সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদেরও মামলার আসামি করা হয়। এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় এ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অন্তিক চৌধুরী, গণিত বিভাগের সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহবুবুল ইসলাম পবন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কিরন হাওলাদার।
সমাবেশে তারা বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় করা এক মামলায় ক্যাম্পাসের কিছু ছাত্রলীগের নেতাদের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের নাম দেওয়া হয়েছে। মামলার এজাহারে যেসব শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছে, তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।
তারা অভিযোগ করেন, আগের ফ্যাসিস্ট সরকার যেভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দিতো, এটিও ঠিক তেমনি একটি মামলা। দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের নাম সরিয়ে নিতে হবে। মামলার সঙ্গে কারা জড়িত ও কোন উদ্দেশ্যে করা হয়েছে তা শনাক্তের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি আমরা।
এর আগে গত রবিবার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে একটি মামলা হয়। এতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান, কয়েকজন নেতাসহ ৩১ জন শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের আট নেতাকর্মীসহ ৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলাটিতে অজ্ঞাতানামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।