রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ৪ সংগঠনের নেতা আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিয়াশীল বামপন্থি ছাত্র সংগঠনের চার নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা হলেন- রাবি শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা আল-আশরাফ রাফি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল।

অপরদিকে অভিযুক্তরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগ কর্মী প্রিন্স হোসেন রাঈলসহ কয়েকজন।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করে বলেছেন, ‘আমরা কয়েকজন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন বাইকসহ এসে অতর্কিত হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। উক্ত ঘটনায় আমাদের কয়েকজন গুরুতর আহত হয়। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নিজের ওপর হামলার বিষয়ে ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, ছাত্রলীগের নেতারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা আমাকে মাটিতে ফেলে মারধর করে। এ ছাড়া অন্যদের চড়থাপ্পড় দেওয়ার পাশাপাশি একজনের শার্ট ছিঁড়ে দেয় এবং পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করে।

মারধরের বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আগে ক্যাম্পাসে ছিলাম। তবে আমি ছাত্রলীগের কর্মসূচি শেষ করে আমাদের রথ মেলায় চলে আসি। তখন আমি ক্যাম্পাসে ছিলাম না।’

এ ছাড়া আরেক অভিযুক্ত প্রিন্স হোসেন রাঈলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়ে এমন একটা ঘটনার কথা শুনেছি। আমরা এ বিষয়ে জানার চেষ্টা করছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়ে সন্ধ্যার পরে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।’