয়েছে। প্রতিকৃতির ডানপাশে ৪ ফুট চওড়া এবং ২০ ফুট উচ্চতার একটি দেয়াল রয়েছে। দেয়ালচিত্রটি খোদাই করা পাথর ও টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।