সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আসছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আন্দোলন জোরদার করতে গত শনিবার (৬ জুলাই) সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকরা। তবে অসুস্থ যাত্রীদের দুর্ভোগ কমাতে জরুরি পাস রাখা হয়েছে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আজ বাংলা ব্লকেডের দ্বিতীয় দিন। আমাদের আন্দোলনের প্রভাব কালকে ঢাকাবাসী বুঝতে পেরেছে। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে এসে ৫৬ শতাংশ কোটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা কোটা পদ্ধতি বাতিল না সংস্কার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’
সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলন চলমান রয়েছে।