বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও সহিংসতায় সারা দেশে অন্তত ৬৭ জন শিশু-কিশোর নিহত হয়েছে। গ্রাফিতির মাধ্যমে তাদের নামের তালিকা তৈরি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাম ফর রোড চাইল্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে সংগঠনটির উদ্যোগে এই গ্রাফিতি অঙ্কন করা হয়।
দেয়ালে একটি গাছ অঙ্কিত এই গ্রাফিতির স্লোগান, ‘যে ফুল ফুটিবার আগেই ঝরে গেলো’। পাশাপাশি লেখা হয়েছে, ‘চব্বিশের গণআন্দোলনে নিহত ৬৭ জন শিশুর তালিকা’। গাছটির প্রতিটি পাতায় লেখা হয়েছে ৬৭ জন শিশু-কিশোরের নাম। যা প্রতিটি শিশু-কিশোরের স্মৃতি বহন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ৫৭ শিশুর মরদেহে গুলির চিহ্ন ছিল। এ ছাড়া দগ্ধ হয়ে মৃত্যু হয় ৯ কিশোরের। একজনের মৃত্যু হয়েছে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে।
গ্রাফিতি অঙ্কনের বিষয়ে সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার বলেন, ‘প্রতিটি শিশুই ফুলের মতো স্নিগ্ধ, পবিত্র এবং নিষ্পাপ। আগামীর শান্তি, সংস্কৃতি ও সভ্যতা নির্ভর করে শিশুদের ওপর। আজকের শিশুই আগামীর স্বপ্নময় বাংলাদেশের আলোর দিশারি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভ দমনের সময় ৬৭ জন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে, যা খুবই মর্মান্তিক। দেশের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা। হয়তো এদের মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাষ্ট্রনায়ক হতো। আমরা এই ফুলগুলোর স্মৃতি স্মরণে রাখতে এই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছি।’
উল্লেখ্য, ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশুমুক্ত’ স্লোগান নিয়ে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাম ফর রোড চাইল্ড সংগঠনের কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।