মধ্যরাতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার দিবাগত মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগান দিতে দেখা গেছে।

রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছেন। বিক্ষোভ শুরু হয় রাত ১১টার দিকে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে জিয়ামোড়ে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার; চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুজ আরেকবার, অ্যাকশন অ্যাকশন কোটার বিরুদ্ধে অ্যাকশন' স্লোগান দিতে থাকেন।

সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের অধিকারের জন্য লড়াই করেছেন, তখন পাকিস্তানের শাসকগোষ্ঠী তাকে ভারতের দালাল আখ্যা দিয়েছিল। কিন্তু তিনি সেটি উপেক্ষা করে অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছেন। আমরা আজ দুপুরে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে সরকারপ্রধানের বক্তব্য আমাদের হতাশ করেছে। আমাদের দাবিগুলো আমলে নিয়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর অনুরোধ করছি আমরা।