জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, যারা ইসলামকে অনুসরণ করে তারাই মুসলিম উম্মাহ। অর্থাৎ, যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করে। আর যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করবে, তারা অবশ্যই ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য বিরাজ করছে। বিভেদ-বিভাজন আজ মুসলিমদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সত্যিকারে ইসলামি উম্মাহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তাহলেই কেবল নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণ সম্ভব। যেখানে কোনো সংঘাত, হানাহানি থাকবে না। যে সভ্যতায় কেবলই শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে।
জাবির ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানি।
এ ছাড়া সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।