বিদ্যুৎ সাশ্রয়ে ইবিতে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ। রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এ অবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সব শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষা সোমবার হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকল দফতরে চিঠি পাঠানো হয়েছে। হয়তো আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।’