জাবিতে প্রক্সি দিতে গিয়ে আটক দুই যুবকের ১ বছরের কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে হয়ে পরীক্ষা (প্রক্সি) দেওয়ার অপরাধে আটক দুই যুবককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (১৯ জুন) রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দণ্ড প্রদান করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের শাস্তি দিয়েছেন। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা ও ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৩ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অপরাধী দুইজনই তাদের জরিমানা পরিশোধ করেছেন।

এর আগে, গত সোমবার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত তৃতীয় ও চতুর্থ শিফটে ‘বি’ ইউনিটের অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে দুই জনকে আটক করা হয়।

অভিযুক্তরা হলেন— সোহেল রানা (২৮) ও মোস্তাফিজুর রহমান শাকিল (২৩)। জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সোহেল এবং বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্র থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়।

সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। রাজশাহীর বাগমারা উপজেলায় তার বাড়ি। তিনি ত্রিশ হাজার টাকায় পরীক্ষা দিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন। অপরদিকে মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তিনি প্রতি ইউনিটের পরীক্ষার জন্য চল্লিশ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন।